আত্মগোপনে থাকা বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন আটক

আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ০৭:১৫ পিএম

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা এলাকার একটি বাসায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

জানা গেছে, মুফতি রুহুল আমিনের গ্রামের বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায়। ২০২২ সালের ৩১ মার্চ থেকে ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর পর্যন্ত তিনি বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করেন।

২০১৮ সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দিয়ে আলোচনার পাশাপাশি সমালোচনার মুখে পড়েন তিনি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন বলেও জানা যায়। খতিবের দায়িত্বের পাশাপাশি তিনি ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের গভর্নর হিসেবেও দায়িত্ব পালন করেন।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান মুফতি রুহুল আমিন। প্রায় দেড় মাস পর ২০ সেপ্টেম্বর অনুসারীদের নিয়ে বায়তুল মোকাররম মসজিদে জুমার নামাজ আদায় করতে যান তিনি। ওই সময় জুমার খুতবা চলাকালে মাইক্রোফোনের নিয়ন্ত্রণ নেওয়াকে কেন্দ্র করে তার অনুসারীদের সঙ্গে মসজিদে উপস্থিত মুসল্লিদের একাংশের সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন আহত হন। পাশাপাশি মসজিদের দরজা-জানালাও ক্ষতিগ্রস্ত হয়।

এ ঘটনার দুই দিন পর, ২২ সেপ্টেম্বর ২০২৪ তারিখে ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মুফতি রুহুল আমিনকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিবের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার কথা জানানো হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত