তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা

আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ এএম

উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে গতকাল বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৪ ডিগ্রি। গত বুধবার তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৭ ডিগ্রি। আবহাওয়ার পরিবর্তনে জনজীবনে প্রভাব পড়েছে। বিশেষ করে ভোরে কাজে বের হওয়া শ্রমজীবী মানুষ ও নিম্নআয়ের মানুষ শীতল বাতাস ও কুয়াশার কারণে কিছুটা ভোগান্তিতে পড়েছেন।

স্থানীয়রা জানান, সন্ধ্যার পর উত্তর দিক থেকে আসা হিমেল বাতাসে ঠা-া বাড়তে থাকে। রাত গভীর হওয়ার পর থেকে ভোর পর্যন্ত শীত অনুভূত হচ্ছে। হিমালয় ও কাঞ্চনজঙ্ঘার কাছাকাছি অবস্থানের কারণে পঞ্চগড়ে দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় শীতের আগমন কিছুটা আগেই ঘটে। অক্টোবরের শেষভাগ থেকেই শীতের আমেজ স্পষ্ট হতে শুরু করে। নভেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারি পর্যন্ত বাড়তে থাকে শীতের তীব্রতা। আবহাওয়ার পরিবর্তনে শিশু ও বয়স্কদের মধ্যে সর্দি-কাশিসহ বিভিন্ন শীতজনিত সমস্যা দেখা দিচ্ছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জীতেন্দ্র নাথ রায়  জানান, বৃহস্পতিবার সকাল ৯টায় ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়, যা বুধবার একই সময়ে ১৫ দশমিক ৭ ডিগ্রি ছিল। হঠাৎ করেই তাপমাত্রার এই পরিবর্তনে উত্তরের জনপদে ধীরে ধীরে শীতের আমেজ বাড়ছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত