দুই বছরের বেশি সময় আত্মগোপনে থাকার পর রাজধানীর বারিধারা থেকে গ্রেপ্তার হয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকন। গতকাল মঙ্গলবার সকাল ৭টার দিকে বারিধারার ৯ নম্বর সড়কের ১৩ নম্বর বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১)। পরে তাকে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ডিবি তাকে আদালতে হাজির করে রিমান্ড দাবি করলে সাত দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। তবে এত দিন তিনি দেশেই আত্মগোপনে ছিলেন, নাকি ডিসেম্বর কেন্দ্র করে বিদেশ থেকে ঢাকায় ফিরেছেন, সে বিষয়ে নিশ্চিত হতে পারেননি গোয়েন্দারা।
ডিবির ধারণা, সম্প্রতি বারিধারায় বোনের ফ্ল্যাটটিতে উঠেছিলেন সাঈদ খোকন। কারণ, তিন মাস আগে ওই ফ্ল্যাটে অভিযান চালিয়েও তাকে পায়নি ডিবির একটি দল। আত্মগোপনে থাকতে চুল-দাড়ি বড় করে চেহারায় পরিবর্তন এনেছিলেন তিনি।
গতকাল ৯ তলাবিশিষ্ট ওই আলিশান বাড়িতে গিয়ে দেখা যায়, প্রধান ফটকের সামনে রয়েছে নিরাপত্তাকর্মীদের কক্ষ। সেখানে দায়িত্বরত নিরাপত্তাকর্মী মো. রুহুল বলেন, ভবনের একতলায় থাকেন সাঈদ খোকনের মা ফাতেমা খাতুন। একজন গৃহকর্মী তার দেখাশোনা করেন। তিনি অসুস্থ এবং অনেকটাই শয্যাশায়ী। অষ্টম তলায় থাকেন সাঈদ খোকনের বোন শাহানা হানিফ ও তার স্বামী জাবেদ আহমেদ। সাঈদ খোকন কবে ওই বাসায় এসেছেন, তা তারা জানেন না। তাকে কখনো বাসা থেকে বের হতেও দেখা যায়নি। তবে শাহানা হানিফ ও তার স্বামী বাসায় না থাকায় তাদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
একাধিক সূত্র জানিয়েছে, গত দুই দিন সন্ধ্যার পর ওই বাসায় খাবারের পার্সেল গেছে। গত সোমবার সন্ধ্যা ৭টা ও রাত ১০টায় দুই দফায় খাবার যায়। অষ্টম তলার গৃহকর্মী নিচে নেমে পার্সেল গ্রহণ করতেন। খাবার সরবরাহকারীদের নগদ টাকা পরিশোধ করা হতো। পার্সেলে আসা খাবারই খেতেন সাঈদ খোকন। তিনি কখনো বাসার নিচে কিংবা জানালার কাছে আসতেন না।
সকালে এসআরবির সদস্যরা বাড়িটি ঘিরে ফেলেন। তখনো বাড়ির কেউ বুঝতে পারেননি, সেখানে সাঈদ খোকন লুকিয়ে আছেন। দ্রুত তাকে গাড়িতে তোলা হয়। সে সময় নিচে নেমে আসেন তার বোন শাহানা হানিফ ও ভগ্নিপতি জাবেদ আহমেদ। সাঈদ খোকনকে নিয়ে যাওয়ার পর তারা নিজেদের গাড়িতে বেরিয়ে যান। বিকেল পর্যন্ত আর বাসায় ফেরেননি। তবে সাঈদ খোকনের স্বজন পরিচয়ে কয়েকজন ওই বাড়িতে গিয়ে জানান, তারা জানতেন তিনি সৌদি আরবে আছেন।
বাড়িটির এক গাড়িচালক নাম প্রকাশ না করার শর্তে বলেন, দুই দিন আগে একজন পুলিশ সুপারের (এসপি) দেহরক্ষী পরিচয়ে এক ব্যক্তি ওই বাসায় যান। বেরিয়ে তিনি অন্যদের জানান, তার স্যারের মাকে দেখাশোনার জন্য একজন গৃহকর্মী প্রয়োজন, এ বিষয়েই কথা বলতে এসেছেন। তবে ওই ব্যক্তি আসলে কে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। উত্তরা থেকে এসে সাঈদ খোকনের পরিবারের জন্য গৃহকর্মী খোঁজার বিষয়টি রহস্যজনক বলে মনে করেন ওই চালক। এমন অজুহাতে আরও কেউ সাঈদ খোকনের সঙ্গে দেখা করতে বাসায় এসে থাকতে পারেন বলে সন্দেহ করা হচ্ছে।
ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম বলেন, তাকে জিজ্ঞাসাবাদ করার মতো সময় পাওয়া যায়নি। রিমান্ড আবেদন করে দ্রুত আদালতে পাঠানো হয়েছে। রিমান্ডে জিজ্ঞাসাবাদে বিস্তারিত তথ্য বেরিয়ে আসবে।
জুলাই আন্দোলনের সময় ধানম-িতে কিশোর মোতালেব হত্যা মামলায় সাঈদ খোকনকে গ্রেপ্তার দেখিয়ে ১০ দিনের রিমান্ড-আবেদন করে পুলিশ। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালতে শুনানি শেষে তার সাত দিনের রিমান্ড মঞ্জুর হয়। রিমান্ড-আবেদনে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে অর্থ ও অস্ত্রের জোগান, পলাতক আওয়ামী লীগ নেতাকর্মীদের অবস্থান এবং তাদের সঙ্গে যোগাযোগের বিষয়ে জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।