জামালপুরে ভোক্তা অধিকার কর্মকর্তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ

আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ পিএম

পরীক্ষাগারে নমুনা পরীক্ষা ছাড়াই কারখানার কাঁচামালকে ভেজাল ঘোষণা, দুই লাখ টাকা জরিমানা এবং প্রায় এক কোটি টাকার কাঁচামাল ধ্বংসের অভিযোগ উঠেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জামালপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শরীফুল ইসলামের বিরুদ্ধে।

এ ছাড়া ভয়ভীতি দেখিয়ে ফাঁকা ফরমে স্বাক্ষর আদায় এবং গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য দেওয়ার অভিযোগও করেছে ভুক্তভোগী প্রতিষ্ঠান গ্রিন বায়োটেকনোলজি।

এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত, বিভাগীয় ব্যবস্থা, জরিমানার টাকা ফেরত ও ক্ষতিপূরণ চেয়ে রোববার সকালে অধিদপ্তরের মহাপরিচালকের কাছে লিখিত অভিযোগ দিয়েছে প্রতিষ্ঠানটি। ঘটনাটি ঘটেছে জামালপুরের মেলান্দহ উপজেলার সুন্সি নাংলা এলাকায় প্রতিষ্ঠানটির কারখানায়।

অভিযোগে বলা হয়, গত বুধবার দুপুরে সহকারী পরিচালক শরীফুল ইসলাম কারখানা পরিদর্শনে যান। এ সময় তিনি সংরক্ষণাগারে থাকা কিছু কাঁচামালকে কোনো নমুনা পরীক্ষা ছাড়াই ভেজাল ঘোষণা করেন। প্রতিষ্ঠানটির দাবি, কাঁচামালগুলো নিজস্ব পরীক্ষাগারে পুনঃপরীক্ষার আওতায় ছিল এবং সেগুলোর মেয়াদও শেষ হয়নি। এরপর ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ধারায় দুই লাখ টাকা জরিমানা করেন তিনি। পাশাপাশি প্রায় এক কোটি টাকার কাঁচামাল ধ্বংস করা হয়।

প্রতিষ্ঠানটির তত্ত্বাবধায়ক মো. নজরুল ইসলাম বলেন, ‘আমরা তাকে কাঁচামালগুলো সরকারি বা অন্য যেকোনো পরীক্ষাগারে পরীক্ষা করে আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছিলাম। কিন্তু তিনি সেই সুযোগ দেননি।’

তার অভিযোগ, কারখানা সিলগালা, গ্রেপ্তার ও এক বছরের কারাদণ্ডের ভয় দেখিয়ে তাকে ফাঁকা ফরমে স্বাক্ষর করতে বাধ্য করা হয়।

প্রতিষ্ঠানটির দাবি, তাদের পণ্যের বিএসটিআইয়ের বৈধ লাইসেন্স রয়েছে। অধিকাংশ পণ্য বিসিএসআইআর কর্তৃক ডার্মাটোলজিক্যালি পরীক্ষিত ও নিরাপদ।

এদিকে, অভিযানের সময় পৃথক প্রতিষ্ঠান বায়োজিন কসমেসিউটিক্যালসকে জড়িয়ে বিভ্রান্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগও উঠেছে। প্রতিষ্ঠানটির প্রশাসন বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক সাইফুল ইসলাম বলেন, ‘বায়োজিন কসমেসিউটিক্যালস ও গ্রিন বায়োটেকনোলজি সম্পূর্ণ পৃথক ও স্বতন্ত্র দুটি প্রতিষ্ঠান।’ এ ঘটনায় বায়োজিনের ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ন হয়েছে বলে দাবি করেন তিনি।

তবে অভিযোগ অস্বীকার করে সহকারী পরিচালক শরীফুল ইসলাম বলেন, ‘আমি ওই কারখানায় গিয়ে কাঁচামালগুলোর মেয়াদোত্তীর্ণ পেয়েছি। মেয়াদোত্তীর্ণ কাঁচামাল ব্যবহারের সুযোগ নাই। ফলে কাঁচামালগুলোর পরীক্ষা করা হয়নি। আমি কোনো জব্দ তালিকাও করি নাই। তবে কাঁচামালগুলো আমি ধ্বংস করেছি।’

ফাঁকা ফরমে স্বাক্ষর নেওয়া বা গ্রেপ্তারের হুমকি দেওয়ার অভিযোগও অস্বীকার করেন তিনি। চোখের দেখায় কাঁচামালের সমস্যা কীভাবে বুঝেছেন, এমন প্রশ্নে তার বক্তব্য, কিছু বিষয় চোখে দেখেই বোঝা যায়, আবার কিছু ক্ষেত্রে পরীক্ষার প্রয়োজন হয়।

 
সর্বশেষ সর্বাধিক পঠিত