দক্ষিণ আফ্রিকা সফর শেষ না করেই দেশে ফিরছেন বাংলাদেশ দলের ডানহাতি পেসার হাসান মাহমুদ। পুরনো চোটের কারণে প্রোটিয়াদের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে খেলা হচ্ছে না তার। বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিশ্চিত করেছে। একই সঙ্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজেও খেলতে পারবেন না তিনি। আগামী রবিবার সকালে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে তার। দেশে ফিরে চিকিৎসকের পরামর্শ নেবেন হাসান। এদিকে দক্ষিণ আফ্রিকার উদ্দেশে মঙ্গলবার ঢাকা ছাড়বেন দুই স্পিনার তানভীর ইসলাম ও রিশাদ হোসেন। ওয়ানডে দলে যোগ দেওয়ার জন্য যাচ্ছেন তারা।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন হাসান। ওয়ান্ডারার্সে প্রায় ৩২ ওভার বোলিং করে ১১৮ রানের বিনিময়ে নিয়েছিলেন ৪ উইকেট। তবে বল হাতে সাফল্যের পাশাপাশি পুরো ম্যাচজুড়েই শারীরিক সমস্যার সঙ্গে লড়তে হয় তাকে। টেস্ট শুরুর আগেই ডান হাতের কনুইয়ে অস্বস্তি ছিল হাসানের। অনুশীলনেও বাহুতে ব্রেস পরে দেখা গিয়েছিল তাকে।
চতুর্থ দিন পুরনো টেনিস এলবো সমস্যাটি নতুন করে ভোগায় হাসানকে। দ্বিতীয় ওভারে চার বল করার পর ডান হাতে ব্যথা অনুভব করেন হাসান। একপর্যায়ে মাঠ ছাড়তে হয় তাকে। প্রায় ১০ ওভার পর ব্রেস খুলে বাহুতে সুরক্ষাব্যবস্থা নিয়ে আবার বোলিং শুরু করেন। দ্বিতীয় নতুন বলে সাইমন হার্মারের উইকেটও তুলে নেন।