 প্রশাসনিক কার্যক্রম

সীমাবদ্ধতা ঘুচিয়ে গতিশীলতা আনুন

আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ১২:৩৭ এএম

প্রশাসনিক কার্যক্রমের গতি যদি হয় মন্থর, তাহলে নাগরিক সমাজ তো বটেই, রাষ্ট্রীয় কাজে ভাটার স্রোত স্পর্শ করে। যেকোনো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অঙ্গ হলো প্রশাসন এ আর বলার অপেক্ষা রাখে না। জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান যথার্থই বলেছেন, ‘সুশাসন মানবাধিকার ও আইনের শাসনকে নিশ্চিত করে; জনপ্রশাসনে দক্ষতা ও স্বচ্ছতা নিশ্চিত করার মাধ্যমে গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করে’। কিন্তু এর যদি ঘাটতি থাকে তাহলে সরকারের কার্যক্রম ও জনস্বার্থে কতটা অভিঘাত লাগে, এর ফের নজির মিলেছে ২২ নভেম্বর দেশ রূপান্তরে প্রকাশিত শীর্ষ প্রতিবেদনে। বলা হয়েছে, ‘সরকারি বিভিন্ন দপ্তরে বিপুলসংখ্যক শূন্যপদ থাকায় প্রশাসনিক কার্যক্রমে ব্যাঘাত ঘটছে। পাশাপাশি জনগণের প্রতি দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকারের কার্যক্রমের গতির সঙ্গে তাল মেলাতে পারছে না প্রশাসন’। সচিবরাও তুলে ধরেছেন নানা সীমাবদ্ধতার চিত্র। তাদের ভাষ্য, ‘মন্ত্রিসভার চাহিদা অনুযায়ী পেপারওয়ার্কের জন্য দক্ষ এবং উপযুক্ত কর্মকর্তার অভাব থাকায় তা সময়মতো সম্পন্ন করা সম্ভব হচ্ছে না’।

আমরা মনে করি, জনবল নিঃসন্দেহে একটা বড় বিষয়, কিন্তু পর্যাপ্ত জনবলও কাজের ক্ষেত্রে গতিশীলতা আনতে পারে না, যদি সেই জনবল অদক্ষ হয়। আমরা সচিবদের ‘দক্ষ-উপযুক্ত’ শব্দ যুগলে গুরুত্বারোপ করি। অতীতে আমরা দেখেছি, দুর্ভাগ্যজনকভাবে অনেক ক্ষেত্রেই দক্ষতা-যোগ্যতার চেয়ে ‘রাজনৈতিক বিবেচনা’ কিংবা ‘আনুগত্য’ প্রাধান্য পেয়েছে পদোন্নতি-পদাবনতি-ওএসডির ক্ষেত্রে। এই অনভিপ্রেত বিষয়টি আমাদের প্রশাসনে প্রায় প্রতিটি রাজনৈতিক সরকার তো বটেই, কোনো কোনো অরাজনৈতিক সরকারের শাসনকালও এর বাইরে ছিল না। এর মধ্যে আছে চুক্তিভিত্তিক নিয়োগের বিষয়টিও। এই অপসংস্কৃতির অপছায়ায় ঢেকে গেছে প্রশাসনিক কার্যক্রম। দেশ রূপান্তরের প্রতিবেদনেও পুনরায় সেই আভাস মিলেছে। সরকারি কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা যে হারে কমেছে সেই হারে কতটা পূরণ হয়েছে এ নিয়ে প্রশ্ন নতুন নয়। প্রশাসনিক কার্যক্রম ও অর্থনীতির পরিসর বেড়েছে। জনপ্রশাসনে অতিরিক্ত দায়িত্বের পরিধিও বেড়েছে। কেউ যখন ওএসডি থাকেন এ অবস্থায়ও নিয়মিত বেতন-ভাতা এবং প্রাধিকার অনুযায়ী অন্যান্য সুবিধা পান, যা সরকারি কোষাগার থেকে অপচয় বৈ ভিন্ন কিছু বলে আমরা মনে করি না।

দেশ রূপান্তরের ওই প্রতিবেদনেই বলা হয়েছে, ‘প্রশাসনে এমন অতিরিক্ত, ভারপ্রাপ্ত ও চলতি দায়িত্ব পালন করা কর্মকর্তার সংখ্যা কয়েকশ। ১৫ মন্ত্রণালয় ও তার অধীন বিভাগ এবং অধিদপ্তরগুলোতে প্রায় ৩০০ শূন্যপদের বিপরীতে ভারপ্রাপ্ত, অতিরিক্ত ও চলতি দায়িত্ব পালন করছেন কর্মকর্তারা। বিভাগীয় ও জেলা কার্যালয়সহ মাঠপর্যায়ের শূন্যপদ এ হিসাবের বাইরে’। এমন প্রেক্ষাপটে সরকারের সঙ্গে প্রশাসন দৌড়াবে কী করে! দায়িত্ব বণ্টনে দলীয় স্বার্থের নিরিখ যদি প্রাধান্য পায় তাহলে সর্বজনের প্রশাসনের আশা দূরাশারই নামান্তর। নিজ পদের দায়িত্বের বাইরে অতিরিক্ত দায়িত্ব যদি কেউ পালন করেন তাহলে তার পক্ষে ঠিকমতো কাজ করা দুরূহ। স্বচ্ছ, গতিশীল, জবাবদিহিমূলক, জনবান্ধব প্রশাসনের জনদাবি নতুন না হলেও সরকারের পালাবদলে যেন পাল্টে যায় জনস্বার্থের হিসাব-নিকাশ, প্রাধান্য পায় দলীয় স্বার্থ। আমরা এই অপসংস্কৃতির অবসান এবং জনবান্ধব গতিশীল প্রশাসনের কাঠামো চাই।

আমরা মনে করি, উন্নয়ন শুধু কারখানা-বাঁধ-রাস্তার পরিসর বৃদ্ধি নয়, উন্নয়ন মানুষের সঙ্গে সম্পর্কযুক্ত। মানুষের বস্তুগত, সাংস্কৃতিক এবং আধ্যাত্মিক পরিপূর্ণতার সঙ্গে উন্নয়ন সম্পর্কিত। উন্নয়নের ক্ষেত্রে মানবিক উপাদান সর্বোচ্চ মূল্যবান এবং এ ক্ষেত্রে প্রশাসনের ভূমিকা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। এই প্রেক্ষাপটে জরুরি প্রশাসনিক উন্নয়নও এবং এর অলোয়ই আলোকিত হবে সরকারের নীতি বাস্তবায়নের পথ, যার সুফলভোগী হবে জনগণ। সরকার কিংবা প্রশাসনের দায়িত্বশীল কেউ শুধু ব্যক্তি মাত্র নন, দেশ-জাতির আশা-আকাক্সক্ষার বাস্তবায়নের গুরুভারধারী। সেই আলোকে ব্যক্তি কিংবা মানুষ সর্বাধিক গুরুত্বপূর্ণ। মনে রাখা বাঞ্ছনীয়, কার্যক্রমে ব্যর্থতা তখনই আসে যখন মানুষ আদর্শ, উদ্দেশ্য ও নীতি ভুলে যায়। প্রশাসনে গতিশীলতা আনতে দক্ষ জনবলের পাশাপাশি ডিজিটাল প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার, জবাবদিহি নিশ্চিতকরণ এবং আমলাতান্ত্রিক জটিলতা দূর করা অত্যন্ত জরুরি। আরও জরুরি-সিদ্ধান্ত গ্রহণের স্তর কমানো, ক্ষমতার বিকেন্দ্রীকরণ, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ, কর্মসম্পাদন মূল্যায়ন, তথ্য অধিকার নিশ্চিতকরণ, মেধা ও যোগ্যতার মূল্যায়ন, দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতির বাস্তবায়ন। জনবলের দৈন্য ঘুচানোর সমান্তরালে নীতিনিষ্ঠ, পারদর্শী ও জনবান্ধব মানসিকতার সমন্বয় ঘটাতে পারলে প্রশাসনে কাক্সিক্ষত গতিশীলতা ফিরবে। এ জন্য জরুরি রাজনৈতিক দৃঢ়তা-অঙ্গীকার-একাগ্রতা।

সর্বশেষ সর্বাধিক পঠিত