কিংবদন্তি সুরকার কমল দাশগুপ্তের সৃষ্টির প্রতি শ্রদ্ধা জানিয়ে নিউ ইয়র্কে অনুষ্ঠিত হয়েছে সংগীতশিল্পী, গীতিকবি ও সুরকার ড. জীবন বিশ্বাসের একক সংগীতসন্ধ্যা ‘জীবনের জলসাঘরে-২’। সম্প্রতি জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে (জেপ্যাক) উদীচী যুক্তরাষ্ট্র ও উদীচী স্কুল অব পারফর্মিং আর্টসের আয়োজনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এতে সহযোগিতা করে কৃষ্টি নিউ ইয়র্ক ও বাংলাদেশি আমেরিকান আর্টিস্ট ফোরাম।
মাহজাবীন মুমুর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে হাওয়াইন গিটারে দুটি সুর তোলেন ড. জীবন বিশ্বাস। এরপর কমল দাশগুপ্তের সুরারোপিত ২০টি কালজয়ী গান পরিবেশন করেন তিনি। পাশাপাশি মাসুদ সুমন নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। চার শতাধিক দর্শক মিলনায়তনে উপস্থিত থেকে পরিবেশনা উপভোগ করেন; আসন পূর্ণ হয়ে যাওয়ায় অনেককে ফিরে যেতে হয়।
অনুষ্ঠানে কমল দাশগুপ্ত ও ড. জীবন বিশ্বাসের কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন নীরা কাদরী, সাংবাদিক কৌশিক আহমেদ এবং অনুষ্ঠানের শিল্পনির্দেশক নাট্যকার সাধনা আহমেদ। শেষে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশিত হয়।
ড. জীবন বিশ্বাস বলেন, নতুন প্রজন্মের কাছে বাংলা গানের স্বর্ণযুগের ঐতিহ্য তুলে ধরাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য। গোপালগঞ্জের কোটালীপাড়ার সন্তান ড. জীবন বিশ্বাস দুই হাজারের বেশি গান রচনা ও তিন শতাধিক গানে সুরারোপ করেছেন। ১৯৯৬ সাল থেকে তিনি উদীচী যুক্তরাষ্ট্র পরিচালনা করছেন।