দেশের বাজারে ওয়াইফাই ৮ রাউটার আনল টিপি-লিংক

আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ১০:৪৫ পিএম

বাংলাদেশের বাজারে পরবর্তী প্রজন্মের তারহীন নেটওয়ার্ক প্রযুক্তি ওয়াইফাই ৮ রাউটার উন্মোচন করেছে নেটওয়ার্কিং প্রতিষ্ঠান টিপি-লিংক। একই সঙ্গে নেটওয়ার্কিং খাতের পেশাজীবীদের দক্ষতা বাড়াতে ‘ওমাডা এক্সপার্ট প্রোগ্রাম’ চালুর ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত ‘টিপি-লিংক পার্টনার কানেক্ট ২০২৬’ অনুষ্ঠানে নতুন প্রযুক্তির রাউটার উন্মোচন করা হয়। টিপি-লিংকের জাতীয় পরিবেশক এক্সেল টেকনোলজিস লিমিটেডের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিপি-লিংক সিস্টেমস ইনকরপোরেটেডের এশিয়া প্যাসিফিক অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট ব্রায়ান ডং, সার্ক অঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক লিন ওয়াং এবং এক্সেল টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক গৌতম সাহা।

লিন ওয়াং জানান, ওয়াইফাই ৭-এর তুলনায় ওয়াইফাই ৮ প্রযুক্তিতে ৪০ থেকে ৬০ শতাংশ উন্নত সেবা পাওয়া যাবে। নেটওয়ার্কের পরিস্থিতি অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে সংযোগ সমন্বয় এবং একাধিক ডিভাইস ব্যবহারের সময়ও স্থিতিশীল সংযোগ নিশ্চিত করতে সহায়তা করবে এটি।

ব্রায়ান ডং বলেন, বাংলাদেশে উৎপাদন ব্যয় তুলনামূলক কম এবং দক্ষ জনবল থাকায় ভবিষ্যতে এখানে উৎপাদনকেন্দ্র স্থাপনের বিষয়টি বিবেচনা করতে পারে টিপি-লিংক।

অন্যদিকে গৌতম সাহা জানান, বাংলাদেশে ইতিমধ্যে এক হাজারের বেশি ওমাডা সার্টিফায়েড বিশেষজ্ঞ তৈরি করা হয়েছে। নতুন কর্মসূচির আওতায় নেটওয়ার্ক প্রকৌশলী ও প্রযুক্তি অংশীদারদের কারিগরি প্রশিক্ষণ এবং পেশাগত দক্ষতা উন্নয়নে কাজ করা হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত