হাজারো পুণ্যার্থীর অংশগ্রহণে বেইনঘর উদ্বোধন ও চরকায় সুতা কাটার মধ্য দিয়ে রাঙ্গামাটির ঐতিহ্যবাহী রাজবন বিহারে শুরু হয়েছে ৫০তম সুবর্ণজয়ন্তী দানোত্তম কঠিন চীবর দানোৎসব। গতকাল বৃহস্পতিবার বিকেলে চরকায় সুতা কেটে দুই দিনব্যাপী এ ধর্মীয় উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। রাজবন বিহারের আবাসিক প্রধান শ্রীমৎ প্রজ্ঞালঙ্কার মহাস্থবির বেইন কর্মীদের পঞ্চশীল গ্রহণের মধ্য দিয়ে বেইন ঘরের উদ্বোধন করেন। পরে চাকমা রাজপরিবারের সদস্য জয়তী রায় চরকায় সুতা কেটে চীবর তৈরির আনুষ্ঠানিক কার্যক্রমের সূচনা করেন।
পার্বত্য চট্টগ্রামের বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসবে অংশ নিতে দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে সমবেত হয়েছেন হাজারো পুণ্যার্থী। ২৪ ঘণ্টার মধ্যে তুলা থেকে সুতা তৈরি, রং করা এবং বস্ত্র বুনে চীবর তৈরির ঐতিহ্যবাহী আয়োজন ঘিরে রাজবন বিহার এলাকায় বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। আজ শুক্রবার বৌদ্ধ ভিক্ষু সংঘের কাছে চীবর উৎসর্গের মধ্য দিয়ে শেষ হবে এই আয়োজন।
উদ্বোধনী অনুষ্ঠানে শ্রীমৎ প্রজ্ঞালঙ্কার মহাস্থবির বলেন, সম্মিলিত প্রচেষ্টায় কঠিন কাজও সহজভাবে সম্পন্ন করা সম্ভব। কঠিন চীবর দান সেই শিক্ষাই দেয়। বুদ্ধের নীতি অনুসরণের মাধ্যমে সমাজে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করতে তিনি সবার প্রতি আহ্বান জানান।
বৌদ্ধ ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী, আড়াই হাজার বছরেরও বেশি আগে গৌতম বুদ্ধের শিষ্য বিশাখা ২৪ ঘণ্টার মধ্যে চীবর তৈরির এ প্রথা প্রবর্তন করেন। বৌদ্ধ ভিক্ষুদের তিন মাসব্যাপী বর্ষাবাস শেষে আষাঢ়ী পূর্ণিমা থেকে কার্তিকী পূর্ণিমার মধ্যবর্তী সময়ে কঠিন চীবর দানের আয়োজন করা হয়। এ ঐতিহ্যের ধারাবাহিকতায় ১৯৭৬ সাল থেকে রাঙ্গামাটির রাজবন বিহারে বিশাখা প্রবর্তিত নিয়মে কঠিন চীবর দানোৎসব উদযাপিত হয়ে আসছে।