দায়িত্ব গ্রহণের পর প্রথম দ্বিপক্ষীয় বিদেশ সফরে ভারতে পৌঁছেছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। এনডিটিভি জানিয়েছে, দুই দিনের রাষ্ট্রীয় সফরে গতকাল রবিবার নয়াদিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে পৌঁছান তিনি। সফরকালে ৩৬ বছর বয়সী বালেন্দ্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীসহ শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এতে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা, যার মধ্যে রয়েছে অর্থনৈতিক ও জ্বালানি সহযোগিতা এবং নতুন আকাশপথ চালু। বিবিসি জানিয়েছে, নেপালের নতুন রাজনৈতিক প্রজন্মের নেতাদের সঙ্গে প্রতিবেশী দেশটির নেতাদের এটিই প্রথম উচ্চপর্যায়ের যোগাযোগ। আজ সোমবার বালেন্দ্র শাহর নেপাল ফেরার কথা রয়েছে।
এই সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার প্রথম সরাসরি বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে দুই প্রধানমন্ত্রী বেশ কিছু সম্পন্ন হওয়া প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধন এবং নতুন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। কর্মকর্তারা জানিয়েছেন, এই আলোচনা আগামী বছরগুলোতে দ্বিপক্ষীয় অংশীদারত্বের রাজনৈতিক দিকনির্দেশনা প্রদান করবে বলে আশা করা হচ্ছে। উন্নয়ন অংশীদারত্ব, জ্বালানি, জলবিদ্যুৎ, রেলপথ, যোগাযোগ (কানেক্টিভিটি), জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ সহনশীলতা, অবকাঠামো এবং প্রযুক্তি খাতে বড় ধরনের ফলাফল আসার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া গত আগস্টে নেপালে ঘটে যাওয়া ভয়াবহ আকস্মিক বন্যার ক্ষয়ক্ষতি কাটিয়ে পুনর্গঠন উদ্যোগে সহায়তার বিষয়েও আলোচনা হতে পারে।
বালেন্দ্র শাহর ভারত সফর দুই দেশের সম্পর্কের নতুন সূচনার আশা জাগিয়েছে। দুই প্রতিবেশী দেশের মধ্যে জাতিগত, সাংস্কৃতিক, ধর্মীয় ও অর্থনৈতিক সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। দুই দেশের মধ্যে ১ হাজার ৭৫০ কিলোমিটারেরও বেশি দীর্ঘ সীমান্ত রয়েছে, যা অনেকাংশেই উন্মুক্ত। তবে কয়েক দশক ধরেই সম্পর্কে টানাপড়েন চলছে দুই দেশের। সীমান্ত ও ভূখণ্ড নিয়ে বিরোধ এবং নেপালের রাজনীতিতে ভারতের হস্তক্ষেপের অভিযোগে এ বৈরিতা তৈরি হয়। দিল্লির আচরণ প্রভাবশালী ‘বড় ভাইসুলভ’ বলে অভিযোগ অনেক নেপালির। এরপরও বিশ্লেষকরা মনে করছেন, বালেন্দ্র শাহর দিল্লি সফর দুই দেশের সম্পর্ককে নতুন করে ঝালিয়ে নেওয়ার সুযোগ তৈরি করেছে। ভারত ও চীনের মাঝখানে অবস্থিত নেপাল কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি মধ্যবর্তী রাষ্ট্র। এ কারণে নেপালের স্থিতিশীলতার সঙ্গে ভারতের নিরাপত্তার সরাসরি সম্পর্ক রয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা।
কৌশলগত অবস্থানের কারণে নেপালের ওপর প্রভাব বিস্তার করতে ভারত ও চীন দুই দেশই প্রতিযোগিতায় রয়েছে। এ কারণে এশিয়ার দুই শক্তিধর দেশের বিরুদ্ধে ছোট্ট নেপালের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগও উঠেছে বারবার। নেপাল ২০০৮ সালে রাজতন্ত্র বিলুপ্ত করে গণতান্ত্রিক প্রজাতন্ত্রে পরিণত হওয়ার পর থেকে দেশটির শাসনব্যবস্থা ছিল প্রধানত তিনটি রাজনৈতিক দলের হাতে। দলগুলো হচ্ছে কমিউনিস্ট পার্টি অব নেপাল (সিপিএন-ইউএমএল), নেপালি কংগ্রেস এবং কমিউনিস্ট পার্টি অব নেপাল (মাওবাদী)। গত দেড় যুগে তিনটি দলের সঙ্গেই ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখেছে দিল্লি। দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য রয়েছে ৯ বিলিয়ন ডলারের বেশি। যদিও এই বাণিজ্যে ভারতের পাল্লাই অনেক ভারী। দীর্ঘদিন ধরে এটিও নেপালের অসন্তোষের বড় কারণ।