বিশ্ব শিশু দিবস ২০২৬ উপলক্ষে পুরান ঢাকায় প্রথমবারের মতো শিশুদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন ‘কিডস রান ফেস্ট ম্যারাথন ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ, মেধার বিকাশ এবং সক্রিয় জীবনযাপনে উৎসাহিত করার লক্ষ্যে শুক্রবার রাজধানীর ওয়ারীতে এ ম্যারাথনের আয়োজন করা হয়।
লায়ন্স ক্লাব অব ঢাকা প্রোটেস্টিং ভয়েজ (১৭৯৯৩২)-এর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব ঢাকা ফ্রিডম ও লায়ন্স ক্লাব অব ঢাকা মার্কের যৌথ সহযোগিতায় এ আয়োজন করা হয়। এতে সহযোগিতা করে লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫এ১, বাংলাদেশ। ম্যারাথনে প্রায় ৩০০ শিশু অংশগ্রহণ করে।
শিশুদের বয়সভিত্তিক দুটি বিভাগে যথাক্রমে ৫০০ ও ১ হাজার মিটার দৌড়ের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জাতীয় দলের ক্রিকেটার ডা. অনুপম হোসেন। তিনি শিশুদের সুস্থ, সক্রিয় ও আত্মবিশ্বাসী হিসেবে গড়ে তুলতে খেলাধুলা এবং এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।
আয়োজকরা জানান, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলা, আত্মবিশ্বাস ও পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে তুলতে এ আয়োজন করা হয়েছে।
ম্যারাথনে অংশগ্রহণকারী প্রতিটি শিশুর জন্য ছিল টি-শার্ট, ফিনিশার মেডেল, সনদ, পানির বোতল, খাদ্যসামগ্রীসহ বিভিন্ন উপহার। পুরো আয়োজনজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।
অনুষ্ঠানটি সফল করতে সহযোগিতা করেছে বাবুল্যান্ড প্লেগ্রাউন্ড, ফেস গ্রুপ, বিডিবি ক্যাবল, এসএমসি, অটো টেকনোলজি লিমিটেড, পেপসোডেন্ট ও ডেকো ফুড। চিকিৎসাসেবা সহযোগিতায় ছিল জেএমআই স্পেশালাইজড হসপিটাল। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল বাংলাভিশন এবং স্থানীয় সহযোগিতায় ছিল ওয়ারিয়ান্স অ্যালামনাই।
দিনব্যাপী আয়োজনের শেষপর্বে ওয়ারী আবেদ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় অতিথি, আয়োজক, সহযোগী প্রতিষ্ঠান ও অভিভাবকরা শিশুদের হাতে পুরস্কার ও অংশগ্রহণের স্মারক তুলে দেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শিশুদের জন্য নিরাপদ, আনন্দময় ও স্বাস্থ্যকর পরিবেশ তৈরি এবং খেলাধুলায় উৎসাহিত করার ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন করা হবে।