সুরা কুরাইশে জীবিকা, নিরাপত্তা ও কৃতজ্ঞতা

আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ০৭:৪৮ এএম

মানুষের জীবনে খাবার ও নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি নেয়ামত। খাবারের নিশ্চয়তা না থাকলে জীবন দুর্বিষহ হয়ে ওঠে। নিরাপত্তা না থাকলে সম্পদ, সম্মান ও স্বাভাবিক জীবনযাপন সবকিছুই হুমকির মুখে পড়ে। মহান আল্লাহ মানুষকে এসব নেয়ামত দান করেন। পবিত্র কোরআনের সুরা কুরাইশে তিনি বিশেষভাবে কুরাইশ গোত্রের প্রতি তার অনুগ্রহের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। তাদের জীবিকা, বাণিজ্য, সম্মান ও নিরাপত্তার পেছনে যে আল্লাহর অনুগ্রহ রয়েছে, তা তুলে ধরে একমাত্র তারই ইবাদত করার নির্দেশ দিয়েছেন।

সুরা কুরাইশ পবিত্র কোরআনের ১০৬ নম্বর সুরা। এটি মক্কায় অবতীর্ণ হয়েছে। এর আয়াত সংখ্যা চার। সুরাটির নামকরণ করা হয়েছে আরবের প্রসিদ্ধ কুরাইশ গোত্রের নামে। এ সুরার মূল বক্তব্য হলো, মহান আল্লাহর দেওয়া জীবনোপকরণ ও নিরাপত্তার স্বীকৃতি দিয়ে তার প্রতি কৃতজ্ঞ থাকা এবং একনিষ্ঠভাবে তার ইবাদত করা।

কুরাইশ ছিল আরবের একটি সম্মানিত ও প্রভাবশালী গোত্র। পবিত্র কাবাঘরের খাদেম হওয়ার কারণে আরবের অন্যান্য গোত্রের কাছে তাদের বিশেষ মর্যাদা ছিল। তবে মক্কার ভৌগোলিক অবস্থান তাদের জীবনযাত্রাকে কঠিন করে তুলেছিল। সেখানে পর্যাপ্ত কৃষিজমি কিংবা ফলমূল উৎপাদনের উপযোগী বাগান ছিল না। ফলে তাদের জীবিকা অনেকাংশে বাণিজ্যের ওপর নির্ভরশীল ছিল। মহান আল্লাহ তাদের জন্য বাণিজ্যের পথ সহজ করে দিয়েছিলেন।

কুরাইশদের বাণিজ্যিক কার্যক্রমের একটি বিশেষ বৈশিষ্ট্য ছিল শীত ও গ্রীষ্মকালে দুটি নিয়মিত সফর। গ্রীষ্মকালে তারা শীতপ্রধান অঞ্চল সিরিয়া ও ফিলিস্তিনের দিকে যেত। আর শীতকালে যেত তুলনামূলক উষ্ণ অঞ্চল ইয়েমেনে। এসব সফরের মাধ্যমে তারা প্রয়োজনীয় পণ্য সংগ্রহ করত এবং ব্যবসা করে জীবিকা নির্বাহ করত। তাদের অর্থনৈতিক সমৃদ্ধির বড় একটি ভিত্তি ছিল এই বাণিজ্যিক কাফেলাগুলো।

আল্লাহর ঘরের খাদেম হওয়ার কারণে কুরাইশরা আরবের বিভিন্ন গোত্রের কাছে সম্মানিত ছিল। এ মর্যাদার কারণে তাদের বাণিজ্যিক কাফেলাগুলো সাধারণত নির্বিঘেœ যাতায়াত করতে পারত। অন্য গোত্রের মানুষ তাদের ওপর আক্রমণের সাহস করত না। ফলে প্রতিকূল পরিবেশেও তারা নিরাপদে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করতে পারত।

সুরা কুরাইশের প্রথম দুই আয়াতে আল্লাহ কুরাইশদের এই অভ্যাস ও বাণিজ্যিক সফরের কথা উল্লেখ করেছেন। এর মাধ্যমে তিনি তাদের স্মরণ করিয়ে দিয়েছেন, এই সুবিধা ও নিরাপত্তা তাদের নিজেদের অর্জন নয়, বরং আল্লাহর বিশেষ অনুগ্রহ। তাফসিরে এসেছে, প্রথম আয়াতের ‘ঈলাফ’ শব্দের অর্থ অভ্যস্ত হওয়া, পরিচিতি কিংবা ঐক্য ও সম্পর্কের বন্ধন। অর্থাৎ কুরাইশদের নিয়মিত বাণিজ্যিক সফর এবং তাদের মধ্যে প্রতিষ্ঠিত সম্পর্ক ও সংহতির বিষয়টি এখানে তুলে ধরা হয়েছে।

এ প্রসঙ্গে আসহাবে ফিল বা হস্তিবাহিনীর ঘটনাও গুরুত্বপূর্ণ। আবরাহা কাবাঘর ধ্বংসের উদ্দেশ্যে বিশাল বাহিনী নিয়ে মক্কায় অভিযান চালিয়েছিল। কিন্তু মহান আল্লাহ তাদের পরিকল্পনা ব্যর্থ করে দেন। ফলে কাবাঘরের মর্যাদা অক্ষুণ্ন থাকে এবং কুরাইশদের সম্মান ও নিরাপত্তাও বজায় থাকে। এই ঘটনার মাধ্যমে আল্লাহ তাদের প্রতি নিজের বিশেষ অনুগ্রহের কথা স্মরণ করিয়ে দিয়েছেন।

তৃতীয় আয়াতে আল্লাহ বলেন, ‘অতএব তারা যেন এ ঘরের রবের ইবাদত করে।’ (সুরা কুরাইশ ৩)

এখানে ‘এ ঘর’ বলতে পবিত্র কাবাঘরকে বোঝানো হয়েছে। কুরাইশদের সম্মান, নিরাপত্তা ও জীবিকার সঙ্গে এই ঘরের বিশেষ সম্পর্ক ছিল। তাই যে আল্লাহ তাদের এসব নেয়ামত দান করেছেন, তারই ইবাদত করা তাদের দায়িত্ব।

চতুর্থ আয়াতে আল্লাহ তার দুটি বড় নেয়ামতের কথা উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘যিনি তাদের ক্ষুধায় আহার দিয়েছেন এবং ভয় থেকে তাদের নিরাপদ করেছেন।’ (সুরা কুরাইশ ৪)

ক্ষুধা থেকে মুক্তি এবং ভয় থেকে নিরাপত্তা মানুষের সুখী জীবনের মৌলিক চাহিদা। কুরাইশদের জীবনে এই দুটি নেয়ামতের ব্যবস্থা করেছিলেন মহান আল্লাহ। মক্কার অনুর্বর পরিবেশেও তিনি তাদের জীবিকার পথ খুলে দিয়েছিলেন। পাশাপাশি আরবের অস্থির ও বিপজ্জনক পরিস্থিতির মধ্যেও তাদের নিরাপদে থাকার সুযোগ দিয়েছিলেন। এসব অনুগ্রহের বিনিময়ে তাদের উচিত ছিল আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়া এবং একনিষ্ঠভাবে তার ইবাদত করা।

সুরা কুরাইশের শিক্ষা শুধু একটি গোত্রের ইতিহাসের মধ্যে সীমাবদ্ধ নয়। এর বার্তা সব যুগের মানুষের জন্য প্রাসঙ্গিক। খাবার, বাসস্থান, জীবিকা ও নিরাপত্তা মানুষের জীবনের অপরিহার্য চাহিদা। এগুলোর কোনো একটি বিঘিœত হলে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা কঠিন হয়ে পড়ে। তাই এসব নেয়ামত লাভ করলে মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকা প্রত্যেক মানুষের দায়িত্ব।

পবিত্র কোরআনের অন্য আয়াতেও নেয়ামতের অকৃতজ্ঞতার পরিণতি তুলে ধরা হয়েছে। আল্লাহ বলেন, ‘আল্লাহ দৃষ্টান্ত দিচ্ছেন এক জনপদের, যা ছিল নিরাপদ ও নিশ্চিন্ত, যেখানে সবদিক থেকে আসত প্রচুর জীবনোপকরণ। তারপর তারা আল্লাহর অনুগ্রহ অস্বীকার করল। ফলে তারা যা করত, সে জন্য আল্লাহ তাদের ক্ষুধা ও ভীতির স্বাদ আস্বাদন করালেন।’ (সুরা নাহল ১১২)

আমাদের জীবনের প্রতিটি নেয়ামতের জন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকতে হবে। অভাবের সময় ধৈর্য ধরতে হবে, সচ্ছলতার সময় অহংকার থেকে দূরে থাকতে হবে এবং নিরাপত্তা ও জীবিকার জন্য একমাত্র আল্লাহর ওপর ভরসা করতে হবে। তার দেওয়া অনুগ্রহের স্বীকৃতি দিয়ে একনিষ্ঠভাবে ইবাদত করাই আমাদের দায়িত্ব। মহান আল্লাহ আমাদের সবাইকে এ দায়িত্ব পাালনের  তৌফিক দান করুন। আমিন।

সর্বশেষ সর্বাধিক পঠিত