সুন্দরবনে সক্রিয় বনদস্যু বাহিনীগুলোর কাছে খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী সরবরাহের অভিযোগে খুলনার কয়রা থেকে দুই ব্যক্তিকে আটক করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে উপজেলার ছোট আংটিহারা এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় চাল, তেল, সিগারেট, মুঠোফোনসহ ১৯ ধরনের সামগ্রী জব্দ করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন— ছোট আংটিহারা গ্রামের মো. রুহুল কুদ্দুস শেখের ছেলে মো. ফরিদুজ্জামান (৩১) এবং ঘড়িলাল মোল্লাপাড়া গ্রামের মো. দাউদ আলী গাজীর ছেলে মো. রিপন হোসেন (২৪)।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে কয়রা থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল আলম।
পুলিশ জানায়, সুন্দরবনে সক্রিয় সালাম, মঞ্জু, অলী, ফজলু, মিঠু ভাই, বাম্বা, ছাত্তার ও আমির আলী বাহিনীর সঙ্গে লোকালয়ের কিছু ব্যক্তির যোগাযোগ রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসব ব্যক্তি বনদস্যুদের খাবার, পানি ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করে আসছেন বলে অভিযোগ রয়েছে। এর ভিত্তিতে মঙ্গলবার বিকেলে ছোট আংটিহারা এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড। এ সময় বনদস্যুদের জন্য খাদ্যসামগ্রী ও পানি পরিবহনের অভিযোগে দুজনকে আটক করা হয়। পরে তাদের কয়রা থানায় হস্তান্তর করা হয়।
জব্দ করা সামগ্রীর মধ্যে রয়েছে ৫০ কেজি চাল, ৩৬ লিটার সয়াবিন তেল, আড়াই লিটার কেরোসিন, এক লিটার সরিষার তেল, ৮০ প্যাকেট সিগারেট, আটটি পানির জার, ২৪টি ম্যাচ, চার প্যাকেট মশার কয়েল ও দুটি মুঠোফোন। এ ছাড়া বিস্কুট, ওষুধ, মসলা, কেটলি, গেঞ্জি ও গামছাসহ বিভিন্ন সামগ্রী রয়েছে।
ওসি মো. রাশেদুল আলম বলেন, আটক দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।