কিউএস টেকসই র‌্যাংকিংয়ে বাংলাদেশের ২৫ বিশ্ববিদ্যালয়

আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ০৭:২২ এএম

টেকসই উন্নয়ন, পরিবেশগত প্রভাব ও সামাজিক দায়বদ্ধতায় বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান নিয়ে প্রকাশিত ‘কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাংকিংস : সাসটেইনেবিলিটি ২০২৭’-এ বাংলাদেশের ২৫টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এবার বিশ্বের ১০৭টি দেশ ও অঞ্চলের ২ হাজার ৩টি বিশ্ববিদ্যালয় এ র‌্যাংকিংয়ে অন্তর্ভুক্ত হয়েছে।

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াক কোয়ারেলি সায়মন্ডস (কিউএস) গত ১৭ নভেম্বর এ র‌্যাংকিং প্রকাশ করে। এতে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম হয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। বিশ্বে বিশ্ববিদ্যালয়টির অবস্থান ৪৬৬তম। দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), বিশ্বে ৬২১তম।

বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে তৃতীয় হয়েছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়। বিশ্বে বিশ্ববিদ্যালয়টির অবস্থান ৯৩১তম। চতুর্থ অবস্থানে রয়েছে ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি), বিশ্বে ৯৬২তম।

পঞ্চম অবস্থানে রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। বিশ্বে বিশ্ববিদ্যালয়টির অবস্থান ৯৭৭তম। ষষ্ঠ অবস্থানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বিশ্বে ৯৮৩তম। সপ্তম অবস্থানে নর্থ সাউথ ইউনিভার্সিটি, বিশ্বে ১ হাজার ৩১ থেকে ১ হাজার ৪০-এর মধ্যে।

অষ্টম অবস্থানে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। বিশ্বে বিশ্ববিদ্যালয়টির অবস্থান ১ হাজার ১০১ থেকে ১ হাজার ১৫০-এর মধ্যে। নবম অবস্থানে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), দশম অবস্থানে খুলনা বিশ্ববিদ্যালয় এবং ১১তম ইউনাইটেড ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়। তিনটি বিশ্ববিদ্যালয়ের অবস্থান বিশ্বে ১ হাজার ১৫১ থেকে ১ হাজার ২০০-এর মধ্যে।

১২০১ থেকে ১৫০১ এর মধ্যে রয়েছে আরও ১৪টি বাংলাদেশি বিশ্ববিদ্যালয়। এগুলো হলো আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআই), বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গ্রীন বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল  ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস।

কিউএসের এ র‌্যাংকিংয়ে বিশ্ববিদ্যালয়গুলোর পরিবেশগত প্রভাব, সামাজিক প্রভাব ও সুশাসন এই তিনটি প্রধান সূচকে মূল্যায়ন করা হয়। এর মধ্যে পরিবেশগত প্রভাবের জন্য ৪৫ শতাংশ, সামাজিক প্রভাবের জন্য ৪৫ শতাংশ এবং সুশাসনের জন্য ১০ শতাংশ গুরুত্ব দেওয়া হয়েছে। মোট ৯টি মূল্যায়ন ক্ষেত্রের অধীনে ৫২টি সূচক ব্যবহার করে বিশ্ববিদ্যালয়গুলোর পারফরম্যান্স পরিমাপ করা হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত