ঢাকার কেরানীগঞ্জের রুহিতপুর বিসিক শিল্প এলাকায় 'কাদের এগ্রো ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড-এ মোবাইল কোর্ট পরিচালনা করে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। সোমবার (২৩ নভেম্বর) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অনুপম দাস অনুপ।
এসময় কারখানাটিতে উৎপাদিত বিভিন্ন ধরণের শিশুখাদ্যের উপাদান তালিকায় চিনির উল্লেখ থাকলেও উৎপাদনে অ্যাসপারটেম ব্যবহার করা হচ্ছিল। পরিদর্শনের সময় চিনির মজুত বা ব্যবহারের প্রমাণ মেলেনি। একইভাবে তালিকায় বিটা-ক্যারোটিন উল্লেখ থাকলেও বাস্তবে টেক্সটাইল ডাই (বস্ত্রের রং) ব্যবহার করা হচ্ছিল।
প্রতিষ্ঠানটিতে প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে জেলি, কৃত্রিম ফ্লেভারযুক্ত পানীয়, লিচি ও চাটনিসহ বিভিন্ন খাদ্যপণ্য তৈরি হচ্ছিল। লেবেলে উৎপাদনের তারিখ ও মেয়াদ যথাযথভাবে দেওয়া হয়নি। উৎপাদিত পণ্যের ব্যাচ রেকর্ড, উৎস শনাক্তের নথি কিংবা ব্যবহৃত উপকরণের নিরাপদতা তথ্যপত্র ও বিশ্লেষণ সনদ দেখাতে পারেনি।
এসকল অপরাধে দোষ স্বীকারোক্তির ভিত্তিতে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী ৩ লাখ টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষনিকভাবে আদায় করা হয়।
নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর আওতায় জরিমানার পাশাপাশি অননুমোদিত রং, ফ্লেভার ও অন্যান্য রাসায়নিক পদার্থ জব্দ করে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।
সার্বিক সমন্বয় করেন ঢাকার জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. নাজমুল ইসলাম; নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আসলাম ভূইয়া এবং ব্যাটালিয়ন আনসার সদস্যবৃন্দের একটি চৌকস টিম উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।