পাবনাবাসীর স্বপ্ন পূরণ, চালু হচ্ছে ঢাকা-পাবনা আন্তঃনগর ট্রেন

আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ০৫:০৭ পিএম

পাবনাবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্ন অবশেষে পূরণ হতে যাচ্ছে । আগামীকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে চালু হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ঢাকা-পাবনা সরাসরি আন্তঃনগর ট্রেন সার্ভিস।

রেলপথ সচিব মো. ফাহিমুল ইসলামের সভাপতিত্বে ট্রেন উদ্বোধন করবেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ সরকারের রেলমন্ত্রী শেখ রবিউল আলম। এসময় অন্যদের মধ্যে উপস্থিত থাকবেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলী আসগার এমপি ও পাবনা ৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ স্থানীয় নেতারা। এই খবরে পুরো জেলাজুড়ে বইছে এখন আনন্দের বন্যা, উচ্ছ্বসিত হয়ে উঠেছেন সর্বস্তরের মানুষ।

​রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী জানান, আগামী (১৯ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় পাবনা উদ্বোধনী এক্সপ্রেস নামে ট্রেনটি পাবনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। পরদিন ২০ নভেম্বর থেকে বাণিজ্যিকভাবে চলাচল শুরু করবে। সেদিন থেকে পাবনা গোধূলি এক্সপ্রেস ঢাকা থেকে বিকেল ৩টা ২৫ মিনিটে পাবনার উদ্দেশে এবং পাবনা প্রভাতী এক্সপ্রেস পাবনা থেকে সকাল ৮টায় ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। ঢাকা-পাবনা-ঢাকা রুটে নিয়মিত চলাচলকালে ট্রেন দুইটি ঈশ্বরদী, চাটমোহর, বড়ালব্রিজ, উল্লাপাড়া, শহীদ এম.এ মনসুর আলী, টাঙ্গাইল, জয়দেবপুর ও ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি দেবে। এর ফলে পাবনাবাসীর দীর্ঘদিনের যাতায়াত ভোগান্তি লাঘব হবে এবং রাজধানীর সঙ্গে সরাসরি ও নিরাপদ রেল যোগাযোগ স্থাপিত হবে।

​নতুন এই আন্তঃনগর ট্রেন চালুর খবরে পাবনা স্টেশন এলাকায় এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। স্থানীয় ব্যবসায়ী, শিক্ষার্থী ও সাধারণ যাত্রীরা জানান, সড়কপথে দীর্ঘ যানজট ও ভোগান্তি পেরিয়ে ঢাকায় যাতায়াত করা ছিল অত্যন্ত কষ্টসাধ্য। সরাসরি ট্রেন চালু হওয়ায় সময় ও অর্থ উভয়ই সাশ্রয় হবে। পাশাপাশি জেলার ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতিতেও নতুন গতির সঞ্চার হবে বলে আশা করছেন তারা।

পাবনা প্রেস ক্লাবের সম্পাদক জহুরুল ইসলাম  জানান, আগামীকাল দীর্ঘদিনের প্রতিক্ষিত রেল চালু হতে যাচ্ছে। এতে করে পাবনাবাসী খুব আন্দিত। তিনি জানান, শুধু এখানেই যেন থেমে না থাকে। আমরা আগামীতে দক্ষিণ ও উত্তর অঞ্চলে যোগাযোগের জন্য আরও আন্তঃনগর ট্রেন চাই।

আহেদ আলী বিশ্বাস স্কুলের প্রধান শিক্ষক রয়েল বিশ্বাস জানান, ট্রেনটি চালু হওয়ায় পাবনাবাসীর দীর্ঘদিনের কষ্ট লাঘব হবে। এবং সড়কপথে দীর্ঘ যানজট এবং দুর্ঘটনার ঝুঁকি এড়িয়ে পাবনাবাসী অত্যন্ত নিরাপদে ও আরামে রাজধানী ঢাকায় যাতায়াত করতে পারবে। বিশেষ করে নারী, শিশু, বয়স্ক ও অসুস্থ রোগীদের জন্য এটি বড় স্বস্তির কারণ হবে বলে জানান তিনি।

​পাবনা শালগাড়ীয়া এলাকার বাসিন্দা মাসুম জানান, বাসের তুলনায় ট্রেনের ভাড়া সাধারণত সাশ্রয়ী। পাশাপাশি নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছানোর নিশ্চয়তা থাকায় কর্মজীবী ও সাধারণ যাত্রীদের মূল্যবান সময় বাঁচবে। তিনি জানান, এছাড়াও পাবনা থেকে বিপুলসংখ্যক শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য ঢাকায় যাতায়াত করেন। তাছাড়া উন্নত চিকিৎসার জন্যও মানুষকে নিয়মিত রাজধানীতে যেতে হয়। সরাসরি ট্রেন চালু হওয়ায় শিক্ষার্থী ও রোগীদের ভোগান্তি অনেকাংশেই কমে যাবে বলে মনে করছেন তিনি।

রেল মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম জানান, আমরা অনেক আগেই জোড়া তালি দিয়ে ঢাকা-পাবনা ট্রেন চালু করতে পারতাম কিন্তু পাবনাবাসীর আবেগের প্রতি শ্রদ্ধারেখে, আমরা চেয়েছি সম্পূর্ণ নতুন কোচ দিয়ে এই রুটে ট্রেন চালু করা। প্রধানমন্ত্রীর সম্মতিতে সেটি বাস্তবায়িত হওয়ায় আমরাও আন্দিত।  

এ বিষয়ে পাবনা-৫ আসনের সাংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, সম্মিলিতভাবে পাবনার মানুষ এটা চেয়েছে। বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থার যুগান্তকারী পরিবর্তনের জন্য যে প্রকল্প গৃহীত হয়েছে, বর্তমান সরকারের পরিকল্পনা ও যুগান্তকারী পদক্ষেপের সুফল আজ আমরা পাচ্ছি।

 


সর্বশেষ সর্বাধিক পঠিত