নিজেকে দুর্ভাগা ভাবেন না মুরাদ

আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ০৭:২৯ এএম

এবারের এনসিএলটা একেবারেই আলাদা ছিল। প্রতিযোগিতার মান দেখলে বুঝবেন, শেষ রাউন্ডের শেষ দিনে এসে শিরোপা নির্ধারণ হয়েছে। পারিশ্রমিক বাড়ানো, পরিবেশ, বল— এসব মিলিয়ে খুব ভালো একটা টুর্নামেন্ট হয়েছে বলব। আসলে ঘরোয়া ক্রিকেট তো এমনই হওয়া উচিত সিলেট বিভাগের খেলা শেষ হয় একদিন আগেই (১৬ নভেম্বর)। তখন ৪০ উইকেট নিয়ে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) এবারের আসরে সর্বোচ্চ উইকেটশিকারি দলটির বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। তবে টুর্নামেন্টের শুরু থেকে এ জায়গায় শক্ত দাবিদার চট্টগ্রাম বিভাগের হাসান মুরাদ। ঢাকা বিভাগের বিপক্ষে মৌসুমের শেষ ম্যাচের শেষ ইনিংসে তার প্রয়োজন ছিল ৬ উইকেট। নিজের স্পিনের ভেলকিতে সেই লক্ষ্য পূরণে সফল মুরাদ। তাতে ৪১ উইকেট নিয়ে নাসুমকে পেছনে ফেলে আসরের সর্বোচ্চ উইকেটশিকারি হন তিনি। বেশ কয়েক বছর ধরেই ঘরোয়া ক্রিকেটে এমন ধারাবাহিক পারফরম্যান্স করেও জাতীয় দলের বাইরে থাকতে হচ্ছে তাকে। তবে এ নিয়ে কোনো হতাশা নেই তার। নিজেকে দুর্ভাগা ভাবেন না এ বাঁহাতি স্পিনার।

নাসুমকে ছাড়িয়ে সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার লক্ষ্য নিয়ে অবশ্য শেষ দিনে বল হাতে নামেননি মুরাদ। বরং পুরো আসরে ভালো বোলিং করলেও ইনিংসে ৫ উইকেট না পাওয়ার আক্ষেপ ছিল তার। ৪ বার ইনিংসে ৪ উইকেট পেলেও ৫ উইকেটের দেখা পাচ্ছিলেন না। শেষ ইনিংসে সেই অপূর্ণতা পূরণের চেষ্টায় সর্বোচ্চ উইকেটশিকারি হয়েছেন বলে দাবি মুরাদের, ‘না, এমন কোনো পরিকল্পনা ছিল না যে আমাকে ৬ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারি হতে হবে। আমি ভালো করছিলাম, তবু একটু আক্ষেপ হচ্ছিল। ইনিংসে অনেক ৪ উইকেট আছে, কিন্তু ৫ উইকেট পাচ্ছিলাম না। শেষ ইনিংসে সেটাই করার চেষ্টা করেছি।’

এবারের এনসিএলে ৩৪২ ওভার হাত ঘুরিয়ে ৬৩ মেডেনসহ ওভারপ্রতি ২.৭৯ করে রান দেন, যেখানে তার বোলিং গড় ২৩.২৯। তার নেওয়া ইনিংসে ৬ উইকেট যৌথভাবে টুর্নামেন্টসেরা। এমন পারফরম্যান্স চট্টগ্রামের বোলিং আক্রমণকে বাড়তি শক্তি জোগান মুরাদ। ব্যক্তিগত অর্জনে সন্তুষ্ট হলেও দলকে চ্যাম্পিয়ন করতে না পারার আক্ষেপ ঝরল কণ্ঠে, ‘টুর্নামেন্ট শুরুর আগে প্রত্যাশা ছিল যেন দলকে সাহায্য করতে পারি। আমাদের দলটাও এবার ভালো ছিল। একটা ম্যাচে খারাপ করায় চ্যাম্পিয়ন হতে পারলাম না। আমি সবসময় চেয়েছি, কীভাবে দলের হয়ে অবদান রাখব। নিজেকে সেভাবেই প্রস্তুত করেছি। স্কিল নিয়ে অনেক কাজ করেছি। কীভাবে ঘাটতি কাটিয়ে ওঠা যায়, সে চেষ্টা ছিল। লিগটা ভালোভাবেই শেষ করতে পেরেছি, এ জন্য ভালো লাগছে। মাত্র মৌসুম শুরু হলো। সামনে অনেক টুর্নামেন্ট আছে। এ ধারাবাহিকতা ধরে রাখতে চাই।’

ঘরোয়া ক্রিকেটে নিয়মিত ভালো করলেও জাতীয় দলের বাইরে আছেন মুরাদ। ২০২৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমবার টেস্ট দলে ডাক পান তিনি। এরপর আরও ৪টি সিরিজের দলে ছিলেন। গত বছর আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেকও হয় তার। সেই সিরিজের দুই ম্যাচে ১২ উইকেট নিলেও এরপর থেকে আর সুযোগ পাননি। এ নিয়ে আফসোস নেই মুরাদের। নিজেকে দুর্ভাগাও মনে করেন না তিনি, ‘আমি তো নতুন কেউ না। ইতিমধ্যে বাংলাদেশের হয়ে টেস্ট খেলেছি। অনেক দিন দলের সঙ্গে থেকেছি। আমি সবসময় আত্মবিশ্বাসী। প্রতিনিধিত্ব করতে পারলে অবদান রাখার চেষ্টা করব। তবে নিজেকে কখনো দুর্ভাগা মনে হয় না। এখনো অনেক সময় আছে। নিজেকে প্রমাণ করে গেলে ঠিকই একটা অবস্থান তৈরি করতে পারব।’

জাতীয় দলে ফেরার অপেক্ষার মধ্যে উন্নতির জায়গাগুলো নিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন মুরাদ। বোলিংয়ের খুঁটিনাটি নিয়ে কোচদের সঙ্গে নিয়মিত আলোচনা করেন। জাতীয় দলের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদের সঙ্গে ফোনে কথা হয় তার, ‘পেশাদার ক্রিকেটার হলেও উন্নতির অনেক জায়গা আছে। এগুলো নিয়ে কোচদের সঙ্গে কথা হয়। মুশতাক স্যারের সঙ্গে ফোনে আলোচনা হয় যে কী করতে হবে। সোহেল স্যার দেখেন। এখন রাজ্জাক ভাইয়ের সঙ্গে বোলিং নিয়ে কাজ করছি। স্কিল বাড়ানোর দিকেই বেশি মনোযোগ দিচ্ছি।’ জাতীয় দলের নির্বাচকরাও নিয়মিত খোঁজখবর রাখছেন মুরাদের, ‘নির্বাচকদের সঙ্গে কথা হয়। এনসিএলে তারা মাঠে থাকতেন। ম্যাচের পর আলোচনা হতো। অনেক বিষয় নিয়েই কথা হয়েছে। তারা বলেছেন, পারফরম্যান্স ধরে রাখতে।’

এবারের এনসিএলকে আগের আসরগুলোর তুলনায় বেশ আলাদা মনে হয়েছে মুরাদের কাছে। প্রতিযোগিতার মান বাড়ানোর পাশাপাশি আয়োজনেও বেশ কিছু পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টসের সময় অধিনায়কদের ব্লেজার পরে মাঠে নামা, প্রতিটি দলকে একই রঙের ব্যাগি ক্যাপ ও হেলমেট দেওয়া এবং ম্যাচ ফির পরিমাণ দ্বিগুণ করা। সবকিছুতেই ছিল প্রথম শ্রেণির ক্রিকেটের আবহ আরও আকর্ষণীয় করে তোলার চেষ্টা। মূল এনসিএলের পাশাপাশি এবার আয়োজন করা হয় দ্বিতীয় একাদশের টুর্নামেন্টও। এর ফলে বেশি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন ক্রিকেটাররা। দ্বিতীয় একাদশে ভালো করা খেলোয়াড়দের মূল টুর্নামেন্টে খেলার সুযোগও তৈরি হয়েছে। মুরাদের মতে, ঘরোয়া ক্রিকেটের মান উন্নয়নে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ।

এ নিয়ে মুরাদ বলেন, ‘এবারের এনসিএলটা একেবারেই আলাদা ছিল। প্রতিযোগিতার মান দেখলে বুঝবেন, শেষ রাউন্ডের শেষ দিনে এসে শিরোপা নির্ধারণ হয়েছে। পারিশ্রমিক বাড়ানো, পরিবেশ, বল— এসব মিলিয়ে খুব ভালো একটা টুর্নামেন্ট হয়েছে বলব। আসলে ঘরোয়া ক্রিকেট তো এমনই হওয়া উচিত। আমি তো দীর্ঘদিন জাতীয় দলের সঙ্গে আছি, ভালোভাবে বুঝতে পারি, এসব পরিবেশ থেকে গেলে ওই পর্যায়ের ক্রিকেটে মানিয়ে নেওয়া সহজ হয়।’

সর্বশেষ সর্বাধিক পঠিত