সা  ক্ষা  ৎ  কা  র নাযাহ নাওয়ার

পড়াশোনায় মনোযোগী, ভালো কাজ এলে করব

আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ১২:২৫ এএম

শিহাব শাহীনের পরিচালনায় রোমান্স ও ড্রামা ঘরানার ওয়েব ফিল্ম ‘ক্যাফে আমব্রেলা’ সম্প্রতি মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে। প্রেমের মিষ্টি মুহূর্ত, মান-অভিমান, ভুল-বোঝাবুঝি এবং সম্পর্কের নানা টানাপড়েন নিয়ে তৈরি এই ওয়েব ফিল্মে নাযাহ নাওয়ারের বিপরীতে অভিনয় করেছেন পার্থ শেখ। লাক্স সুপারস্টার প্রতিযোগিতার পর এটিই নাযাহর বড় পরিসরে কাজ করার প্রথম সুযোগ। সম্প্রতি এই কাজটি নিয়ে কথা হয় তার সঙ্গে। নাযাহ বললেন তার অভিজ্ঞতার কথা। সাক্ষাৎকার নিয়েছেন- তারেক আনন্দ

লাক্স সুপারস্টার প্রতিযোগিতার পর  প্রথম সিনেমা মুক্তি পেল। সিনেমার এই যাত্রাটা আপনার কাছে কেমন ছিল?

আমার কাছে তো অবশ্যই এটা স্পেশাল। কারণ এটি আমার প্রথম কাজ। তার ওপর লাক্স থেকে আসার পর, লাক্স থেকে এই গিফট পাওয়া- আমাদের রিওয়ার্ড হিসেবে! তা ছাড়া আমরা তিনজন (লাক্সের টপ থ্রি) একসঙ্গে কাজ করছি। আর আমার প্রথম ফিল্ম শিহাব শাহীন স্যারের মতো একজন গুণী ডিরেক্টরের সঙ্গে। সব মিলিয়ে দারুণ ভালো লাগা তো কাজ করছেই।

শুটিংয়ের অভিজ্ঞতা কেমন ছিল? নার্ভাস ছিলেন কি?

শুটিংয়ে নার্ভাস তো থাকিই! তবে আমার যেহেতু অভিনয় করতে ভালো লাগে, ক্যামেরার সামনে থাকতে ভালো লাগে এবং চরিত্র এক্সপ্লোর করতে ভালো লাগে, সে জন্য শুটিংয়ের অভিজ্ঞতা আমার কাছে বরাবরই ভালো থাকে। কারণ আমি ভালো ভালো কাজ করতে চাই, সেটাই মূল রিজন। আর শুটিংয়ে ভালো না লাগলে তো আর কাজই করতে পারব না!

মুক্তির পর কেমন সাড়া পাচ্ছেন?

মুক্তির পর রোমাঞ্চকতা দারুণ! প্রিমিয়ারে তো অনেকেই এপ্রিশিয়েট করেছে যে কাজটা ভালো হয়েছে, ভালো করেছ, ভালো লাগছে। এখনো অনেকে এসে উইশ করছে। তবে আরও সময় গেলে বিষয়টা আরও ভালোভাবে বোঝা যাবে।

আপনার আগামী দিনের প্রত্যাশা ও ভাবনা কী?

প্রত্যাশা তো সবাই ভালো জিনিসেরই করে থাকে। আমিও সেম, ভালো জিনিস চাই যেন ফিউচারে হয়। আমি ভবিষ্যতে আরও ভালো ভালো কাজ করতে চাই এবং সেটারই অপেক্ষা করব যেন আমার মনমতো বা যেগুলো ভালো লাগার কাজ, সে ধরনের ভালো কাজ করতে পারি। আর ভাবনার কথা যদি বলি তা হলো, এখন পড়াশোনা নিয়ে একটু ব্যস্ত আছি, কারণ পড়াশোনা থেকে একটা লম্বা গ্যাপ পড়ে গিয়েছিল, একটু ডিটাচড ছিলাম। এখন পড়াশোনায় মনোযোগী। অভিনয়টাকে আরও বেশি করে এক্সপ্লোর করা। আমি অভিনয় নিয়েও থাকতে চাই এবং অভিনয় দিয়েই সবকিছু করতে চাই। সুতরাং ভালো কাজের অপেক্ষায় থাকব, ভালো কাজ এলো করব।

সর্বশেষ সর্বাধিক পঠিত