ঢাকার বাতাস আজ খুব অস্বাস্থ্যকর

আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ০৯:৫২ এএম

শীতের আমেজ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ঢাকার বায়ুদূষণও বাড়তে শুরু করেছে। দূষণের মাত্রা বেড়ে রাজধানীর বাতাসের মান এখন খুব অস্বাস্থ্যকর পর্যায়ে পৌঁছেছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৭টা থেকে ৮টার মধ্যে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে দেখা যায়, বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা। এ সময় রাজধানীর বায়ুমান সূচক (একিউআই) ছিল ২৩১।

আইকিউএয়ারের রিয়েল-টাইম একিউআই স্টেশন র‍্যাংকিং অনুযায়ী, ঢাকার বিভিন্ন এলাকায় বায়ুদূষণের মাত্রা সবার জন্য অস্বাস্থ্যকর থেকে খুব অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। এর মধ্যে সবচেয়ে দূষিত বায়ু পাওয়া গেছে বাড্ডার প্রগতি সরণি এলাকায়। ওই এলাকার একিউআই স্কোর ২৭২, যা খুব অস্বাস্থ্যকর বায়ুর নির্দেশক।

দূষণের তালিকায় থাকা ঢাকার অন্যান্য এলাকার মধ্যে রয়েছে বারিধারা পার্ক রোড, পুরান ঢাকার বেচারাম দেউড়ি, বসুন্ধরা আবাসিক এলাকা, গুলশান লেক পার্ক, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস), গুলশানের বেজ এজওয়াটার আউটডোর, গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল, বারিধারা লেকসাইড ও ইস্টার্ন হাউজিং।

বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষ পাঁচে ঢাকার ওপরে রয়েছে পাকিস্তানের লাহোর। শহরটির একিউআই স্কোর ২৬৯, যা খুব অস্বাস্থ্যকর। অন্যদিকে ১৯০ স্কোর নিয়ে আফগানিস্তানের কাবুল তৃতীয়, ১৮৭ স্কোর নিয়ে ভারতের দিল্লি চতুর্থ এবং ১৮২ স্কোর নিয়ে ইরাকের বাগদাদ পঞ্চম অবস্থানে রয়েছে। এসব শহরের বাতাস সবার জন্য অস্বাস্থ্যকর।

বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক ৫০-এর নিচে থাকলে বাতাসকে বিশুদ্ধ হিসেবে বিবেচনা করা হয়। ৫১ থেকে ১০০ পর্যন্ত সহনীয়, ১০১ থেকে ১৫০ পর্যন্ত সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর এবং ১৫১ থেকে ২০০ পর্যন্ত সবার জন্য অস্বাস্থ্যকর ধরা হয়। সূচক ২০১ থেকে ৩০০ হলে বাতাসকে খুব অস্বাস্থ্যকর এবং ৩০০-এর বেশি হলে দুর্যোগপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়।

বায়ুদূষণের কারণে প্রতিবছর বিশ্বজুড়ে বহু মানুষের মৃত্যু হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, গৃহস্থালি ও পারিপার্শ্বিক বায়ুদূষণের সম্মিলিত প্রভাবে প্রতিবছর প্রায় ৬৭ লাখ মানুষের মৃত্যু হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত