চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুই ট্রাকের সংঘর্ষ, আহত ৪

আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ০২:৪০ পিএম

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন গুরুতর আহত হয়েছেন। বুধবার (১৮ নভেম্বর) দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে উপজেলার হাশিমপুর ইউনিয়নের বাগিছাহাট খাঁন বটতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দোহাজারী থেকে আসা মুরগির বাচ্চা বহনকারী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা গাজী পানির ট্যাংকবাহী অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক দুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। দুই ট্রাকের চালক ও সহকারী গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। দুর্ঘটনার কারণে মহাসড়কের ওই অংশে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে দোহাজারী হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি উদ্ধার করলে যান চলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়ে দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আবছার বলেন, দুপুরে খাঁন বটতল এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের খবর পেয়ে আমাদের টিম দ্রুত ঘটনাস্থলে যায়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত