রোহিঙ্গা সংকট কেবল দক্ষিণ-পূর্ব এশিয়া নয়; পুরো বিশ্বে একটি আলোচিত মানবিক ও আন্তঃরাষ্ট্রীয় ইস্যু। বিশেষত রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্য একদিকে মানবিক সমস্যা, অন্যদিকে এটি এদেশের জাতীয় নিরাপত্তা, অর্থনীতি, পরিবেশ, সামাজিক স্থিতিশীলতা এবং আঞ্চলিক ভূরাজনীতির সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। বাস্তুচ্যুত বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে বাংলাদেশ বিশ্ব মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেও এখন তা দীর্ঘমেয়াদি সংকটের সৃষ্টি করেছে। এ সংকট থেকে কীভাবে বের হবে সেটি বাংলাদেশের হাতে নেই। আদৌ সংকট মোচন হবে কিনা সেটিও বাংলাদেশ জানে না। তবে বাংলাদেশ তথা সারা বিশ্ব এটা অনুধাবন করতে পারে যে, রোহিঙ্গা সংকট সমাধানে সবচেয়ে বড় উপকৃত রাষ্ট্র হলো বাংলাদেশ।
এ প্রেক্ষিতে গত ১৯ নভেম্বর আন্তর্জাতিক বিচার আদালত বা ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) গাম্বিয়ার দায়ের করা রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আন্তর্জাতিক আলোচনার পাশাপাশি বাংলাদেশের অন্যতম উন্নয়ন ইস্যুতে পরিণত হয়েছে। পশ্চিম আফ্রিকার কমনওয়েলথ ও ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসিভুক্ত মুসলিম সংখ্যাগরিষ্ঠ (জনসংখ্যার প্রায় ৯৬ শতাংশ মুসলমান) ক্ষুদ্রতম দেশ গাম্বিয়া প্রজাতন্ত্র ২০১৯ সালের ১১ নভেম্বর মিয়ানমারের বিরুদ্ধে আইসিজে আনুষ্ঠানিকভাবে মামলা দায়ের করে। ওআইসির সমর্থনে ১৯৪৮ সালের গণহত্যা প্রতিরোধ ও শাস্তি প্রদানবিষয়ক কনভেনশন লঙ্ঘনের অভিযোগ আনা হয়। গাম্বিয়ার এ উদ্যোগ মুসলিম বিশ^সহ মানবাধিকার সংস্থাগুলোর ব্যাপক প্রশংসিত হয়।
কী আছে আইসিজের রায়ে? রায়ের চারটি প্রধান অনুসরণীয় বিষয় রয়েছে। এক, মিয়ানমারকে ক্ষতিপূরণ দিতে হবে। দুই, তাদের হারানো সম্পত্তি ফিরিয়ে দিতে হবে। তিন, নির্যাতিতদের পুনর্বাসন করতে হবে এবং চার ও সর্বশেষ হলো তাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পরিবেশ তৈরি করতে হবে। ‘মানবিক কারণে’ বাংলাদেশে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার শুরুতেই বাংলাদেশ দিন গুনছিল কবে তাদের নিজ রাষ্ট্রে ফেরত পাঠানো যাবে। বিশ্বের অন্যতম সর্বোচ্চ জনবহুল ও ক্ষুদ্র রাষ্ট্র বাংলাদেশের জন্য অন্য রাষ্ট্রের ৭ লাখেরও বেশি বাস্তুচ্যুত জনগণকে আশ্রয় দেওয়া কেবল উন্নয়ন বোঝা নয়; এটি যে অন্যতম জাতীয় নিরাপত্তা ইস্যু তা যে কেউ স্বীকার করবেন। তবে আইসিজের রায় রোহিঙ্গাদের জন্য উচ্ছ্বসিত সংবাদ হলেও বাংলাদেশের জন্য আশঙ্কার বিষয় হলোÑ এই রায় কি রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানের পথ তৈরি করতে পারবে? নাকি সংকটের বাস্তবতা আগের মতোই থেকে যাবে? হত্যাকাণ্ড, ধর্ষণ, অগ্নিসংযোগ, নির্যাতন ও বসতভিটা ধ্বংসের ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া লাখ লাখ রোহিঙ্গা কি শেষ পর্যন্ত তাদের নিজ ভূমিতে প্রত্যাবর্তন করতে পারবে? আর সর্বশেষ প্রশ্ন রোহিঙ্গারা কি তাদের নিজ ভূমিতে যেতে চায়? এসব নিয়ে আশঙ্কা থেকেই যাচ্ছে। আবার গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত মিয়ানমারের জান্তা সরকার সেটি কীভাবে মোকাবিলা করবে তা নিয়েও এক ধরনের ধোঁয়াশা রয়ে যাচ্ছে।
কী জন্য ধোঁয়াশা সেটি বুঝতে হলে রোহিঙ্গা সংকটের মূল ও মিয়ানমার রাষ্ট্রের প্রকৃতির স্বরূপ উন্মোচন করতে হবে। উপলব্ধি করা দরকার, এ সংকটের ঐতিহাসিক শিকড় ও রাজনৈতিক বাস্তবতা। গভীরে যেতে হবে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের বিভিন্ন পর্যায় বা ইতিহাসে, যা বিবেচনায় আনা গুরুত্বপূর্ণ। মিয়ানমারের পশ্চিম উপকূলে অবস্থিত রাখাইন বা আরাকান রাজ্যের উত্তরে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ ও পশ্চিমে বঙ্গোপসাগর। পূর্বে আরাকান পর্বতমালা দ্বারা মূল ভূখণ্ড থেকে কিছুটা বিচ্ছিন্ন। একই সঙ্গে মুসলিম বণিকরা আরাকান ও বাংলায় গমন ও বসতি স্থাপন করেছে এবং আরাকান ও বাংলা তথা দুই অঞ্চলের জনগণের দুই অঞ্চলেই অবাধ গমন ছিল। ১৮২৪ সালে বার্মা (বর্তমান মিয়ানমার) ও ইংরেজদের যুদ্ধে বর্মীদের পরাজয়ের মধ্য দিয়ে আরাকান ব্রিটিশ শাসনের অধীনে চলে যায়। ১৯৪৮ সালে বার্মা ব্রিটিশদের কাছ থেকে স্বাধীন হয়। স্বাধীন রাষ্ট্র হিসেবে যাত্রার শুরুতে রোহিঙ্গারা কেবল নাগরিকই ছিল না; বরং রাষ্ট্রীয় কাঠামো ও সংসদ নির্বাচনে অংশ নিয়েছে, জনপ্রতিনিধি হয়েছে, সরকারি চাকরিও পেয়েছে। কিন্তু কিছুদিন পরই রোহিঙ্গাদের নাগরিকত্ব ও জাতিগত পরিচয় নিয়ে বিতর্ক দেখা দেয়। (এটি কেবল বার্মার ক্ষেত্রে নয়; ব্রিটিশরা আফ্রিকা ও এশিয়া মহাদেশের যেসব দেশ শাসন করেছে এর অনেক দেশই কমবেশি জাতিগত সংকটে আজও ভুগছে।)
আজকের রোহিঙ্গা সংকটের শুরু ১৯৬২ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে। জান্তা শাসন রোহিঙ্গাদের রাজনৈতিক, সামাজিক ও নাগরিক অধিকার খর্ব করতে থাকে। ১৯৭৮ সালে কথিত অবৈধ অভিবাসী শনাক্তকরণের নামে জান্তা সরকার ‘অপারেশন নাগামিন’ বা ‘ড্রাগন কিং’ শুরু করে। সেসময় নির্যাতন নিপীড়নের শিকার হয়ে প্রায় দুই লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। এটিই তাদের প্রথম বাংলাদেশে আসা। পরবর্তী সময় স্থিতিশীলতা এলে রোহিঙ্গাদের বেশিরভাগই মিয়ানমার চলে যায়। কেউ কেউ বাংলাদেশের বিভিন্ন প্রান্থে বাঙালিদের সঙ্গে মিশে যায় বলেও বিভিন্ন মাধ্যমে জানা যায়। এদিকে মিয়ানমারের ১৯৮২ সালের নাগরিকত্ব আইন রোহিঙ্গা সংকটকে আরও ঘনীভূত করে। এ আইন মিয়ানমারের ১৩৫টি জাতিগোষ্ঠীকে স্বীকৃতি দিলেও রোহিঙ্গাদের সেখানে অন্তর্ভুক্ত করা হয়নি। নাগরিকত্ব হারিয়ে শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান, অবাধ চলাচল, স্বাধীন মত প্রকাশসহ নানা মৌলিক ও মানবিক অধিকার থেকে রোহিঙ্গারা বঞ্চনার মুখে পড়ে। ১৯৯১–৯২ সালে আবার শুরু হয় সামরিক অভিযান ও নিপীড়ন-নির্যাতন। তখন প্রায় আড়াই লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে।
রোহিঙ্গারা মূলত সুন্নি মুসলমান। ২০১২ সালের ২৮ মে রাখাইনের রামরি এলাকায় এক বৌদ্ধ নারী হত্যাকাণ্ডে তিনজন মুসলিমকে অভিযুক্ত করে। ঘটনার জেরে একই বছরের ৩ জুন তাউংগুপ এলাকায় একটি বাস থেকে স্থানীয় বৌদ্ধরা ১০ জন রোহিঙ্গা তথা মুসলিম যাত্রীকে নামিয়ে হত্যা করে। এতে রোহিঙ্গারা ক্ষোভে ফেটে পড়ে। শুরু হয় সাম্প্রদায়িক দাঙ্গা। সেই বছরের জুন ও অক্টোবরে দুই দফায় সংঘটিত সহিংসতায় প্রাণ হারায় ও বাস্তুচ্যুত হয় বহু রোহিঙ্গা। তবে সে সময় তেমন সংখ্যক রোহিঙ্গা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করতে পারেনি। নিজ ভূমিতেই কার্যত তারা অবরুদ্ধ জীবনযাপন করেন। ২০১৬ সালে সীমান্তরক্ষী বাহিনীর কয়েকটি স্থাপনায় হামলার অভিযোগে রোহিঙ্গাদের ওপর নেমে আসে নির্যাতন-নিপীড়ন। ২০১৭ সালে ঘটে ভয়াবহ সামরিক অভিযান ও গণ-বাস্তুচ্যুতির ঘটনা। সীমান্ত অতিক্রম করে ও নৌকায় ভেসে লাখো রোহিঙ্গার আগমনে কক্সবাজারের উখিয়া ও টেকনাফে আজ বিশ্বের অন্যতম বৃহৎ শরণার্থী শিবির। এটিই সাম্প্রতিককালের সবচেয়ে অন্যতম বৃহৎ মানবিক ও নিরাপত্তা সংকট। এরই সূত্র ধরে গাম্বিয়ার আইসিজেতে যাওয়া এবং রায় নিয়ে আসা। বাংলাদেশ বিভিন্ন ফোরামে এ নিয়ে কথা বলেছে। বিশ্ব নেতাদের দৃষ্টি আকর্ষণ ও ভূ-রাজনীতির বাস্তবতায় বিভিন্ন রাষ্ট্রের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে। সহযোগিতা কামনা করেছে। কোনো কোনো সময় আশ্বাস পেলেও বাস্তবে তা কার্যকর হয়নি। বিগত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মুহাম্মদ ইউনূস জাতিসংঘের মহাসচিবকে কক্সবাজারের শরণার্থী শিবিরে এনে লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতার করান। তখন আগামী ঈদ তাদের নিজ ভূমিতে উদযাপনের ঘোষণা ছিল বাস্তবতাবিবর্জিত ও অন্তঃসারশূন্য।
আইসিজের রায়ে বাংলাদেশ আশার আলো দেখতেই পারে। তবে তা নির্ভর করে লেখার শুরুতে উল্লিখিত রায়ের চারটি দিক সঠিকভাবে কাজে লাগানোর ওপর। অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যাবিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান আজ দেশের কেবল পররাষ্ট্র মন্ত্রী নন; জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন তথা বর্তমান সভাপতি। আইসিজের রায়ের পরদিন ২০ নভেম্বর তিনি কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শরণার্থীশিবির পরিদর্শন শেষে তাদের উদ্দেশে বলেন, ‘মিয়ানমারকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বাড়িঘর, জমি ও অন্যান্য সম্পত্তি ফিরিয়ে দেওয়া বা বিকল্প ব্যবস্থা করতে হবে। বিচ্ছিন্ন পরিবারগুলোকে পুনর্মিলিত করা, আহতদের চিকিৎসা এবং নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বের করার উদ্যোগ নিতে হবে। পাশাপাশি রোহিঙ্গাদের নিজেদের ভবিষ্যৎ নির্ধারণের ক্ষেত্রে তাদের মতামতকে গুরুত্ব দিতে হবে। রোহিঙ্গাদের ইচ্ছা ও আকাক্সক্ষার ভিত্তিতেই প্রত্যাবাসন প্রক্রিয়া পরিচালিত হওয়া উচিত।’ সবশেষে তিনি বলেন, ‘রোহিঙ্গাদের নিরাপদে ফিরে যাওয়ার পরিবেশ তৈরি না হওয়া পর্যন্ত শরণার্থী শিবিরগুলোতে মানবিক সহায়তা অব্যাহত রাখতে হবে। এ দায়িত্ব শুধু বাংলাদেশ সরকার ও জনগণের ওপর ছেড়ে দেওয়া যায় না। আন্তর্জাতিক সম্প্রদায় ও উন্নয়ন সহযোগীদের মানবিক সহায়তার অর্থায়ন বাড়াতে হবে।’
এ থেকে বোঝা গেল আইসিজের রায় ঘোষণায় রোহিঙ্গা সংকটের সমাপ্তি তো ঘটেইনি; বরং শুরু হয়েছে নতুন অধ্যায়। সে অধ্যায় হলো কূটনৈতিক তৎপরতা জোরদার করে রায় বাস্তবায়নের দিকে এগিয়ে যাওয়া। ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর রাখাইন রাজ্য বিভিন্ন সশস্ত্রগোষ্ঠীর সংঘাত-সংঘর্ষে আক্রান্ত। পুরো মিয়ানমারে চলছে রাজনৈতিক অস্থিরতা। এটি রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের অন্তরায়। আর রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের সঙ্গে জড়িত বাংলাদেশ থেকে শরণার্থী বোঝা নামার ব্যাপারটি। আইসিজের একটি রায় যখন হয়েছে তখন বাংলাদেশের উচিত এ শরণার্থী সংকট সমাধানে তথা রায় কার্যকরে দ্বিপক্ষীয় আলোচনার পাশাপাশি বহুপক্ষীয় কূটনৈতিক উদ্যোগ জোরদার করা। বিবেচনায় রাখতে হবে যে, আইসিজের রায় কার্যকরে নিজস্ব কোনো প্রয়োগকারী বাহিনী নেই। জাতিসংঘ সনদের ৯৪ অনুচ্ছেদ অনুযায়ী, রায় বাস্তবায়নে ব্যর্থতার ক্ষেত্রে নিরাপত্তা পরিষদের শরণাপন্ন হওয়ার সুযোগ রয়েছে। এ জন্য বাংলাদেশকে প্রয়োজনে নিরাপত্তা পরিষদের শরণাপন্ন হতে হবে। প্রশ্ন থেকে যায়, বাংলাদেশ কি নিরাপত্তা পরিষদের হস্তক্ষেপ নিশ্চিত করে রোহিঙ্গাদের ‘নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন’ নিশ্চিত করতে পারবে? জাতিসংঘ, ওআইসি, আসিয়ান, ইউরোপীয় ইউনিয়ন, কমনওয়েলথসহ শক্তিশালী ও প্রভাবশালী রাষ্ট্র ও মানবিক সংগঠনগুলোর সমর্থন নিয়ে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে যেতে হবে।
লেখক: শিক্ষাবিদ, পরিবেশ-প্রতিবেশ ও উন্নয়ন গবেষক। উপাচার্য, মেট্রোপলিটন ইউনিভার্সিটি, সিলেট ও অধ্যাপক (লিয়েন ছুটিরত), পলিটিক্যাল স্টাডিজ বিভাগ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট।