সেঞ্চুরিয়ানে মারাত্মক ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ০৭:৪৬ পিএম

দুর্দশা যেন পিছু ছাড়ছে না বাংলাদেশ দলের। সেঞ্চুরিয়ানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টেও সেই পুরোনো সমস্যার পুনরাবৃত্তি। প্রোটিয়া পেসারদের গতির সামনে একের পর এক উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়েছে সফরকারীরা। ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিলে বড় হচ্ছে না স্কোরবোর্ডও। বৃষ্টি বাঁধার পর টস হেরে ব্যাট করতে নেমে ৬০ রান তুলতেই ৪ উইকেট হারায় লাল-সবুজের প্রতিনিধিরা। চা বিরতির আগে ফেরেন লিটন দাসও তাওহীদ হৃদয়। এতে ৬ উইকেটে ৮৫ রান তুলেছে বাংলাদেশ দল। স্বীকৃতি ব্যাটসম্যানদের মধ্যে এখন শুধু বাকি আছেন জাকের আলী।

সেঞ্চুরিয়ানের উইকেট ও কন্ডিশন বিবেচনায় একমাত্র বিশেষজ্ঞ স্পিনার মেহেদী হাসান মিরাজকে বাইরে রেখে চার বিশেষজ্ঞ পেসার নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। ২৩ বছরের বেশি সময় পর এভাবে একাদশে সাজিয়েছে তারা। সর্বশেষ ২০০৩ সালের জুলাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে কেয়ার্ন্স টেস্টে এমন সমন্বয় নিয়ে খেলেছিল বাংলাদেশ। তবে বোলিং আক্রমণে পরিবর্তন আনলেও ব্যাটিংয়ের চিত্রে পরিবর্তন আসেনি।

ইনিংসের দ্বিতীয় ওভারেই মার্কো ইয়ানসেনের বলে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন তানজিদ হাসান। ৯ বলে তার ব্যাট থেকে আসে ৩ রান। এরপর মাহফিজুল আহমেদ ও মুমিনুল হক মিলে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তবে স্বস্তির সেই জুটি দীর্ঘস্থায়ী হয়নি। ৬৯ বলে ৩৪ রান যোগ করার পর আনরিখ নরকিয়ার গতির কাছে পরাস্ত হন মাহফিজুল। ৪০ বলে ৪টি চারে ২৩ রান করে বোল্ড হন তিনি।

মাহফিজুলের বিদায়ের পর ক্রিজে এসে প্রথম বলেই চার মেরে শুরু করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। কিন্তু নরকিয়ার পরের বলেই অফ স্টাম্প হারান তিনি। দুই বলের ইনিংসে চার রান করেই ফিরতে হয় তাকে। এরপর ব্যাটিংয়ে নেমে বিপদ থেকে অল্পের জন্য বেঁচে যান হৃদয়। নরকিয়ার অফ স্টাম্পের বাইরের বল তাড়া করতে গিয়ে ক্যাচ তুলে দিলেও অল্পের জন্য রক্ষা পান তিনি।

অন্য প্রান্তে টিকে থাকলেও স্বচ্ছন্দ ছিলেন না মুমিনুল। একাধিকবার ক্যাচ দিয়ে বেঁচেছেন, এলবিডব্লুর আবেদন থেকেও রক্ষা পেয়েছেন কিন্তু ইনিংস বড় না করে ভিয়ান মুল্ডারের বলে বোল্ড হন এই বাঁহাতি ব্যাটসম্যান। ৫১ বলে ২টি চারে ১৮ রান করেন তিনি। ক্রিজে তখন হৃদয়ের সঙ্গে লিটন। প্রথম টেস্টের পর এবারও দুজনের ব্যাটে বিপর্যয় সামলানোর স্বপ্ন দেখে সফরকারীরা। কিন্তু হতাশ করেন লিটন। ৮ রান করে আউট হন এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান। পরের ওভারে থামেন হৃদয়ও। ৪২ বলে ১৯ রান করেন তিনি।

 
সর্বশেষ সর্বাধিক পঠিত