স্মরণ বারী সিদ্দিকী মায়াবী সুরের জাদু

আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ০১:৩১ এএম

বারী সিদ্দিকীর কণ্ঠে গান শুনলেই শীতল হয়ে যায় প্রাণ। সেই শীতল পরশ কখনো বাঁশির করুণ সুরে, আবার কখনো মাটির গানে। ২০১৭ সালের ২৪ নভেম্বর না ফেরার দেশে চলে যান বরেণ্য এই বংশীবাদক ও সংগীতশিল্পী। যতই দিন যাচ্ছে, বারী সিদ্দিকীর গান শ্রোতামনে আরও স্থায়ীভাবে বাস করছে।

শৈশব থেকেই সুরের টান ছিল তার রক্তে। মাত্র পাঁচ বছর বয়সে বড় ভাইয়ের বাঁশিতে প্রথম ফুঁ দেওয়ার স্মৃতি নিয়ে বড় হয়েছেন। মায়ের কণ্ঠে শোনা শ্যাম বিচ্ছেদের গান ‘আষ্ট আঙুল বাঁশের বাশি/মধ্যে মধ্যে ছ্যাদা/নাম ধরিয়া ডাকে বাঁশি/কলঙ্কিনী রাধা’ প্রথম তুলেছিলেন বাঁশিতে। পরবর্তী সময়ে সেই সুর ঠাঁই পায় হুমায়ূন আহমেদের ‘শ্রাবণ মেঘের দিন’ চলচ্চিত্রে। হাইস্কুলে পড়ার সময় থেকেই নেত্রকোনা শিল্পকলা একাডেমিতে সংগীতের পাঠ শুরু করেন তিনি, ওস্তাদ গোপাল দত্তের কাছে। বড় দুই ভাইয়ের পাশাপাশি রফিক মাহমুদ, বিপুল চৌধুরী, দুলাল দত্তনবীশ ও হযরত আলীর সাহচর্যও তার শুরুর পথকে সমৃদ্ধ করেছিল।

বাঁশিকেই প্রথমে জীবনের প্রধান অবলম্বন ভেবেছিলেন বারী সিদ্দিকী। ১৯৮০ সালের দিকে ঢাকায় শুদ্ধ সংগীতের এক আসরে পরিচয় হয় বিমানের পাইলট ও ওস্তাদ পান্না লাল ঘোষের শিষ্য আমিনুর রহমানের সঙ্গে। তার সান্নিধ্যে থেকেই দিনের পর দিন বাঁশিতে তালিম নেন। ওস্তাদ তাগাল ব্রাদার্স, দেবেন্দ মুৎসুদ্দী ও ওস্তাদ আয়েফ আলী খান মিনকারীর সংস্পর্শও পান এই সময়ে। ১৯৮০ সালে পেশাদার বাঁশিবাদক হিসেবে পথচলা শুরু করেন এবং ১৯৮৬ সালে বিটিভির ‘সৃজন’ অনুষ্ঠানে প্রথম বাঁশি বাজান। শিল্পকলা একাডেমি আয়োজিত রেডিও-টেলিভিশনের সম্মিলিত যন্ত্রসংগীত প্রতিযোগিতায় প্রথম হওয়ার পর যান দক্ষিণ এশীয় সার্ক ফেস্টিভ্যালে। ১৯৯৯ সালে ফ্রান্সে ওয়ার্ল্ড ফ্লুট সম্মেলনে উপমহাদেশের প্রতিনিধিত্ব করে বাংলাদেশের জন্য বয়ে আনেন বড় সম্মান।

গায়ক হিসেবে পরিচিত হওয়ার প্রায় দুই দশক আগে থেকেই তিনি ছিলেন বরেণ্য বংশীবাদক। তবু হুমায়ূন আহমেদের জন্মদিনের এক আসরে বাঁশির পাশাপাশি গান গেয়ে মুগ্ধ করেন কথাসাহিত্যিককে। এরপর ১৯৯৫ সালে বিটিভির ‘রং-এর বারৈ’ অনুষ্ঠানে প্রথম গান করেন এবং ‘শ্রাবণ মেঘের দিন’-এ কণ্ঠ দিয়ে বদলে যায় সংগীতজীবন। ‘শুয়া চান পাখি’, ‘আমার গায়ে যত দুঃখ সয়’, ‘পুবালি বাতাসে’, ‘আমি একটা জিন্দা লাশ’, ‘রজনী’, ‘সাড়ে তিন হাত কবর’, ‘ওলো ভাবিজান নাউ বাওয়া’, ‘মানুষ ধরো মানুষ ভজো’ এমন অসংখ্য গান শ্রোতাদের হৃদয়ে গেঁথে গেছে। উকিল মুন্সীর গানকেও তিনি পৌঁছে দিয়েছেন সাধারণ মানুষের দুয়ারে। ‘দুঃখ রইলো মনে’ ও ‘অপরাধী হইলেও আমি তোর’-এর পাশাপাশি ‘সরলা’, ‘ভাবের দেশে চলো’, ‘সাদা রুমাল’, ‘মাটির মালিকানা’, ‘মাটির দেহ’, ‘মনে বড় জ্বালা’, ‘প্রেমের উৎসব’, ‘ভালোবাসার বসতবাড়ি’, ‘নিলুয়া বাতাস’ ও ‘দুঃখ দিলে দুঃখ পাবি’ অ্যালবামগুলো তার সংগীতভান্ডারকে দিয়েছে আলাদা মাত্রা।

বাঁশি আর গানের মায়াবী সুরের জাদুতে আজও বেঁচে আছেন বারী সিদ্দিকী যার সুরের ছোঁয়ায় জুড়িয়ে যায় হৃদয়ের তৃষ্ণা।

বারী সিদ্দিকীর প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ সকাল ৮টায় এনটিভিতে সংগীত পরিবেশন করবেন বারী সিদ্দিকী স্মৃতি পরিষদের সভাপতি, সংগীতশিল্পী প্রিন্স আলমগীর। অনুষ্ঠানটি ইউটিউব ও এনটিভির পেজেও সরাসরি সম্প্রচার হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত