চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ এলাকায় সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক গণমাধ্যমকে জানান, বাড়িটির নিচতলার একটি পরিত্যক্ত কক্ষে আগুন দেওয়া হয়। ওই এলাকায় পুলিশের নিয়মিত টহল চলছিল। এ সময় হঠাৎ বাড়িটির নিচতলায় আগুন দেখতে পান টহলরত পুলিশ সদস্যরা। পরে তারা দ্রুত ভেতরে প্রবেশ করে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ওসি বলেন, আগুন দেওয়ার ঘটনায় কারা জড়িত, তা শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।
তিনি আরও জানান, ভবনটির নিচতলায় কেউ বসবাস করেন না। তবে দ্বিতীয় ও তৃতীয় তলায় অধ্যাপক মুহাম্মদ ইউনূসের দুই ভাইয়ের পরিবার বসবাস করেন।
ঘটনার পর বাড়িটির আশপাশে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। আগুন দেওয়ার পেছনে কারা জড়িত এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।