রায়ের পর মিয়ানমারের ওপর চাপ বাড়বে

আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ০৬:৪০ এএম

মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) যে রায় দিয়েছে, তা কার্যকর করা নিয়ে নানামুখী আলোচনা শুরু হয়েছে। বলাবলি হচ্ছে এই রায় কার্যকর হবে কীভাবে। আলজাজিরার একটি প্রতিবেদনে বলা হয়েছে, নিজের রায় সরাসরি কার্যকর করার ক্ষমতা আইসিজের নেই। তবে এই রায়ের গুরুত্ব অনেক। গাম্বিয়া এখন বিষয়টি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তুলে ধরে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাতে পারে। রায় ঘোষণার পর জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, মামলাটি আন্তর্জাতিক ন্যায়বিচারের একটি দৃষ্টান্ত তৈরি করেছে যে, এমন ভয়াবহ কর্মকাণ্ডের জন্য দায়মুক্তি চলতে পারে না। এই মামলার রায়ে বাস্তবতার এক ভয়াবহ চিত্র তুলে ধরা হয়েছে, যার মধ্যে রয়েছে ১০ হাজারেরও বেশি মানুষকে হত্যা, ধর্ষণ ও নিপীড়নের মতো ঘটনা। তিনি বলেন, ‘আদালতের সিদ্ধান্ত মেনে চলার বাধ্যবাধকতা অনুযায়ী মিয়ানমারকে অবশ্যই পদক্ষেপ নিতে হবে।’ আন্তর্জাতিক মহলও সোচ্চার হয়ে উঠছে। রায়ের পর পরই যুক্তরাজ্য থেকেও এ ব্যাপারে জাতিসংঘের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। রায়টি নানা দিক থেকে তাৎপর্যপূর্ণ।

কারণ, ১৯৪৮ সালের জেনোসাইড সনদ অনুযায়ী, কোনো দেশকে জাতিগত নিধনের জন্য দায়ী করতে হলে প্রমাণ করতে হয়, দেশটির কোনো জাতীয়, জাতিগত, ধর্মীয় গোষ্ঠীকে পুরোপুরি বা আংশিকভাবে ধ্বংস করার সুনির্দিষ্ট অভিপ্রায় ছিল। এটি প্রমাণ করা অত্যন্ত কঠিন। এ কারণে এর আগে কোনো রাষ্ট্রকে জাতিগত নিধনের জন্য দায়ী করেননি আইসিজে। এর আগে ২০০৭ সালে বসনিয়ার করা জাতিগত নিধনের মামলার রায়ে আইসিজে বলেছিলেন, সেব্রেনিৎসায় বসনীয় সার্ব বাহিনীর চালানো জাতিগত নিধন ঠেকাতে ব্যর্থ হয়েছে সার্বিয়া। এ অপরাধে দায়ী ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করতেও ব্যর্থ হয়েছে দেশটি। এ কারণে সার্বিয়া জাতিসংঘের ১৯৪৮ সালের জাতিগত নিধন সনদ লঙ্ঘন করেছে। তবে আইসিজে বলেন, সার্বিয়া নিজে গোষ্ঠী নিধন সংঘটন করেনি। অন্যদিকে জাতিসংঘের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল স্রেব্রেনিৎসায় জাতিগত নিধনের ঘটনায় জড়িত কয়েকজন ব্যক্তিকে দোষী সাব্যস্ত করেছিল। এ সবকিছুর কারণে গাজা যুদ্ধ নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার করা জাতিগত নিধন মামলার রায়ের গুরুত্বপূর্ণ প্রভাব পড়তে পারে। খবর আলজাজিরা ও ইন্টারনেট

আইসিজের রায়ে কী আছে : মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে বৃহস্পতিবার গোষ্ঠীগত নিধন চালিয়েছে বলে ঐতিহাসিক রায় দিয়েছে আইসিজে। দীর্ঘ প্রায় সাত বছর ধরে বিচারিক প্রক্রিয়া চলার পর বহুল প্রতীক্ষিত এই রায় ঘোষণা করেন কোর্টের সভাপতি ইউজি ইওয়াসাওয়া। তিন ঘণ্টার বেশি সময় ধরে তিনি রায় পড়ে শোনান। ১৫ বিচারকের মধ্যে ৯ জন মিয়ানমার গোষ্ঠীগত নিধন চালিয়েছে বলে মতো দিয়েছেন। বাকি ছয়জন বিপক্ষে মত দিয়েছেন। মুসলিম এই জনগোষ্ঠীকে কয়েক দশক ধরে নিপীড়ন করা দেশটির বিরুদ্ধে ক্ষতিপূরণের আদেশের পক্ষেও ভোট দিয়েছেন বিচারকরা। ১৯৪৫ সালে জাতিসংঘের অধীন গঠিত আদালতের ইতিহাসে প্রথমবারের মতো কোনো রাষ্ট্রকে জাতিগত নিধনের জন্য দোষী সাব্যস্ত করা হলো। এই রায়ই চূড়ান্ত। এই রায়ের বিরুদ্ধে আপিলের কোনো সুযোগ নেই। পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া ২০১৯ সালে মিয়ানমারের বিরুদ্ধে মামলাটি করেছিল।

রোহিঙ্গাদের ওপর কয়েক দশক ধরেই নির্যাতন-নীপিড়ন চালিয়ে আসছিল দেশটি। তবে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক বাহিনী তাদের বিরুদ্ধে বড় পরিসরে শুদ্ধি অভিযান চালায়। এর ফলে সাড়ে ৭ লাখ রোহিঙ্গা ঘরবাড়ি ও জমিজমা হারিয়ে পালাতে বাধ্য হয়। তাদের বেশিরভাগই প্রতিবেশী বাংলাদেশে আশ্রয় নেয়। বর্তমানে তারা মানবেতর জীবন যাপন করছে এবং দেশে ফিরে যাওয়ার প্রত্যাশা করছে।

রায় ঘোষণার সময় নেদারল্যান্ডসের দ্য হেগে আইসিজের ভবন পিস প্যালেসে উপস্থিত ছিলেন মানবাধিকার সংগঠন ফর্টিফাই রাইটসের কর্মী ম্যাথু স্মিথ। তার সঙ্গে ছিলেন রোহিঙ্গাদের বিরুদ্ধে চলা জাতিগত নিধন থেকে বেঁচে যাওয়া কয়েকজন ব্যক্তি ও গাম্বিয়ার প্রতিনিধিদলের সদস্যরা। উদ্বেগ নিয়ে রায় শুনছিলেন স্মিথ।

স্মিথ বলেন, ‘এই রায় জাতিগত নিধনের অপরাধী ও এর পরিকল্পনাকারীদের ব্যক্তিগতভাবে ফৌজদারি বিচারের মুখোমুখি করার প্রচেষ্টাকে আরও জোরালো করবে। এ উদ্যোগ এগিয়ে নিতে রায়টি গুরুত্বপূর্ণ গতি সঞ্চার করবে।’

জাপানের বিচারক ইউজি ইওয়াসাওয়ার পড়ে শোনানো দীর্ঘ রায়ে বলা হয়েছে, রাখাইন রাজ্যে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী ‘হাজারো রোহিঙ্গাকে হত্যা করেছে’। তাদের বিরুদ্ধে ব্যাপক যৌন সহিংসতা চালানো হয়েছে। শিশুদের ওপর চালানো হয়েছে ‘চরম সহিংসতা’। এ ছাড়া রোহিঙ্গাদের গ্রামগুলো পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে। সেখানে স্থায়ী স্থাপনা তৈরি করে রোহিঙ্গা নয়, এমন ব্যক্তিদের বসতি গড়ে তোলা হয়েছে।

মিয়ানমারের সামরিক বাহিনী রোহিঙ্গাদের গুরুতর শারীরিক ও মানসিক ক্ষতি করেছে। উচ্চপদস্থ কর্মকর্তারা রোহিঙ্গাবিরোধী বিদ্বেষমূলক বক্তব্য ছড়িয়েছেন। এসব বক্তব্যে তাদের ‘মানুষের চেয়ে নিকৃষ্ট এবং সহিংস হুমকি’ হিসেবে তুলে ধরা হয়েছে। আদালত বলেছেন, ঘরবাড়ি ধ্বংস করে দেওয়ায় পালিয়ে যাওয়া রোহিঙ্গাদের ফিরে আসার সুযোগ খুব কম ছিল, অনেকের ক্ষেত্রে একেবারেই ছিল না। বিশেষ করে শিশুদের বিরুদ্ধে সামরিক বাহিনীর কর্মকাণ্ড থেকে প্রমাণিত হয়েছে, রোহিঙ্গা জনগোষ্ঠীর মধ্যে জন্মহার কমিয়ে আনার উদ্দেশ্য ছিল তাদের। এ নিধনযজ্ঞে মিয়ানমারের সামরিক বাহিনীর লেলিয়ে দেওয়া বেসামরিক ব্যক্তি ও সহযোগী মিলিশিয়ারা অংশ নেন। এ ঘটনায় জাতিগত নিধনের ঝুঁকি থাকার বিষয়টি মিয়ানমারের সামরিক বাহিনী জানত।

আদালতের নির্দেশ অনুযায়ী, রোহিঙ্গাদের নিরাপদ ও স্বেচ্ছামূলক প্রত্যাবর্তনের অনুমতি দিতে এবং তা সহজ করতে হবে মিয়ানমারকে। ক্ষতিগ্রস্ত যৌথ মালিকানাধীন সম্পত্তি ফিরিয়ে দিতে হবে কিংবা তার বিকল্প ব্যবস্থা করতে হবে। নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে সহায়তা এবং যথাযথ দাফনের ব্যবস্থা করতে হবে। মানসিকভাবে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের শারীরিক ও মানসিক পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। নিপীড়ন থেকে তাদের সুরক্ষাও নিশ্চিত করতে হবে।

রায়ের আগে রোহিঙ্গা হিউম্যান রাইটস ইনিশিয়েটিভের প্রতিষ্ঠাতা কিয়াও মিন সাবের আলজাজিরাকে বলেন, ‘রোহিঙ্গারা ন্যায়বিচার এবং মিয়ানমারের ভেতরে ও বাইরে নিরাপত্তা চায়।’ সাবের বলেন, রাখাইনে তাদের যেন আর বাস্তুচ্যুতি ও নির্বিচার হত্যার মুখে পড়তে না হয়, সেই প্রত্যাশাও রোহিঙ্গাদের রয়েছে।

গাম্বিয়ার ভূমিকা : পশ্চিম আফ্রিকার ছোট দেশ গাম্বিয়া ২০১৯ সালের নভেম্বরে মিয়ানমারকে হেগের আদালতে নেয়। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটি ৫৭ সদস্যের ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সমর্থন পেয়েছিল। গাম্বিয়া নিজেও তখন  স্বৈরশাসক ইয়াহিয়া জামেহর দীর্ঘদিনের নিপীড়ন কাটিয়ে উঠছিল। তৎকালীন বিচারমন্ত্রী আবুবকর তামবাদুর নেতৃত্বাধীন আইনজীবীদের দল যুক্তি দেয়, মিয়ানমার জাতিগত নিধন চালিয়ে ১৯৪৮ সালের জেনোসাইড সনদ লঙ্ঘন করেছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত