গোলোৎসবে বছর শেষ আর্জেন্টিনার

আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ০৭:২৯ এএম

ফুটবল বিশ্বে এক দিনের ব্যবধানে যেন একই চিত্রনাট্যের পুনরাবৃত্তি ঘটল দক্ষিণ আমেরিকার দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলে। মঙ্গলবার সিঙ্গাপুরকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছিল ব্রাজিল; আর তার ২৪ ঘণ্টারও কম সময়ে গতকাল কর্দোবার মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে কোস্টারিকাকে হুবহু একই ব্যবধানে হারিয়েছে আর্জেন্টিনা।

উরুগুয়ের বিপক্ষে আগের ম্যাচের তিক্ততা ভুলে বছরের শেষ আন্তর্জাতিক প্রীতি ম্যাচে কোস্টারিকাকে গোলবন্যায় ভাসাল আলবিসেলেস্তেরা। মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে প্রথমার্ধের চার গোলের পর দ্বিতীয়ার্ধে আরও তিন গোল, সবমিলিয়ে ৭-০ ব্যবধানের এক চোখ ধাঁধানো জয়ে বছরটি রাঙাল সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা।

ম্যাচের শুরু থেকেই কোস্টারিকার রক্ষণভাগকে দিশেহারা করে তোলে স্বাগতিকরা। মাত্র অষ্টম মিনিটেই গোল উৎসবের সূচনা করেন ১০ নম্বর জার্সির পথে থাকা নতুন রূপকার নিকো পাজ। এরপর আট মিনিটের মধ্যে হুলিয়ান আলভারেজের জোড়া ফিনিশিং এবং মাক্সিমো পেরোনে ও অগাস্তিন গিয়াইদের দারুণ সব অ্যাসিস্টে প্রথমার্ধেই চালকের আসনে বসে পড়ে দল। আলভারেজের দুই গোলের মধ্যে আরও একটি গোল করেন পাজ।

এরপর দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই রিয়াল মাদ্রিদ থেকে ধারে ফিওরেন্তিনায় খেলা তরুণ তুর্কি ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো জোড়া গোল করে নিজের নামের প্রতি সুবিচার করেন, আর মাঝমাঠে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার যোগ করেন আরও এক গোল। কোচ লিওনেল স্কালোনি অবশ্য ম্যাচের বড় ব্যবধান দেখে প্রীতি ম্যাচে সেরা তারকাদের চোটমুক্ত রাখতে পাজ ও আলভারেজকে তুলে নেন, তবে বদলি হিসেবে নামা তরুণদের এই বিধ্বংসী রূপ প্রমাণ করে দিয়েছে যে, মহাতারকার বিদায়ের পরও আর্জেন্টিনার আক্রমণভাগের ধার একটুও কমেনি।

ম্যাচ শেষে তরুণদের এমন পারফরম্যান্সে ভীষণ উচ্ছ্বসিত ও রোমাঞ্চিত দেখা গেছে কোচ স্কালোনিকে। ২০৩০ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করা এই আর্জেন্টাইন কৌশলবিদ মনে করেন, এই নতুন প্রজন্মই আগামীর আলবিসেলেস্তেদের চালিকাশক্তি। বিশেষ করে জোড়া গোল করা নিকো পাজ এবং অভিষিক্ত মারিয়ানো ত্রোইলোর প্রশংসায় পঞ্চমুখ ছিলেন তিনি।

বিদায়ী বছরটির অর্জন এবং বিশ্বকাপের স্মরণীয় যাত্রা নিয়ে সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, ‘আমাদের অবশ্যই বিশ্বকাপের কিছু মহাকাব্যিক ম্যাচের কথা মনে থাকবে। মিসর ও ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচগুলোর পর অনুভূতিটা ছিল অবিশ্বাস্য। সবার আগে যে কথাটি মনে আসে তা হলো, একটি ভালো কাজ করার জন্য এবং সবসময় আর্জেন্টিনা হয়ে লড়াই করার জন্য আমি সন্তুষ্ট। আমার মতে, বছরটা ইতিবাচক ছিল। আমরা নিজেদের সামর্থ্য দেখিয়েছি।’ ব্যক্তিগত নৈপুণ্যের চেয়ে দলীয় সংহতিই যে আর্জেন্টিনার সাফল্যের মূল চাবিকাঠি, তা মনে করিয়ে দিতে কিংবদন্তি লিওনেল মেসির উদাহরণ টানেন কোচ। সেই প্রসঙ্গে স্কালোনি বলেন, ‘ছেলেরা খুবই ভালো, তবে তারা সবসময় দলের ওপর নির্ভর করে। একা কোনো খেলোয়াড় দলকে বাঁচাতে পারে না, আর এজন্যই আমরা আজ এই অবস্থানে আছি। লিও (লিওনেল মেসি) বিষয়টি বুঝতে পেরেছিল, যা সবচেয়ে বড় উদাহরণ। আমাদের ভিত্তিটা বেশ মজবুত।’

চলতি বছর মৌরিতানিয়াকে ২-১ ব্যবধানে হারিয়ে ২০২৬ সালের আন্তর্জাতিক যাত্রা শুরু করেছিল আর্জেন্টিনা। কোস্টারিকার বিপক্ষের এই ম্যাচটি দিয়ে চলতি বছরে মোট ১৭টি ম্যাচ খেলেছে আলবিসেলেস্তেরা, যার মধ্যে ৯টি ছিল প্রীতি ম্যাচ এবং ৮টি ম্যাচ খেলেছে বিশ্বকাপে। পুরো বছরে অসাধারণ ছন্দে থাকা দলটির পরাজয়ের দীর্ঘ তালিকা বেশ ছোট; উরুগুয়ের বিপক্ষে আগের ম্যাচটির হার এবং বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ ব্যবধানে হারের দুঃখজনক স্মৃতি, কেবল এই দুটি ম্যাচেই হেরেছিল আলবিসেলেস্তেরা। জিতেছিল বাকি ১৫ ম্যাচেই।

সর্বশেষ সর্বাধিক পঠিত