রাজধানীতে ডিএনসির অভিযানে মাদক জব্দ, গ্রেপ্তার ৪

আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ পিএম

রাজধানীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের পৃথক অভিযানে ২০০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস), ২ হাজার ৯৫০ পিস ইয়াবা, ১০০ গ্রাম ইয়াবার গুঁড়া, সাড়ে ৭ কেজি গাঁজা ও ২ গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে। এসব ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া দুজন পালিয়ে গেছেন।

সোমবার (১৬ নভেম্বর) মতিঝিল, ডেমরা ও খিলগাঁও সার্কেল এসব অভিযান পরিচালনা করে।

ডিএনসি সূত্রে জানা যায়, মতিঝিল সার্কেলের অভিযানে ২০০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) ও ৪০০ পিস ইয়াবাসহ মো. আতিকুর রহমান (৩২) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। উপপরিচালক মো. আনোয়ার হোসেনের সার্বিক তত্ত্বাবধানে পরিদর্শক মুহম্মদ সাজেদুল আলমের নেতৃত্বে যাত্রাবাড়ী থানার দক্ষিণ কাজলা নয়ানগর এলাকার চেয়ারম্যান ভবনের একটি ফ্ল্যাটে অভিযান চালানো হয়। এ সময় ফ্ল্যাটের একটি কাঠের আলমারির ড্রয়ার থেকে চারটি স্বচ্ছ জিপারে রাখা ৫০ গ্রাম করে মোট ২০০ গ্রাম আইস এবং দুটি নীল জিপারে রাখা ৪০০ পিস ইয়াবা জব্দ করা হয়।

ডিএনসির দাবি, গ্রেপ্তার আতিকুর রহমান দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক মাদক চক্রের সঙ্গে জড়িত। তিনি টেকনাফ থেকে আইস ও ইয়াবা এনে ঢাকার বিভিন্ন মাদক ব্যবসায়ীর কাছে সরবরাহ করতেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

অন্যদিকে, ডেমরা সার্কেলের অভিযানে ২ হাজার পিস ইয়াবা ও ১০০ গ্রাম ইয়াবার গুঁড়াসহ অমূল্য কুমার রায় (৪০) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। উপপরিচালক মো. আনোয়ার হোসেনের তত্ত্বাবধানে পরিদর্শক মো. ফজলুল হক খানের নেতৃত্বে কোতোয়ালী থানার সদরঘাটের ৪/২ বি সিমসন রোডে আমিন ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টের সামনে অভিযান চালানো হয়। এ সময় তাঁর বহন করা একটি কালো শপিং ব্যাগ থেকে এসব মাদক জব্দ করা হয়।

ডিএনসি জানায়, জিজ্ঞাসাবাদে অমূল্য কুমার রায় টেকনাফ থেকে ইয়াবা এনে ঢাকার বিভিন্ন মাদক ব্যবসায়ীর কাছে সরবরাহ করার কথা স্বীকার করেছেন। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

এ ছাড়া খিলগাঁও সার্কেলের পৃথক অভিযানে সাড়ে ৭ কেজি গাঁজা, ৫৫০ পিস ইয়াবা ও ১০ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়েছে। এ ঘটনায় রিনা বেগম (৩০) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অপর দুই আসামি শরমিন আক্তার (৩১) ও মো. জিন্নাতুল ইসলাম (৩৫) পলাতক রয়েছেন। খিলগাঁও থানার মেরাদিয়া রজব আলী বাদশা সড়ক এলাকায় একটি বসতঘরে অভিযান চালিয়ে এসব মাদক ও টাকা জব্দ করা হয়।

একই সার্কেলের আরেকটি অভিযানে মুগদা থানার উত্তর মুগদাপাড়া ঝিলপাড় এলাকা থেকে ২ গ্রাম হেরোইনসহ মো. রোহান (২০) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

ডিএনসির ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের তথ্য অনুযায়ী, তিন সার্কেলের এসব অভিযানে মোট চারজন গ্রেপ্তার ও দুজন পলাতক রয়েছেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত