স্পনসরশিপ জটিলতা, আর্থিক অনিয়মের অভিযোগ এবং ইমেজ রাইটস নিয়ে সৃষ্ট দীর্ঘমেয়াদী দ্বন্দ্বের জেরে এবার আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন আটবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা। দেশের জার্সিতে মাঠের পারফরম্যান্সে রেকর্ড বই ওলটপালট করা মেসি এখন ফেডারেশনের বাণিজ্যিক কার্যক্রমে নিজের নাম ও ছবি ব্যবহার নিষিদ্ধ করতে আইনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন।
সংকট ও টানাপোড়েনের এই সূচনার মূলে রয়েছে ব্যক্তিগত স্পনসরদের সঙ্গে ফেডারেশনের স্বার্থের সংঘাত। দেশটির গণমাধ্যম ক্লারিনের এক বিশেষ প্রতিবেদনের সূত্রমতে, গত বিশ্বকাপের সময় ব্যক্তিগত স্পনসর আমেরিকান ব্র্যান্ড ‘মিশেলব’-এর সঙ্গে চুক্তি থাকা সত্ত্বেও স্থানীয় একটি বিয়ার ব্র্যান্ডের বিজ্ঞাপনে মেসির ছবি ব্যবহার করেছিল এএফএ। ফলে বারবার বাণিজ্যিকভাবে অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে হয়েছে মেসি ও তাঁর পরিবারকে, যাঁদের কোনো নিয়ন্ত্রণই ছিল না ফেডারেশনের বাণিজ্যিক সিদ্ধান্তের ওপর।
এর পাশাপাশি ফেডারেশনের সভাপতি ক্লদিও তাপিয়া এবং কোষাধ্যক্ষ পাবলো তোভিগিনোর বিরুদ্ধে আর্থিক অস্বচ্ছতা ও বিদেশি কোম্পানির মাধ্যমে অর্থ গোপনের তদন্ত চলায় নিজের সুনাম রক্ষার্থে ফেডারেশন থেকে নিজেকে সম্পূর্ণ দূরে সরিয়ে রাখতে চাইছেন ইন্টার মায়ামি ফরোয়ার্ড।
দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে আর্জেন্টিনাকে ২০২২ সালের বিশ্বকাপ ও দুটি কোপা আমেরিকা জেতানো কিংবদন্তি এখন নিজের ইমেজ অধিকার রক্ষায় শক্ত অবস্থান নিয়েছেন। ইতিমধ্যেই আইনি দল গঠন করে ফেডারেশনের বাণিজ্যিক কার্যক্রমে মেসির নাম, ছবি ও ভিডিও ব্যবহার বন্ধের একটি আনুষ্ঠানিক নোটিশ প্রস্তুত করা হয়েছে।
যদিও নোটিশটি ইতিমধ্যে জমা পড়েছে নাকি কেবল প্রস্তুত রাখা হয়েছে, তা নিয়ে দেশটির গণমাধ্যমে ভিন্নমত রয়েছে। তবে এই জটিল পরিস্থিতির মাঝেই আগামী ১৯ জানুয়ারি ক্লাব ইন্টার মায়ামির হয়ে প্রীতি ম্যাচে রিভার প্লেটের মুখোমুখি হওয়ার কথা রয়েছে ফুটবলের জাদুকরী এই তারকার।
ফুটবল সবসময় জেতা যায় না, তবে বছরটা ইতিবাচক: স্কালোনি