ইসরায়েলে পরবর্তী সরকার গঠনের দায়িত্ব পাওয়া গাদি আইজেনকট জোট সরকার গঠনের আলোচনায় অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ডানপন্থি লিকুদ পার্টিকে আমন্ত্রণ জানিয়েছেন। গত শনিবার আইজেনকটের মধ্যপন্থি দল ইয়াশার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। দলটি বলেছে, যতটা সম্ভব বৃহত্তর জোট সরকার গঠনের লক্ষ্যেই লিকুদ পার্টির সঙ্গে এ আলোচনা শুরু হচ্ছে। ইসরায়েলে গত অক্টোবরের নির্বাচনে কোনো পক্ষই পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পায়নি। পরে সাবেক সেনাপ্রধান আইজেনকটকে নতুন সরকার গঠনের দায়িত্ব দেন প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। তবে আইজেনকটের হাতে সময় কম। আগামী ৬ ডিসেম্বরের মধ্যে তাকে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে। প্রেসিডেন্ট চাইলে প্রয়োজনে আরও ১৪ দিন সময় দেওয়া হতে পারে। এর মধ্যেও না পারলে সরকার গঠনে ডাকা হতে পারে নেতানিয়াহুকেই।
এ ঘোষণা এমন এক সময়ে এলো, যখন নেতানিয়াহুবিরোধী বিস্তৃত শিবিরের মধ্যে জোট গঠন নিয়ে মতভেদ দেখা দিয়েছে। অতি-রক্ষণশীল দল ও আরব সংখ্যাগরিষ্ঠ তালিকার সঙ্গে জোট করা হবে, নাকি নেতানিয়াহুর শিবিরের সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গঠন করা হবে তা নিয়ে বিভক্তি রয়েছে শিবিরটিতে। আইজেনকটের শিবিরের গুরুত্বপূর্ণ নেতা ও সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট গত শনিবার আইজেনকটের নেতৃত্বে ‘জায়নিস্ট ঐক্যের সরকার’ গঠনের আহ্বান জানিয়েছেন। কিন্তু নেতানিয়াহু বা তার জোটের সঙ্গে যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি। এক বিবৃতিতে বেনেট বলেন, ‘ইসরায়েল রাষ্ট্রের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে নেতানিয়াহুকে ঠেকাতে আমি প্রতিশ্রুতিবদ্ধ। আমার দল কোনো পরিস্থিতিতেই তার বা তার জোটের সঙ্গে যোগ দেবে না’।
এদিকে, ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিভিন্ন গ্রামে ইসরাইলি বসতি স্থাপনকারীদের অগ্নিসংযোগের ঘটনাকে ‘ইহুদি সন্ত্রাসবাদ’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছেন আইজেনকট। একই সঙ্গে সহিংস বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে ইসরাইল সরকার ও নিরাপত্তা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। টাইমস অব ইসরায়েল জানিয়েছে, গত শনিবার রাতে দেইর আল-সুদান গ্রামের বেশ কয়েকটি ঘরবাড়ি ও গাড়িতে আগুন ধরিয়ে দেয় বসতি স্থাপনকারীরা। এ ছাড়া পাশের দেইর আবু মাশআল ও কাফর মালিক গ্রামেও বেশ কিছু যানবাহনে আগুন দেওয়া হয়। এক্সে দেওয়া পোস্টে আইজেনকট লেখেন, ‘উগ্রপন্থি গোষ্ঠীগুলোর গাড়ি ও ঘরবাড়িতে আগুন দেওয়ার মতো নাশকতামূলক কর্মকাণ্ড আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট করছে। মানুষের জীবনকে ঝুঁকির মুখে ফেলছে এবং ইসরায়েলের জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক সম্পর্কের মারাত্মক ক্ষতি করছে।’