পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম মন্তব্য করেছেন যে, দেশের তৈরি পোশাক খাতে চলমান অস্থিরতা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং এর মূল লক্ষ্য দেশের অর্থনীতি ও এই শিল্পকে বিপদে ফেলা।
রবিবার (২২ নভেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে কর্মপরিবেশে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা (ওএসএইচ) বিষয়ক এক সম্মেলনে তিনি এই বক্তব্য দেন।
শামা ওবায়েদ বলেন, দেশের অর্থনীতি, ভবিষ্যৎ ও গার্মেন্টস শিল্পকে ক্ষতিগ্রস্ত করার অসৎ উদ্দেশ্যেই সড়কে বিশৃঙ্খলা ও অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে। এর আগেও তিনি অভিযোগ করেছিলেন যে, পতিত ফ্যাসিবাদী শক্তি এই খাতকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে। বর্তমান সরকার শ্রমিকদের ন্যায্য দাবি পূরণ এবং আরএমজি খাতের বিকাশে শতভাগ আন্তরিকতার সঙ্গে কাজ করছে।
চলতি অর্থবছরে শ্রমিক ও গার্মেন্টস শিল্পবান্ধব বাজেট দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এরপরও যেসব কর্মকাণ্ড চলছে, তাতে স্পষ্ট যে এর পেছনে থাকা মহলটি বাংলাদেশের অর্থনীতি ও পোশাক খাতকে ধ্বংস করতে চায়। দীর্ঘদিন ধরে গার্মেন্টস শিল্পের মাধ্যমে অর্জিত নারীর ক্ষমতায়নকে অস্বীকার করে তারা বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্র হিসেবে দেখতে চায়।
পোশাকশিল্পের শুরুর প্রেক্ষাপট তুলে ধরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, গাজীপুরে তৈরি পোশাক আজ স্টকহোম, আমস্টারডাম, কোপেনহেগেন ও টরন্টোর বাজারে পৌঁছে যাচ্ছে। আশির দশকের শুরুতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ‘মেইড ইন বাংলাদেশ’ নিয়ে বিশ্বদরবারে গর্বিত হওয়ার যে স্বপ্ন দেখেছিলেন, পরবর্তী সময়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নীতিগত সহায়তায় তা এগিয়ে যায়। বিএনপি সরকার সবসময় এ শিল্পের প্রসার এবং শ্রমিকদের নিরাপত্তা ও শ্রম অধিকার নিশ্চিতে সচেষ্ট ছিল বলেও উল্লেখ করেন তিনি।
দেশের রপ্তানি ও অভিবাসন খাতের তথ্য তুলে ধরে শামা ওবায়েদ ইসলাম জানান, বর্তমানে বিশ্বের ১৭৬টি দেশে দেড় কোটির বেশি বাংলাদেশি কর্মরত রয়েছেন। গত অর্থবছরে ইউরোপীয় ইউনিয়ন প্রায় ১৯ বিলিয়ন মার্কিন ডলার এবং যুক্তরাষ্ট্র প্রায় ৭ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলারের পোশাক বাংলাদেশ থেকে আমদানি করেছে।
তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় কূটনৈতিক মিশন ও বহুপাক্ষিক ফোরামের মাধ্যমে অভিবাসী কর্মীদের অধিকার রক্ষা এবং নিরাপদ, সুশৃঙ্খল ও দক্ষ অভিবাসন নিশ্চিত করতে কাজ করছে। গত অক্টোবরে জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলাদেশের স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের প্রস্তুতিমূলক সময়সীমা আরও তিন বছর বাড়ানোর অনুমোদনকে বাংলাদেশের প্রতি বিশ্বসম্প্রদায়ের আস্থার প্রতিফলন হিসেবে উল্লেখ করেন তিনি। এ জন্য ইউরোপীয় ইউনিয়ন, ডেনমার্ক, নেদারল্যান্ডস, সুইডেন, কানাডা ও আন্তর্জাতিক শ্রম সংস্থাসহ (আইএলও) উন্নয়ন সহযোগীদের ধন্যবাদ জানান।
তিনি বলেন, দেশের এই গুরুত্বপূর্ণ খাত রক্ষার দায়িত্ব শুধু সরকার, শ্রমিক বা গার্মেন্টস মালিকদের একার নয়; বরং এটি সবার সম্মিলিত দায়িত্ব। সড়কে চলমান বিশৃঙ্খলা ও অস্থিরতা প্রতিরোধে আন্তর্জাতিক সম্প্রদায়সহ সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।