এবিজিতে বিশ্বকাপ ক্রিকেটের ম্যাচ

আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ১২:২৩ এএম

আন্তর্জাতিক ক্রিকেটের বড় আসর আয়োজনের লক্ষ্যে এগোচ্ছে এবিজি স্পোর্টস সিটি। ২০৩১ সালে বাংলাদেশ ও ভারতের যৌথ আয়োজনে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপের কয়েকটি ম্যাচ আনভীর ক্রিকেট স্টেডিয়ামে আয়োজন করতে চায় প্রতিষ্ঠানটি। এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে আলোচনার পরিকল্পনাও রয়েছে তাদের। শুধু বিশ্বকাপ নয়, আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে যাওয়া ইংল্যান্ড দলের একটি প্রস্তুতি ম্যাচও নিজেদের ভেন্যুতে আয়োজনের প্রত্যাশা করছে এবিজি স্পোর্টস সিটি।

আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের সক্ষমতার জানান ইতিমধ্যে দিয়েছে আনভীর ক্রিকেট স্টেডিয়াম। সম্প্রতি এই মাঠে প্রস্তুতি ম্যাচ খেলেছে ওয়েস্ট ইন্ডিজ দল। শুক্রবার শেষ হয়েছে এশিয়ান ব্লাইন্ড ক্রিকেট কাপের দ্বিতীয় আসর। যদিও বৃষ্টির কারণে ভারত ও পাকিস্তানের মধ্যকার ফাইনাল ম্যাচটি মাঠে গড়ায়নি। এ ছাড়া স্টেডিয়ামটির অবকাঠামো ও সুযোগ-সুবিধা পরিদর্শন করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) একটি প্রতিনিধিদল। পরিদর্শন শেষে তারা ভেন্যুটির সুযোগ-সুবিধা নিয়ে সন্তোষ প্রকাশ করেছে বলে জানিয়েছেন এবিজি স্পোর্টস সিটির পরিচালক মো. ইমরুল হাসান।  তিনি বলেন, ‘আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজ দল ইতিমধ্যে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে। এশিয়ান ব্লাইন্ড ক্রিকেট কাপও সফলভাবে শেষ হয়েছে। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রতিনিধিরা এখানকার সুযোগ-সুবিধা দেখে প্রশংসা করেছেন। আগামী ফেব্রুয়ারিতে ইংল্যান্ড দল বাংলাদেশ সফরে এলে এখানে একটি প্রস্তুতি ম্যাচ আয়োজনের ব্যাপারে আমরা আশাবাদী।’ বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা সামনে রেখে অবকাঠামোগত উন্নয়নও চালিয়ে যাচ্ছে এবিজি স্পোর্টস সিটি। আনভীর ক্রিকেট স্টেডিয়ামের পাশাপাশি সেখানে নির্মাণ করা হচ্ছে আরও একটি পূর্ণাঙ্গ ক্রিকেট স্টেডিয়াম।

সর্বশেষ সর্বাধিক পঠিত