সহজ শর্তে জলবায়ু অর্থায়নে জোর বাংলাদেশের

আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ০৭:১৬ এএম

জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা উন্নয়নশীল দেশগুলোর জন্য অনুদানভিত্তিক ও সহজ শর্তে জলবায়ু অর্থায়ন নিশ্চিত করা, প্রযুক্তি হস্তান্তর সহজতর করা এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ, ২০ হাজার কিলোমিটার খাল ও নদী খনন, বর্জ্য ব্যবস্থাপনায় থ্রি আর পদ্ধতির সম্প্রসারণ এবং ম্যানগ্রোভ পুনরুদ্ধারে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হয়েছে। গতকাল মঙ্গলবার তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ৩১-এর সাইডলাইনে অনুষ্ঠিত তিনটি পৃথক আন্তর্জাতিক অধিবেশন ও অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষ থেকে এসব প্রস্তাব ও উদ্যোগ তুলে ধরেন প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ।

অনুষ্ঠানে ডি-৮ সদস্যরাষ্ট্রগুলোর মধ্যে সহযোগিতা জোরদারের আহ্বান জানানো হয়। ‘ফ্রম ইস্তানবুল টু আনতালিয়া : ডি-৮ পার্টনারশিপ ইন ক্লাইমেট ইমপ্লিমেন্টেশন’ শীর্ষক ডি-৮ জলবায়ুবিষয়ক উচ্চপর্যায়ের মন্ত্রীপর্যায়ের অধিবেশনে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় সদস্যরাষ্ট্রগুলোর মধ্যে সহযোগিতা সম্প্রসারণ, যৌথ অঙ্গীকার

বাস্তবায়ন এবং দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা জোরদারে এ আহ্বান করা হয়।

অধিবেশনে জলবায়ু ও পরিবেশবিষয়ক সহযোগিতার আনতালিয়া মন্ত্রীপর্যায়ের কর্মপরিকল্পনায় বাংলাদেশের প্রস্তাবিত সংশোধনীসমূহ উপস্থাপন করা হয়। এতে জলবায়ু সংক্রান্ত যৌথ অঙ্গীকারকে বাস্তবভিত্তিক কার্যক্রমে রূপান্তর এবং জলবায়ু সহনশীলতা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সদস্যরাষ্ট্রগুলোর সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়।

বাংলাদেশের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলা ও পরিবেশ সংরক্ষণে গৃহীত বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হয়। এসব উদ্যোগের মধ্যে রয়েছে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় জলবায়ু অর্থায়ন কমিটি গঠন, বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টকে শক্তিশালীকরণ, খাল পুনরুদ্ধার, উপকূলীয় সুরক্ষা ব্যবস্থা জোরদারকরণ, ম্যানগ্রোভ বন পুনরুদ্ধার এবং আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি। এ ছাড়া জলবায়ু সহনশীল কৃষিব্যবস্থার উন্নয়ন, নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ এবং চক্রাকার অর্থনীতির বিকাশে সরকারের অগ্রাধিকার তুলে ধরা হয়।

এ ছাড়া ডি-৮ সদস্যরাষ্ট্রগুলোর মধ্যে জলবায়ু ও পরিবেশবিষয়ক সহযোগিতা কার্যকর ও ফলাফলভিত্তিক করতে বাংলাদেশ ডি-৮ পরিবেশ ও জলবায়ু সহযোগিতা প্ল্যাটফর্ম কার্যকরকরণ, সদস্যরাষ্ট্রগুলোর মনোনীত বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি কারিগরি টিম গঠন এবং ২০২৭-২০৩০ মেয়াদের জন্য বাস্তবায়নযোগ্য ও ফলভিত্তিক রোডম্যাপ প্রণয়নের প্রস্তাব করে।

বর্জ্য ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগ গ্রহণের লক্ষ্যে বর্জ্য উৎপাদন হ্রাস, উৎস পর্যায়ে বর্জ্য পৃথকীকরণ, পুনর্ব্যবহার ও পুনঃপ্রক্রিয়াজাতকরণ কার্যক্রম সম্প্রসারণের প্রস্তাব করা হয়। এ ছাড়া কম্পোস্ট, বায়োগ্যাস এবং বর্জ্য থেকে ব্যবহারযোগ্য উপকরণ পুনরুদ্ধারে সদস্যরাষ্ট্রগুলোর মধ্যে যৌথ পরীক্ষামূলক প্রকল্প গ্রহণের আহ্বান জানানো হয়। জনস্বাস্থ্য ও পরিবেশগত সুরক্ষা, নিঃসরণ নিয়ন্ত্রণ এবং অনানুষ্ঠানিক বর্জ্যকর্মীদের জীবিকার সুরক্ষা নিশ্চিত করে উপযুক্ত অবশিষ্ট বর্জ্য থেকে জ্বালানি পুনরুদ্ধারের সম্ভাবনা মূল্যায়নের বিষয়টিও প্রস্তাবে অন্তর্ভুক্ত করা হয়।

ডি-৮ জলবায়ুবিষয়ক অধিবেশনে তুরস্কের পরিবেশ, নগরায়ণ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী ও কপ৩১ সভাপতি মুরাত কুরুম, ডি-৮ সংস্থার মহাসচিব রাষ্ট্রদূত সোহাইল মাহমুদসহ ডি-৮ সদস্যরাষ্ট্রগুলোর মন্ত্রী ও উচ্চপর্যায়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

বর্জ্য ব্যবস্থাপনায় থ্রি আর, ২৫ কোটি বৃক্ষরোপণ ও ২০ হাজার কিলোমিটার খাল-নদী খনন : একই দিন কপ৩১-এর বাংলাদেশ প্যাভিলিয়নে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট আয়োজিত ‘ক্লাইমেট ফাইন্যান্স অ্যান্ড বাংলাদেশ রেডিনেস : বিসিসিটি স্ট্র্যাটেজিক প্ল্যান ২০২৬-২০৩০’ শীর্ষক সাইড ইভেন্টে ড. সাইমুম পারভেজ বলেন, পরিবেশ দূষণ হ্রাস ও সম্পদের টেকসই ব্যবহার নিশ্চিত করতে বর্জ্য ব্যবস্থাপনায় থ্রি আর (জবফঁপব, জবঁংব, জবপুপষব) অর্থাৎ বর্জ্য উৎপাদন হ্রাস, পুনর্ব্যবহার ও পুনঃপ্রক্রিয়াজাতকরণ পদ্ধতির সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।

ড. সাইমুম পারভেজ বলেন, পরিবেশদূষণ নিয়ন্ত্রণ, বর্জ্য উৎপাদন হ্রাস এবং সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে বর্জ্য উৎপাদন কমানো, ব্যবহারযোগ্য উপকরণ পুনর্ব্যবহার এবং পুনঃপ্রক্রিয়াজাতকরণের মাধ্যমে সম্পদের অপচয় রোধে থ্রি আর পদ্ধতির কার্যকর প্রয়োগ ও সম্প্রসারণ প্রয়োজন।

তিনি সরকারের ২৫ কোটি বৃক্ষরোপণ এবং ২০ হাজার কিলোমিটার খাল ও নদী খননের উদ্যোগ তুলে ধরে বলেন, এসব কার্যক্রম সবুজ আচ্ছাদন বৃদ্ধি, প্রাকৃতিক পানিপ্রবাহ পুনরুদ্ধার, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জলবায়ু সহনশীলতা বৃদ্ধি ও পরিবেশ সংরক্ষণে এসব উদ্যোগ বাস্তবায়নের ওপর তিনি গুরুত্বারোপ করেন।

ম্যানগ্রোভ পুনরুদ্ধার ও ব্লু কার্বন পর্যবেক্ষণে যৌথ উদ্যোগের প্রস্তাব : কপ৩১-এর সাইডলাইনে আরেক অনুষ্ঠানে ম্যানগ্রোভ অ্যালায়েন্স ফর ক্লাইমেটের চতুর্থ মন্ত্রীপর্যায়ের বৈঠকে বাংলাদেশের পক্ষে তিনটি অগ্রাধিকার তুলে ধরেন ড. সাইমুম পারভেজ। এগুলো হলো ম্যানগ্রোভ পুনরুদ্ধারে মাঠপর্যায়ের অভিজ্ঞতা বিনিময়, বন পুনরুদ্ধার ও ব্লু কার্বন পর্যবেক্ষণে সামঞ্জস্যপূর্ণ পদ্ধতি তৈরি এবং দুই বা ততোধিক সদস্য দেশের অংশগ্রহণে অর্থায়নের উপযোগী যৌথ প্রকল্প প্রস্তুত।

সংযুক্ত আরব আমিরাতের আহ্বানে অনুষ্ঠিত বৈঠকে বিভিন্ন দেশের মন্ত্রীপর্যায়ের প্রতিনিধি ও উচ্চপদস্থ কর্মকর্তারা অংশ নেন। সংযুক্ত আরব আমিরাত ও ইন্দোনেশিয়ার যৌথ নেতৃত্বে পরিচালিত এই অ্যালায়েন্স ম্যানগ্রোভ সংরক্ষণ ও পুনরুদ্ধারের মাধ্যমে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কাজ করছে। ২০২৬ সালের জানুয়ারিতে প্রকাশিত ইন্দোনেশিয়ার সরকারি তথ্য অনুযায়ী, অ্যালায়েন্সটির সদস্য দেশের সংখ্যা ৪৭টি

বৈঠক আয়োজনের জন্য সংযুক্ত আরব আমিরাতকে ধন্যবাদ জানান ড. সাইমুম পারভেজ। তিনি বলেন, সদস্য দেশগুলোর অভিজ্ঞতাকে এমন যৌথ প্রকল্পে রূপ দিতে হবে, যা উপকূল রক্ষা করবে এবং ম্যানগ্রোভনির্ভর মানুষের জীবন ও জীবিকার উন্নয়ন ঘটাবে।

বাংলাদেশ ও ভারতের মধ্যে বিস্তৃত বিশ্বের বৃহত্তম অবিচ্ছিন্ন ম্যানগ্রোভ বন সুন্দরবনের গুরুত্ব তুলে ধরে তিনি জানান, এই বন জলোচ্ছ্বাসের প্রভাব কমায়, মাছের প্রজনন ও বেড়ে ওঠার আবাসস্থল হিসেবে কাজ করে এবং গাছ ও মাটিতে কার্বন সঞ্চয় করে। উপকূলীয় পরিবারের ঘরবাড়ির নিরাপত্তা ও আয়ের নিশ্চয়তার সঙ্গে সুন্দরবনের সুস্থতা নিবিড়ভাবে সম্পর্কিত।

ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে পাঁচ বছরে দেশজুড়ে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি তুলে ধরেন। তিনি উপকূলে বিদ্যমান ম্যানগ্রোভ সংরক্ষণ, প্রাকৃতিক পুনর্জন্মে সহায়তা এবং উপযুক্ত স্থানে দেশীয় প্রজাতির গাছ লাগানোর ওপর গুরুত্ব দেন। খাল পুনর্বাসন ও উপকূলীয় সুরক্ষার উদ্যোগ সমন্বিতভাবে বাস্তবায়ন করলে পানি নিষ্কাশন, বসতি সুরক্ষা ও উপকূলীয় জীবিকা আরও শক্তিশালী হবে বলে উল্লেখ করেন তিনি।

বৈঠকে সংযুক্ত আরব আমিরাতের জলবায়ু পরিবর্তন ও পরিবেশমন্ত্রী ড. আমনা বিনতে আবদুল্লাহ আল দাহাক আল শামসি, ইন্দোনেশিয়ার উপপরিবেশমন্ত্রী দিয়াজ ফয়সাল মালিক হেন্দ্রোপ্রিয়োনো, মালদ্বীপের পরিবেশমন্ত্রী থোরিক ইব্রাহিম এবং বেলজিয়ামের জলবায়ু ও পরিবেশবিষয়ক বিশেষ দূত রাষ্ট্রদূত উইলেম ভ্যান ডি ভোর্দেসহ বিভিন্ন দেশের মন্ত্রী, উচ্চপদস্থ কর্মকর্তা ও প্রতিনিধিরা অংশ নেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত