সাউথইস্ট ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদে শেয়ারহোল্ডার পরিচালক হিসেবে যোগ দিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও উদ্যোক্তা মো. নুরুল আফছার।
মো. নুরুল আফছার ইলেক্ট্রো মার্ট লিমিটেড এবং ট্রেড ইন্টারন্যাশনাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রতিষ্ঠাতা পরিচালক। ইলেক্ট্রো মার্ট বাংলাদেশে ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স পণ্যের প্রসারে পরিচিত একটি প্রতিষ্ঠান। অন্যদিকে, ট্রেড ইন্টারন্যাশনাল ইন্ডাস্ট্রিজ ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স উৎপাদনকারী প্রতিষ্ঠান। বর্তমানে তিনি উভয় প্রতিষ্ঠানের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) একজন সদস্য।
মো. নুরুল আফছার এমবিএ ডিগ্রিধারী। দীর্ঘ ৩৩ বছরের ব্যবসায়িক অভিজ্ঞতায় তিনি নিজ উদ্যোগ ও গতিশীল নেতৃত্বের মাধ্যমে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তোলা এবং পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। ব্যবসায়িক দূরদর্শিতা, শিল্পক্ষেত্রে উদ্ভাবনী উদ্যোগ এবং নতুনত্বের প্রতি অঙ্গীকারের মাধ্যমে বাংলাদেশের ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স শিল্পে একজন সফল উদ্যোক্তা হিসেবে পরিচিতি অর্জন করেছেন। ব্যবসায়িক সাফল্যের স্বীকৃতি হিসেবে তিনি দেশ-বিদেশে একাধিক পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন। ২০২৬ সালে সিঙ্গাপুরে অনুষ্ঠিত ‘এশিয়া প্যাসিফিক এন্টারপ্রেনার অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে তিনি ‘বেস্ট এন্টারপ্রেনার অ্যাওয়ার্ড ২০২৬’ অর্জন করেন। একই বছর নেপালে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘বেস্ট ম্যানুফ্যাকচারার অ্যাওয়ার্ড’ লাভ করেন। এ ছাড়া শ্রীলঙ্কায় সাউথ এশিয়ান বিজনেস এক্সিলেন্সের ‘বেস্ট ম্যানুফ্যাকচারার অব দ্য ইয়ার (ইলেকট্রনিক্স)-২০২৫’, ‘এশিয়া ইমপ্যাক্টফুল অ্যান্ড ইনফ্লুয়েনশিয়াল সিইও অব দ্য ইয়ার ২০২৬’ এবং কম্বোডিয়ায় ‘এশিয়া প্রেস্টিজ ৫০ আন্ডার ৫০ সিইও এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬’ অর্জন করেন তিনি।