চট্টগ্রামের হাটহাজারীতে দুই মোটরসাইকেলের সংঘর্ষে ইফতেখার মাহমুদ তুষার (৩২) ও ইমতিয়াজ মাহমুদ ইরাত (২৮) নামে আপন দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া মুছার দোকান এলাকার হাটহাজারী-নাজিরহাট আঞ্চলিক মহাসড়কের ওপর এ দুর্ঘটনা ঘটে।
নিহত তুষার ও ইরাত উপজেলার ফরহাদাবাদ ইউনিয়ন ৯নং ওয়ার্ডস্থ হায়দার আলি সিপাহিবাড়ির মো. হারুনের পুত্র। জানা যায়, বৃহস্পতিবার দুপুরের দিকে গত কয়েক মাস আগে প্রবাস থেকে দেশে আসা এক সন্তানের বাবা তুষার ও ইরাত দুই ভাই ফরহাদাবাদ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে হাটহাজারীর দিকে আসার সময় উল্লিখিত স্থান অতিক্রম করার সময় নাজিরহাটমুখী একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় মোটরসাইকেলের মোট পাঁচজন যাত্রী গুরুতর আহত হন। ঘটনার পর পর আশপাশের লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তুষারকে মৃত বলে ঘোষণা করেন এবং নিহতের ভাই ইরাতের আঘাত গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে পথেই তার মৃত্য হয়। এ দুর্ঘটনায় ফাহিম ও সায়েম গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
এদিকে ঝালকাঠির দপদপিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে গ্রিনভিউ পরিবহনের এক হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ যাত্রী। গত বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের দপদপিয়া চৌমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, কুয়াকাটা থেকে ছেড়ে আসা ঢাকাগামী গ্রিনভিউ পরিবহন দুপুরের দিকে দপদপিয়া চৌমাথা অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা বরিশাল থেকে কুয়াকাটাগামী আবির আব্দুল্লাহ পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস দুটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই গ্রিনভিউ পরিবহনের হেলপারের মৃত্যু হয়। আহত হন অন্তত ২৫ যাত্রী। খবর পেয়ে নলছিটি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করে। পরে দুর্ঘটনাকবলিত বাস দুটি উদ্ধার করা হয়। নিহত হেলপারের পরিচয়ও এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।
অন্যদিকে ময়মনসিংহের নান্দাইলে সিএনজিচালিত থ্রি-হুইলারে সঙ্গে বিপরীত দিক থেকে আসা পিকআপের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও সাতজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের সাভার নামক স্থানে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ময়মনসিংহের নান্দাইল থেকে ত্রিশাল সদরগামী একটি থ্রি-হুইলার তার গন্তব্যে যাওয়ার পথে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের সাভার নামক স্থানে পৌঁছামাত্র বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ থ্রি-হুইলারকে সামনাসামনি সজোরে ধাক্কা দেয়। ফলে থ্রি-হুইলারটি উল্টে যাওয়ায় চালক রফিকুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন। রফিকুল ত্রিশাল উপজেলার ইবাদ আলীর ছেলে। এ ঘটনায় মোস্তাকিম, ইমরান, তানিয়া, আলভী, ইমন, রুহুল আমিন, ইব্রাহিম নামে আরও সাতজন আহত হয়েছেন। ঘটনার পরপরই স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে তাদের কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।