ইবির ৪৮তম দিবস উদযাপন

আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ০১:৫২ পিএম

বর্ণাঢ্য আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৪৮তম দিবস উদযাপন করেছে শিক্ষক ও শিক্ষার্থীরা। রবিবার (২২ নভেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল মাঠে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

পরবর্তীতে আনন্দ শোভাযাত্রা বের হয়ে বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর চত্বরে পুষ্পস্তবক অর্পণের পর প্রশাসন ভবনের সামনে কেক কাটার পর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সবশেষে বাদ যোহর কেন্দ্রীয় মসজিদে দোয়া ও মোনাজাতের মাধ্যমে  আয়োজন শেষ হয়।

বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেনের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান।

এ সময় বক্তব্যে তিনি বলেন, ‘স্বাধীনতা উত্তর বাংলাদেশের প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় এটি। মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত দিয়ে ১৯৭৯ সালে ২২ নভেম্বর এর ভিত্তি প্রস্তুর স্থাপন ও প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার জন্য এই অঞ্চল কে বেছে নেওয়ার পেছনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটা লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল। কিন্তু দুর্ভাগ্যজনক দীর্ঘদিন যাবৎ এই বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য এবং উদ্দেশ্য কে ভুলুন্ঠিত করে অন্যভাবে এটিকে প্রবাহিত করার চেষ্টা করা হয়েছে। জিয়াউর রহমান যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন তা বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের অগ্রযাত্রা অব্যাহত থাকবে।’

আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশেষ অতিথি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইদ্রিস আলী ও রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান, উপাচার্য অধ্যাপক ড. মতিনুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইদ্রিস আলী।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, হল কর্তৃপক্ষ, কর্মকর্তা-কর্মচারীসহ ক্যাম্পাসে ক্রিয়াশীল ছাত্রসংগঠনের নেতারা।

সর্বশেষ সর্বাধিক পঠিত