কিশোর বয়সেই যুক্তরাষ্ট্রের ফুটবলে নিজের আগমনী বার্তা জোরালোভাবে দিয়ে যাচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান। এবার মাত্র ১৭ বছর ৫৬ দিন বয়সে ২০২৬ সালের মেজর লিগ সকারের (এমএলএস) বর্ষসেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার জিতে নতুন ইতিহাস গড়লেন ফিলাডেলফিয়া ইউনিয়নের এই মিডফিল্ডার।
গতকাল সোমবার ঘোষিত এই সম্মাননার ইতিহাসে সর্বকনিষ্ঠ বিজয়ী হিসেবে নাম লিখিয়েছেন তিনি। পূর্ণকালীন খেলোয়াড় হিসেবে নিজের প্রথম এমএলএস মৌসুমেই আলো ছড়ানো সুলিভান আরো একবার প্রমাণ করলেন, বয়স কেবল একটি সংখ্যা মাত্র।
পুরো মৌসুমজুড়েই মাঠের পারফরম্যান্সে প্রতিপক্ষের জন্য বড় হুমকি হয়ে ছিলেন সুলিভান। ২৯ ম্যাচে ৯টি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ১৪টি গোল; সব মিলিয়ে ২৩টি গোলে সরাসরি অবদান রেখেছেন এই বিস্ময়বালক। এর মধ্যে টানা ১০ ম্যাচে গোল কিংবা অ্যাসিস্ট করার এক অনন্য কীর্তিও গড়েছেন তিনি, যা এমএলএস ইতিহাসে কোনো কিশোর ফুটবলারের জন্য দীর্ঘতম ধারাবাহিকতার রেকর্ড।
কেবল বর্ষসেরা তরুণের মুকুটই নয়, চলতি বছরের সেপ্টেম্বর মাসটিও ছিল সুলিভানের জন্য স্বপ্নের মতো। সে মাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে এমএলএসের ‘প্লেয়ার অব দ্য মান্থ’ বা মাসসেরা খেলোয়াড়ের স্বীকৃতি পান তিনি। একই মাসে ডাক পান যুক্তরাষ্ট্রের জাতীয় দলেও, যেখানে দেশটির ইতিহাসে দ্বিতীয় সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে শুরুর একাদশে মাঠে নামার গৌরব অর্জন করেন এই তরুণ।
২২ বছর বা তার কম বয়সী (২০০৪ সালের ১ জানুয়ারি বা এরপর জন্ম নেওয়া) সেরা ফুটবলারকে দেওয়া এই পুরস্কারের ভোটাভুটিতে অংশ নেন এমএলএস ক্লাবগুলোর টেকনিক্যাল স্টাফ, গণমাধ্যমকর্মী এবং বর্তমান খেলোয়াড়েরা। তাঁদের ভোটে যুক্তরাষ্ট্র জাতীয় দলেরই আরও দুই উদীয়মান তারকা ও নিউইয়র্ক রেড বুলসের দুই সতীর্থ জুলিয়ান হল (দ্বিতীয়) এবং আদ্রি মেহমেতিকে (তৃতীয়) পেছনে ফেলে সেরা নির্বাচিত হয়েছেন সুলিভান। ১৯৯৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত ‘এমএলএস রুকি অব দ্য ইয়ার’ দেওয়া হলেও ২০২০ সাল থেকে এটি ‘ইয়াং প্লেয়ার অব দ্য ইয়ার’ নামে প্রদান করা হচ্ছে।