ঢাকার সড়কে তিন হাজার বৈদ্যুতিক বাস চালানোর উদ্যোগ

বৈদ্যুতিক বাস চালুর মাধ্যমে পরিবহন খাতের দূষণ কমানোর বিষয়টিও পরিকল্পনায় গুরুত্ব পেয়েছে। 

আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ০৩:০২ পিএম
রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরানো, যাত্রীসেবার মান বাড়ানো এবং বায়ুদূষণ কমাতে পর্যায়ক্রমে ৩ হাজার আধুনিক পরিবেশবান্ধব বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা নিয়েছে সরকার। প্রাথমিকভাবে সরকারি ব্যবস্থাপনায় বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) মাধ্যমে এসব বাস পরিচালনা করা হবে। পরবর্তী সময়ে বেসরকারি বাস মালিকদেরও নতুন ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনা রয়েছে। খবর বাসস’র। 
 

মঙ্গলবার (২৪ নভেম্বর) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে বিশ্বব্যাংকের সহায়তায় পরিচালিত ‘বাংলাদেশ ক্লিন এয়ার প্রজেক্টের’ (বিসিএপি) আওতায় আয়োজিত এক আলোচনা সভায় এ পরিকল্পনার কথা জানানো হয়। রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় সংস্কার এবং ‘গ্রস-কস্ট’ মডেল বাস্তবায়ন নিয়ে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।

সভায় মন্ত্রী বলেন, ঢাকা শহরের গণপরিবহন ব্যবস্থাকে আধুনিক, নিরাপদ, সাশ্রয়ী ও যাত্রীবান্ধব করতে পর্যায়ক্রমে ৩ হাজার বৈদ্যুতিক বাস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। শুরুতে বিআরটিসির মাধ্যমে সরকারি ব্যবস্থাপনায় এ কার্যক্রম পরিচালিত হবে। পাশাপাশি বেসরকারি বাস মালিকদেরও নতুন ব্যবস্থায় যুক্ত করতে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।

তিনি বলেন, শুধু বাসের সংখ্যা বাড়িয়ে রাজধানীর পরিবহন সমস্যার সমাধান সম্ভব নয়। এ জন্য পুরো পরিচালন ব্যবস্থায় কাঠামোগত পরিবর্তন আনতে হবে। দীর্ঘদিনের প্রচলিত পদ্ধতি থেকে বেরিয়ে সমন্বিত, পরিকল্পিত ও জবাবদিহিমূলক গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন। এ কাজে সংশ্লিষ্ট সব পক্ষকে সম্পৃক্ত করতে হবে। প্রয়োজনীয় পরিবর্তন আনতে দুই থেকে তিন বছর সময় লাগতে পারে। এ ক্ষেত্রে বিশ্বব্যাংক বাংলাদেশকে সহযোগিতা করছে।

প্রস্তাবিত সংস্কারের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ‘গ্রস-কস্ট’ মডেল। এ ব্যবস্থায় প্রচলিত রুট পারমিট পদ্ধতির পরিবর্তে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ), বাস অপারেটর ও যানবাহন সরবরাহকারী প্রতিষ্ঠানের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তির ভিত্তিতে বাস পরিচালিত হবে।

বর্তমানে বাসমালিক ও পরিবহন প্রতিষ্ঠানের আয় অনেকাংশে যাত্রীসংখ্যা এবং ভাড়া আদায়ের ওপর নির্ভরশীল। ফলে একই রুটে বেশি যাত্রী পাওয়ার আশায় বাসগুলোর মধ্যে প্রতিযোগিতা তৈরি হয়। এতে নির্ধারিত সময়সূচি না মানা, যত্রতত্র বাস থামানো, আগে যাত্রী ওঠানোর প্রতিযোগিতা এবং সড়কে বিশৃঙ্খলার মতো সমস্যা দেখা দেয়।

নতুন মডেলে যাত্রীদের কাছ থেকে আদায় করা ভাড়া সরাসরি বাস অপারেটরের কাছে যাবে না। কর্তৃপক্ষের মাধ্যমে ভাড়া সংগ্রহ করা হবে। অন্যদিকে, নির্ধারিত সূচি ও মান বজায় রেখে বাস পরিচালনার বিপরীতে অপারেটরকে প্রতি কিলোমিটারে নির্দিষ্ট হারে অর্থ দেওয়া হবে। অর্থাৎ, কতজন যাত্রী পরিবহন করা হয়েছে, তার পরিবর্তে বাস কত দূরত্ব নিয়ম মেনে চলেছে, তার ভিত্তিতে পরিচালন ব্যয় নির্ধারণ করা হবে।

সংশ্লিষ্টদের ধারণা, এ পদ্ধতি কার্যকর হলে যাত্রী সংগ্রহে বাসগুলোর অসুস্থ প্রতিযোগিতা কমবে। পাশাপাশি নির্ধারিত সময়সূচি অনুসরণ, ভাড়া ব্যবস্থাপনায় স্বচ্ছতা এবং সেবার মান নিশ্চিত করা সহজ হবে। কেন্দ্রীয় তদারকি ও জবাবদিহিও বাড়বে।

বৈদ্যুতিক বাস চালুর মাধ্যমে পরিবহন খাতের দূষণ কমানোর বিষয়টিও পরিকল্পনায় গুরুত্ব পেয়েছে। জ্বালানিচালিত বাসের পরিবর্তে বিদ্যুৎচালিত যানবাহন ব্যবহারে ধোঁয়া নির্গমন ও স্থানীয় বায়ুদূষণ কমানো সম্ভব হবে। তবে এ উদ্যোগ সফল করতে পর্যাপ্ত চার্জিং স্টেশন, রক্ষণাবেক্ষণ অবকাঠামো এবং দক্ষ জনবল নিশ্চিত করতে হবে।

রাজধানীর বিপুলসংখ্যক মানুষ প্রতিদিন কর্মস্থল, শিক্ষাপ্রতিষ্ঠান ও অন্যান্য গন্তব্যে যাতায়াতে গণপরিবহনের ওপর নির্ভর করেন। কিন্তু বাসের অনিয়ন্ত্রিত চলাচল, অতিরিক্ত ভাড়া আদায়, যানজট এবং যাত্রীদের সঙ্গে অসদাচরণের অভিযোগ দীর্ঘদিনের। নতুন পরিকল্পনায় এসব সমস্যা কমানোর পাশাপাশি নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করার প্রত্যাশা রয়েছে।

তবে ৩ হাজার বাস সংগ্রহ, অর্থায়ন, চার্জিং অবকাঠামো নির্মাণ, রুট পুনর্বিন্যাস এবং বেসরকারি পরিবহন মালিকদের নতুন ব্যবস্থায় যুক্ত করা বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।

সভায় প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. জিয়াউল হক, বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের ডিভিশন ডিরেক্টর জ্যঁ পেসমেসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 
সর্বশেষ সর্বাধিক পঠিত