পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ

ছয় সদস্যের মধ্যে চারজন ১৭ হাজার টাকার পক্ষে এবং দুজন ১৮ হাজার টাকার পক্ষে ভোট দেন। সংখ্যাগরিষ্ঠের মতের ভিত্তিতে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা চূড়ান্ত করা হয়েছে। 

আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৩৯ এএম

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করেছে নিম্নতম মজুরি বোর্ড। দীর্ঘ বৈঠক শেষে বুধবার (২৫ নভেম্বর) গভীর রাতে বোর্ডের সদস্যদের ভোটাভুটির মাধ্যমে এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।

মজুরি বোর্ডের সভায় একপর্যায়ে মালিকপক্ষ ১৭ হাজার টাকা এবং শ্রমিকপক্ষ ১৮ হাজার টাকার সংশোধিত প্রস্তাব দেয়। উভয় পক্ষ নিজেদের অবস্থান অনড় থাকলে শেষ পর্যন্ত মালিকপক্ষ তাদের প্রস্তাব কমিয়ে ১৬ হাজার টাকা করে। তখন ভোটাভুটির সিদ্ধান্ত নেন নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানি। বোর্ডের ছয়জন সদস্য ভোট দেন। শ্রমিকদের দুজন প্রতিনিধি ১৮ হাজার টাকার পক্ষে ভোট দেন। আর বাকি চার সদস্য ১৭ হাজার টাকার পক্ষে ভোট দেন। ফলে শেষ পর্যন্ত ন্যূনতম ১৭ হাজার টাকা মজুরি নির্ধারিত হয়।

বিষয়টি নিশ্চিত করেন মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম শামসুজ্জামান ও শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার।

বাবুল আখতার জানান, ছয় সদস্যের মধ্যে চারজন ১৭ হাজার টাকার পক্ষে এবং দুজন ১৮ হাজার টাকার পক্ষে ভোট দেন। সংখ্যাগরিষ্ঠের মতের ভিত্তিতে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা চূড়ান্ত করা হয়েছে। 

নতুন নির্ধারিত ১৭ হাজার টাকা মজুরি আগের তুলনায় ৪ হাজার ৫০০ টাকা বা ৩৬ শতাংশ বেশি। চারটি গ্রেডে সর্বনিম্ন ১৭ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ২১ হাজার ৫০০ টাকা পর্যন্ত মজুরির প্রস্তাব করা হয়েছে।

সরকারের অনুমোদন ও প্রজ্ঞাপন জারির সাপেক্ষে নতুন এই মজুরিকাঠামো আগামী ১ ডিসেম্বর ২০২৬ থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত