চার বছরে ব্যাংক খাতের সংস্কার শেষ করতে চায় বাংলাদেশ ব্যাংক

চলমান সংস্কার কার্যক্রমের ফলে আগামী ৩১ ডিসেম্বরের পর খেলাপি ঋণের চিত্রে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক।

আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ০৫:৩০ পিএম

দেশের ব্যাংকিং খাতের দীর্ঘদিনের অনিয়ম ও দুর্বলতা দূর করে স্থিতিশীলতা, সুশাসন এবং জনআস্থা ফিরিয়ে আনতে চার বছর মেয়াদি সংস্কার কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ সময়ের মধ্যে সমস্যাগ্রস্ত ব্যাংকগুলোর আর্থিক পুনর্গঠন, মূলধন ঘাটতি পূরণ, পরিচালনা পর্ষদ পুনর্গঠন, খেলাপি ঋণ আদায় এবং ঋণ বিতরণে শৃঙ্খলা প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে।

চলমান সংস্কার কার্যক্রমের ফলে আগামী ৩১ ডিসেম্বরের পর খেলাপি ঋণের চিত্রে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক।

মঙ্গলবার (২৪ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যাংক খাতের সংস্কার পরিকল্পনা ও অগ্রগতির কথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাংকিং খাতের বিদ্যমান দুর্বলতা চিহ্নিত করে পর্যায়ক্রমে তা দূর করা এবং স্বচ্ছ, জবাবদিহিমূলক ও স্থিতিশীল ব্যাংকিং ব্যবস্থা গড়ে তোলাই সংস্কার কার্যক্রমের মূল লক্ষ্য। এ জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত পদ্ধতিতে ব্যাংকগুলোর সম্পদের গুণগত মান পর্যালোচনা (এআইকিউআর) করা হচ্ছে। বিশেষ করে সমস্যাগ্রস্ত ব্যাংকগুলোর ক্ষেত্রে এ পর্যালোচনা প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এর মাধ্যমে দীর্ঘদিনের অনিয়ম, দুর্বল ঋণ ব্যবস্থাপনা ও সম্পদের প্রকৃত অবস্থা উঠে এসেছে।

বাংলাদেশ ব্যাংকের দাবি, সম্পদের গুণগত মান পর্যালোচনার ফলে খেলাপি ঋণের হারসহ বিভিন্ন আর্থিক সূচকে যে নেতিবাচক চিত্র দেখা যাচ্ছে, তা সাম্প্রতিক দুই বছরের কর্মকাণ্ডের ফল নয়। বরং দীর্ঘদিন ধরে জমে থাকা অনিয়ম ও দুর্বলতার প্রকৃত প্রতিফলন। টেকসই সংস্কারের জন্য ব্যাংকগুলোর প্রকৃত আর্থিক অবস্থা নিরূপণ জরুরি।

সংকটে থাকা ব্যাংকগুলোর বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, সাময়িক তারল্য সংকটে পড়া ব্যাংকগুলোকে প্রয়োজন অনুযায়ী তারল্য সহায়তা ও গ্যারান্টি দেওয়া হচ্ছে। এর মাধ্যমে আমানতকারীদের স্বার্থ সুরক্ষার পাশাপাশি ব্যাংকিং কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা চলছে। এসব ব্যাংকে সুশাসন প্রতিষ্ঠায় পরিচালনা পর্ষদ পুনর্গঠন, স্বতন্ত্র ও যোগ্য পরিচালক নিয়োগ এবং প্রয়োজন অনুযায়ী ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তা পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে।

এ ছাড়া প্রতিটি ব্যাংকের জন্য পৃথক পুনরুদ্ধার ও পুনর্গঠন পরিকল্পনা তৈরি করা হয়েছে। এতে প্রয়োজনীয় মূলধন জোগান, আর্থিক ও প্রাতিষ্ঠানিক পুনর্গঠন, করপোরেট সুশাসন জোরদার এবং পুরোনো খেলাপি ঋণ ও ঝুঁকিপূর্ণ সম্পদ ব্যবস্থাপনার বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। আগামী চার বছরে পর্যায়ক্রমে এসব পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।

দীর্ঘমেয়াদি সংস্কারের অংশ হিসেবে আমানত সুরক্ষা ব্যবস্থা শক্তিশালী করা, খেলাপি ঋণ আদায়, ঋণ বিতরণে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং ঝুঁকি ব্যবস্থাপনার উন্নয়নে কাজ করছে কেন্দ্রীয় ব্যাংক। পাশাপাশি আর্থিক খাতের নীতিগত ও কাঠামোগত সংস্কার এবং জরুরি সহায়তা ব্যবস্থাগুলো পর্যায়ক্রমে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার পরিকল্পনাও রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, ব্যাংকিং খাত নিয়ে প্রকাশিত সব নেতিবাচক সংবাদ অসত্য নয়। অনেক সংবাদের বাস্তব ভিত্তি রয়েছে। তবে কিছু সংবাদ অতিরঞ্জিত। ২০২৪ সালের ৫ আগস্টের পর ভঙ্গুর ব্যাংকিং খাতের সংস্কারে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে, যার অধিকাংশ এখনো বাস্তবায়নাধীন।

তিনি বলেন, প্রকৃত ব্যবসায়ীদের ঋণ পরিশোধে নীতিসহায়তা দেওয়া হচ্ছে। আগামী ৩১ ডিসেম্বরের পর খেলাপি ঋণের চিত্রে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আমরা আশাবাদী। ব্যাংকিং খাতে সুশাসন ও জনগণের আস্থা ফিরিয়ে আনতে চার বছর মেয়াদি সংস্কার কর্মসূচি নেওয়া হয়েছে।

আরিফ হোসেন খান আরও বলেন, ফরেনসিক নিরীক্ষা ও সম্পদের গুণগত মান পর্যালোচনার মাধ্যমে ব্যাংকগুলোর প্রকৃত আর্থিক চিত্র উঠে এসেছে। বর্তমানে যেসব নেতিবাচক চিত্র দেখা যাচ্ছে, তা মূলত অতীতের অনিয়ম ও দুর্বলতার প্রতিফলন।

বাংলাদেশ ব্যাংকের আশা, নির্ধারিত সময়ে সংস্কার পরিকল্পনা বাস্তবায়ন করা গেলে ব্যাংকিং খাতে আর্থিক স্থিতিশীলতা ও সুশাসন ফিরবে। পাশাপাশি আমানতকারীদের আস্থা বাড়বে এবং দেশের সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ও টেকসই প্রবৃদ্ধিতে ব্যাংকিং খাত আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ব্যাংক খাতের চ্যালেঞ্জ মোকাবিলায় বাস্তবভিত্তিক সংস্কার, কার্যকর তদারকি, সুশাসন এবং সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতা প্রয়োজন। আমানতকারীদের স্বার্থ সুরক্ষা ও আর্থিক ব্যবস্থার স্থিতিশীলতা নিশ্চিত করাই কেন্দ্রীয় ব্যাংকের সর্বোচ্চ অগ্রাধিকার। এ ক্ষেত্রে গুজব বা অসমর্থিত তথ্যে বিভ্রান্ত না হয়ে বাংলাদেশ ব্যাংকের আনুষ্ঠানিক ঘোষণা ও তথ্যসূত্র অনুসরণের আহ্বান জানানো হয়েছে।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত