মজুরি বোর্ড চেয়ারম্যান বললেন

পোশাকশ্রমিকদের বর্ধিত বেতন ১ ডিসেম্বর থেকেই

আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ০৬:৫৬ এএম

ন্যূনতম মজুরি বোর্ড চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী বলেছেন, ঘোষণা যখনই আসুক, পোশাকশ্রমিকদের বর্ধিত বেতন ১ ডিসেম্বর থেকেই কার্যকর করা হবে। পোশাকশিল্পের জন্য গঠিত নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত করার বিষয়ে কোনো চাপ ছিল না। একজন প্রতিনিধি অসুস্থ থাকায় বোর্ডের সভা স্থগিত করা হয়েছে। গতকাল মঙ্গলবার পোশাকশিল্পের অস্থিরতা নিয়ে নিম্নতম মজুরি বোর্ডের সভাকক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী এ কথা জানান।

তিনি বলেন, আগামী ২৩ নভেম্বর সভাটি অনুষ্ঠিত হবে। এ সময় তিনি মজুরি নিয়ে কোনো ভুয়া তথ্য বা বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে বিশৃঙ্খলা না করার জন্য প্রমিকদের প্রতি আহ্বান জানান। চেয়ারম্যান বলেন, ঘোষণা যখনই আসুক, নিম্নতম মজুরি ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে।

এর আগে গতকাল মঙ্গলবার পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের নিম্নতম মজুরি হার নির্ধারণের সুপারিশ করতে ন্যূনতম মজুরি বোর্ডের স্থগিত করা তৃতীয় সভার নতুন সূচি ঘোষণা করা হয়। বলা হয়, আগামী ২৩ নভেম্বর (সোমবার) বেলা ১১টায় মজুরি বোর্ড কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হবে। গার্মেন্টসশিল্পে নিয়োজিত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীদের নিম্নতম মজুরি হারের সুপারিশ প্রণয়নের জন্য এ সভা অনুষ্ঠিত হবে।

পূর্বঘোষণা অনুযায়ী গত ১৬ নভেম্বর উল্লেখিত বোর্ডের তৃতীয় সভাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ওইদিন সকালে মজুরি বোর্ড সচিব রাইসা আফরোজ স্বাক্ষরিত এক নোটিসে অনিবার্য কারণ দেখিয়ে মজুরি বোর্ডের তৃতীয় সভাটি স্থগিত করা হয়েছিল।

গতকাল নোটিসে মজুরি বোর্ড জানায়, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩৯ ধারা মোতাবেক ‘গার্মেন্টস’ শিল্প সেক্টরে নিযুক্ত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীদের নিম্নতম মজুরি হার নির্ধারণে সুপারিশ প্রণয়ন সম্পর্কিত বোর্ডের তৃতীয় সভা ২৩ নভেম্বর সোমবার বেলা সাড়ে ১১টায় বোর্ডের সভাকক্ষে অনুষ্ঠিত হবে। বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী সভাপতিত্ব করবেন। সভায় বোর্ডের সব সদস্যকে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছে।

মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকদের আন্দোলনের মুখে গত ১ নভেম্বর সরকার ন্যূনতম মজুরি বোর্ড গঠন করে। গত ৪ ও ৮ নভেম্বর বোর্ডের ২টি সভা অনুষ্ঠিত হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত