চিরভাস্বর সঞ্জীব চৌধুরী

আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ০৭:১১ এএম

আজ ১৯ নভেম্বর সঞ্জীব চৌধুরীর চলে যাওয়ার দিন। ২০০৭ সালের এই দিনে তিনি পাড়ি দেন অনন্তলোকে। মাত্র তেতাল্লিশ বছরের সংক্ষিপ্ত জীবনে যিনি হয়ে উঠেছিলেন এক দীর্ঘ অধ্যায়। হবিগঞ্জের মাকালকান্দির সেই ক্ষণজন্মা মানুষটি কেবল একজন কণ্ঠশিল্পী, সুরকার ছিলেন না। তিনি ছিলেন একাধারে কবি, গীতিকার, গল্পকার, নাট্যকার, রাজনৈতিক কর্মী এবং সাংস্কৃতিক সংগ্রামী। তার কণ্ঠে মিশে ছিল মাটির গন্ধ, দ্রোহের আগুন আর নিখাদ প্রেম।

স্কুলজীবন থেকেই যার রাজনৈতিক বোধ শানিত হয়েছিল, সেই সঞ্জীব ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণিত ছেড়ে বেছে নিয়েছিলেন সাংবাদিকতাকে। উত্তাল স্বৈরাচারবিরোধী আন্দোলনে ছাত্র ইউনিয়নের অগ্রনায়ক হিসেবে তিনি রাজপথ কাঁপিয়েছেন। পরে কলম ধরেছিলেন দৈনিক আজকের কাগজ, ভোরের কাগজ ও যায়যায়দিনের পাতার পর পাতা। ফিচার সাংবাদিকতায় তার হাত ধরেই তৈরি হয়েছিল নতুন মাত্রা। সাংবাদিকতাকে তিনি শুধু পেশা হিসেবে নেননি, মানুষের বিবেক জাগ্রত করার হাতিয়ার বানিয়েছিলেন।

সংগীতের আকাশে তার যাত্রা শুরু হয়েছিল ‘শঙ্খচিল’ হয়ে। পরবর্তীতে ১৯৯৬ সালে বাপ্পা মজুমদারকে সঙ্গে নিয়ে গড়ে তোলেন ব্যান্ড ‘দলছুট’। রকের চটকদার দুনিয়ায় না গিয়ে তিনি আশ্রয় নিলেন ফোক, ক্লাসিক্যাল আর মেলো-রকের এমন এক মিশ্রণে, যা বাংলা ব্যান্ডসংগীতে সম্পূর্ণ নতুন এক ধারা তৈরি করল। ১৯৯৭ সালে প্রকাশিত দলছুটের প্রথম অ্যালবাম ‘আহ!’ এবং পরের বছরগুলোর ‘হৃদয়পুর’, ‘স্বপ্নবাজি’ বাংলা গানকে এক অন্য উচ্চতায় নিয়ে গেল। শাহ আবদুল করিমের ‘গাড়ি চলে না’ গানটিকে পপ ধাঁচে গেয়ে তিনি যেমন গণমানুষের হৃদয়ে পৌঁছে দিয়েছিলেন, তেমনি তার নিজের লেখা ‘আমি তোমাকেই বলে দেব’, ‘সমুদ্রসন্তান’, ‘বায়োস্কোপ’ বা ‘কালা পাখি’ হয়ে ওঠে তারুণ্যের সঙ্গী!

সঞ্জীব চৌধুরীর গান কেবল বিনোদনের খোরাক ছিল না; তা ছিল সমাজের নানা অসংগতির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ। রংপুরের ইয়াসমিন হত্যাকা- কিংবা রাষ্ট্রযন্ত্রের নির্মমতার বিরুদ্ধে তার কলম থেকে বেরিয়ে এসেছিল জীবন্ত সব কাব্যদৃশ্য। আবার ঘোর লাগা জোছনায় রাতের মহানগরী ঢাকা চষে বেড়াতে ভালোবাসতেন তিনি। রিকশার ঘান্টি, রাস্তার ধুলো আর মানুষের না বলা কষ্টগুলো তাঁর গানে মূর্ত হয়ে উঠত।

আজকের দিনে দাঁড়িয়ে মনে হয়, তিনি কোথাও যাননি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সঞ্জীব চত্বর থেকে শুরু করে শহরের অলিগলিতে, ক্যাফেতে কিংবা কোনো এক বিষণœ রাতে তার গান তরুণদের মনে ঢেউ তোলে। সঞ্জীব চৌধুরী চিরভাস্বর হয়ে বেঁচে থাকবেন যুগ থেকে যুগান্তরে।

সর্বশেষ সর্বাধিক পঠিত