বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) ‘উত্তরাঞ্চলের ক্ষুদ্রসেচ উন্নয়ন প্রকল্প’ বাস্তবায়নের জন্য ‘জয়পুরহাট, বগুড়া ও গাইবান্ধা জেলা ক্ষুদ্রসেচ উন্নয়ন প্রকল্প (অংশ-১)’ শীর্ষক প্রকল্পটি গত ১৮ নভেম্বর অনুষ্ঠিত একনেক সভায় অনুমোদিত হয়েছে।
প্রকল্পটি উল্লেখিত তিন জেলার ২৫টি উপজেলায় অক্টোবর ২০২৬ থেকে জুন ২০৩০ পর্যন্ত মেয়াদে বাস্তবায়িত হবে।
খাল পুনঃখনন, প্রয়োজনীয় সেচ অবকাঠামো নির্মাণ, জলাবদ্ধ বিলসমূহের পানি নিষ্কাশনপূর্বক জলাবদ্ধতা দূর করে আধুনিক সেচ প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে ২১ হাজার ৫০৫ হেক্টর জমিতে আধুনিক সেচ সুবিধা প্রদানের মাধ্যমে ১ লাখ ৩৯ হাজার ৭৮২ মেট্রিক টন খাদ্যশস্য উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে প্রকল্পটি বাস্তবায়িত হবে বলে জানিয়েছেন প্রকল্পের ফোকাল পয়েন্টে কর্মকর্তা ও নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম।
তিনি জানান, প্রকল্পের মাধ্যমে ৩০০ কিলোমিটার সেচ ও নিষ্কাশন খাল পুনঃখনন, বিদ্যুৎচালিত এলএলপি সোলার ও গভীর নলকূপ স্কিমের জন্য ৩৫০ সেট পাম্প ও মটর ক্রয়, বিভিন্ন ধরনের ১৫৫টি হাইড্রোলিক স্ট্রাকচার নির্মাণ, ফসলের মাঠ ও চর অঞ্চলের জন্য ৩৫ কিলোমিটার আরসিসি গোপাট নির্মাণ, ৫০ সেট সোলার সেচযন্ত্র ক্রয় ও স্থাপনসহ সময়োপযোগী এবং কৃষকবান্ধব বিভিন্ন কার্যক্রম বাস্তবায়িত হবে।
তিনি আরও জানান, বিএডিসির চেয়ারম্যান মো. আজিজুল ইসলাম প্রকল্পের আওতাধীন সব কাজ যথাসময়ে বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতার পরিচয় দিয়ে কৃষকের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রতি গুরুত্বারোপ করেন।