বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কর্মসংস্থান ও উদ্যোক্তা হওয়ার সুযোগ বাড়াতে দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ইন্ডাস্ট্রি অ্যাডভাইজরি বোর্ড ও ইন্ডাস্ট্রি লিয়াজোঁ অফিস প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।
আগামী পাঁচ বছরের মধ্যে সব শিক্ষার্থীর ইন্টার্নশিপ নিশ্চিত করা এবং বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও উদ্ভাবনকে শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত করার পরামর্শও দিয়েছেন তিনি। এসব উদ্যোগ বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়গুলোকে প্রয়োজনীয় আর্থিক সহযোগিতা দেওয়ার কথা জানান ইউজিসি চেয়ারম্যান।
সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন (এসএমই ফাউন্ডেশন) আয়োজিত ‘কর্মসংস্থান সৃষ্টিতে তরুণ উদ্যোক্তা: বিশ্ববিদ্যালয় হতে পারে নতুন উদ্যোক্তা তৈরির অন্যতম সূতিকাগার, চাই সমন্বিত ইকোসিস্টেম’ শীর্ষক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
উচ্চশিক্ষিত তরুণদের কর্মসংস্থানের পরিস্থিতি তুলে ধরে অধ্যাপক মামুন আহমেদ বলেন, উচ্চশিক্ষা শেষ করে দীর্ঘদিন চাকরি খোঁজার পর একপর্যায়ে চাকরি খোঁজা ও পড়াশোনা—দুটিই ছেড়ে দিয়েছেন, এমন তরুণের হার ২৩ শতাংশ। এটি উদ্বেগজনক। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সঙ্গে শ্রমবাজারের চাহিদা ও প্রয়োজনীয় দক্ষতার সমন্বয় না থাকাও এ সংকটের অন্যতম কারণ।
এ পরিস্থিতি পরিবর্তনে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ইন্ডাস্ট্রি অ্যাডভাইজরি বোর্ড প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা তুলে ধরেন ইউজিসি চেয়ারম্যান। তিনি বলেন, এ বোর্ডে শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা যুক্ত থাকবেন। তারা বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম, কোর্সের বিষয়বস্তু ও গবেষণার অগ্রাধিকার বিষয়ে পরামর্শ দেবেন। এ ক্ষেত্রে কর্মক্ষেত্রে যুক্ত প্রাক্তন শিক্ষার্থীদের অভিজ্ঞতাও কাজে লাগানো যেতে পারে।
পাশাপাশি প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ইন্ডাস্ট্রি লিয়াজোঁ অফিস প্রতিষ্ঠার পরামর্শ দেন তিনি। এ অফিস শিক্ষার্থীদের উদ্ভাবনী ধারণা বিকাশে সহায়তা করবে এবং শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ ও সহযোগিতার সুযোগ তৈরি করবে। ইনকিউবেশন হাব ও টেকনোলজি ট্রান্সফার অফিসের কার্যক্রমের সঙ্গেও এর সমন্বয় থাকবে। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে প্রাতিষ্ঠানিক যোগাযোগ গড়ে তোলা সম্ভব হবে।
শিক্ষার্থীদের কর্মক্ষেত্রের অভিজ্ঞতা বাড়াতে আগামী পাঁচ বছরের মধ্যে সবার জন্য ইন্টার্নশিপ নিশ্চিত করার লক্ষ্য রয়েছে বলে জানান অধ্যাপক মামুন আহমেদ। তিনি বলেন, কৃষি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল শিক্ষাপ্রতিষ্ঠানে ইন্টার্নশিপ কার্যকরভাবে চালু থাকলেও সাধারণ বিশ্ববিদ্যালয়গুলোতে এ ব্যবস্থা যথাযথভাবে কার্যকর হচ্ছে না। এ জন্য বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠান—উভয় পক্ষকে প্রস্তুত করার পাশাপাশি তাদের মধ্যে কার্যকর যোগাযোগ গড়ে তুলতে হবে।
ইন্টার্নশিপের সুযোগ বাড়াতে ‘নেক্সাস’ নামে একটি অনলাইন প্ল্যাটফর্ম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি জানান। এর মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলের শিক্ষার্থীরা শিল্পপ্রতিষ্ঠানে ইন্টার্নশিপের সুযোগ খুঁজে নিতে পারবেন। ঢাকার বাইরের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও রাজধানীর প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ করতে পারবেন।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ থেকেই মডিউলভিত্তিক সফট স্কিল প্রশিক্ষণ চালুর পরামর্শ দেন ইউজিসি চেয়ারম্যান। এতে ডিজিটাল সাক্ষরতা, যোগাযোগ ও ভাষাগত দক্ষতাসহ কর্মক্ষেত্রে প্রয়োজনীয় বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত থাকবে। এসব দক্ষতা শিক্ষার্থীদের চাকরির পাশাপাশি উদ্যোক্তা হিসেবেও গড়ে উঠতে সহায়তা করবে।
বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও উদ্ভাবনকে শিল্প ও উৎপাদন খাতের সঙ্গে যুক্ত করার প্রয়োজনীয়তা তুলে ধরে অধ্যাপক মামুন আহমেদ বলেন, তার নিজের গবেষণাগারে ব্যবহৃত গ্লাসওয়্যার, রাসায়নিক, বিকারক, যন্ত্রপাতি ও প্লাস্টিকসামগ্রীর অধিকাংশই বিদেশ থেকে আমদানি করতে হয়। স্বাস্থ্য খাতের হাসপাতাল ও পরীক্ষাগারেও অনেক ব্যবহার্য সামগ্রী আমদানিনির্ভর।
বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও উদ্ভাবনের সঙ্গে শিল্পপ্রতিষ্ঠানের সংযোগ তৈরি করা গেলে এসব পণ্য দেশে উৎপাদনের সুযোগ তৈরি হতে পারে বলে মনে করেন তিনি। এতে আমদানিনির্ভরতা কমার পাশাপাশি নতুন উদ্যোক্তা ও কর্মসংস্থান সৃষ্টির সুযোগ বাড়বে।
গবেষণায় অর্থায়নের বিষয়ে ইউজিসি চেয়ারম্যান বলেন, ভবিষ্যতে ইউজিসির অর্থায়নে গবেষণা প্রকল্প নির্বাচনের ক্ষেত্রে দেশের বাস্তব সমস্যা চিহ্নিত করে সেগুলোর সমাধানভিত্তিক প্রস্তাবকে গুরুত্ব দেওয়া হবে। এসব গবেষণায় বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি শিল্পপ্রতিষ্ঠান ও গবেষণাপ্রতিষ্ঠানের অংশগ্রহণের ওপরও জোর দেওয়া হবে।
বড় পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ইনকিউবেশন হাব ও টেকনোলজি ট্রান্সফার অফিস প্রতিষ্ঠার আহ্বান জানান অধ্যাপক মামুন আহমেদ। এসব কার্যক্রম পরিচালনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রশিক্ষণ দিয়ে কাঠামোবদ্ধ ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।
উদ্যোক্তা তৈরির উদ্যোগ বাস্তবায়নে সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন ইউজিসি চেয়ারম্যান। তিনি বলেন, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং হাইটেক পার্ক কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ে ইনকিউবেশন হাব প্রতিষ্ঠার জন্য পৃথকভাবে কাজ করছে। এসব উদ্যোগের মধ্যে যথাযথ সমন্বয় না থাকলে অর্থ ও সম্পদের সঠিক ব্যবহার এবং কাঙ্ক্ষিত ফল পাওয়া কঠিন হবে। উদ্যোক্তা তৈরিতে অর্থায়ন, প্রশিক্ষণ, মেন্টরিং, প্রযুক্তি হস্তান্তর ও বাজারসংযোগের সমন্বয়ে কার্যকর পরিবেশ গড়ে তুলতে হবে।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। স্বাগত বক্তব্য রাখেন শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সুলতানা ইয়াসমীন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের অধ্যাপক ড. মেলিতা মেহজাবীন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এ কে এম মাসুদ। সভাপতিত্ব করেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুরাইয়া আখতার জাহান।