ফিরে এসেই বৃষ্টির বাজিমাত

আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ০১:২৯ এএম

শারীরিক অসুস্থতার কারণে বেশ কয়েক মাস অভিনয় থেকে দূরে থাকার পর ‘অংশীদার’ নাটকের মাধ্যমে ক্যামেরার সামনে ফিরেছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি। জীবনঘনিষ্ঠ গল্পের এই নাটকে অন্যতম প্রধান চরিত্রে দেখা গেছে তাকে। ২১ নভেম্বর একটি ইউটিউব চ্যানেলে মুক্তি পাওয়ার পর দর্শকের মধ্যে সাড়া ফেলেছে।

ইকসান রনির রচনা ও পরিচালনায় নির্মিত ‘অংশীদার’ আবর্তিত হয়েছে পারিবারিক সম্পত্তির অধিকার ও টানাপড়েনকে ঘিরে। গল্পে দেখা যায়, স্বামী মারা যাওয়ার পর দুই কন্যার নামে বাবার হেবা করে যাওয়া সম্পত্তি দখলের চেষ্টা করেন চাচা। নাটকের শেষভাগে একটি আইনি বার্তাও তুলে ধরা হয়েছে জীবদ্দশায় কেউ সম্পত্তি হেবা দলিল করে দিয়ে গেলে তা ব্রাদারি হক কিংবা অন্য কোনোভাবে দাবি করার সুযোগ থাকে না।

নাটকটিতে তানিয়া বৃষ্টি অভিনয় করেছেন ডলি জহুরের মেয়ের চরিত্রে। এ ছাড়া গুরুত্বপূর্ণ অন্যান্য চরিত্রে রয়েছেন ফজলুর রহমান বাবুসহ আরও অনেকে।

কাজে ফেরা ও নাটকের অভিজ্ঞতা নিয়ে তানিয়া বৃষ্টি বলেন, ‘শুরুতেই মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা, কিছুটা সুস্থতা দান করেছেন বলে পেশাগত কাজে ফিরতে পেরেছি। যারা আমার জন্য দোয়া করেছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা। পরিচালক আমাকে নিয়ে ভেবেছেন এবং জীবনঘনিষ্ঠ একটি গল্পে কাজের সুযোগ দিয়েছেন, এ জন্য ধন্যবাদ।’

হেবা দলিলের বিষয়বস্তু নিয়ে নিজের উপলব্ধির কথা জানিয়ে এই অভিনেত্রী বলেন, ‘এই নাটকে কাজ করতে গিয়ে জেনেছি, মুসলিম আইনে জীবদ্দশায় বিনা বিনিময়ে সম্পত্তি হস্তান্তরের লিখিত ও নিবন্ধিত ঘোষণাপত্রই হেবা দলিল। দাতার জীবদ্দশাতেই এটি কার্যকর হয় এবং মালিকানা স্থায়ীভাবে গ্রহীতার কাছে যায়।’

সহশিল্পীদের প্রসঙ্গে তানিয়া বৃষ্টি আরও বলেন, ‘চরিত্রটি ঠিকঠাক ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। অনেক দিন পর ডলি মায়ের সঙ্গে কাজ করে ভালো লেগেছে। বাবু আঙ্কেলের সঙ্গেও কাজ করে দারুণ লেগেছে; এর আগে বাবা-মেয়ের চরিত্রে অভিনয় করে আমরা দর্শকের বেশ সাড়া পেয়েছিলাম। অল্প সময়ে নাটকটি যে সাড়া পাচ্ছে, সে জন্য দর্শকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। সবার কাছে দোয়া চাই, যেন দ্রুত পুরোপুরি সুস্থ হয়ে নিয়মিত কাজে ফিরতে পারি।’

সর্বশেষ সর্বাধিক পঠিত