স্মার্টফোন সুরক্ষিত রাখতে যে ১০ ভুল কখনোই করবেন না

আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ০৫:৩৬ পিএম

স্মার্টফোন এখন দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ। যোগাযোগ থেকে শুরু করে ব্যাংকিং, কেনাকাটা ও ব্যক্তিগত তথ্য সংরক্ষণ, সব কাজেই ব্যবহৃত হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন। তবে অসচেতন ব্যবহারে ফোনের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার পাশাপাশি কমে যেতে পারে এর গতি ও স্থায়িত্ব। সফটওয়্যার আপডেট এড়িয়ে যাওয়া, অবিশ্বস্ত অ্যাপ ইনস্টল কিংবা ব্যাটারির সঠিক যত্ন না নেওয়ার মতো কিছু অভ্যাস ডেকে আনতে পারে বড় বিপদ। তাই অ্যান্ড্রয়েড ফোন সুরক্ষিত ও দীর্ঘদিন ভালো রাখতে যে ১০টি কাজ করা যাবে না, তা জেনে নেওয়া যাক।

১. সফটওয়্যার আপডেট এড়িয়ে যাওয়া
অ্যান্ড্রয়েড ফোনের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত সফটওয়্যার আপডেট করা জরুরি। এসব আপডেটের মাধ্যমে ফোনের পরিচিত নিরাপত্তা দুর্বলতা দূর করা হয়। অনেক ক্ষেত্রে চলমান সাইবার হামলা থেকে সুরক্ষা দিতেও এসব নিরাপত্তা প্যাচ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফোনে নিরাপত্তা আপডেটের ঘাটতি থাকলে ব্যাংকিং ও ডিজিটাল ওয়ালেটের মতো গুরুত্বপূর্ণ অ্যাপ ব্যবহারে সমস্যাও হতে পারে।

গুগল অ্যান্ড্রয়েডের নিরাপত্তা দুর্বলতা সম্পর্কে তথ্য পাওয়ার পর তা সংশ্লিষ্ট ফোন নির্মাতাদের জানায়। সম্ভাব্য হামলাকারীরা যাতে এসব দুর্বলতার সুযোগ নিতে না পারে, সে জন্য গুগল সাধারণত ৯০ দিন পর্যন্ত তথ্য প্রকাশ করে না। এ সময়ের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো নিরাপত্তা প্যাচ তৈরির সুযোগ পায়।
তাই ফোনে নতুন নিরাপত্তা আপডেট এলে দ্রুত ইনস্টল করা উচিত। পাশাপাশি গুগল প্লে স্টোর থেকে নিয়মিত অ্যাপ হালনাগাদ করতে হবে। সম্ভব হলে স্বয়ংক্রিয় আপডেট চালু রাখা ভালো।

২. ফোনের নিয়মিত রক্ষণাবেক্ষণ না করা
একসঙ্গে অনেক অ্যাপ ও প্রক্রিয়া চালু থাকলে ফোনের গতি কমে যেতে পারে। এ ক্ষেত্রে ফোনের স্টোরেজ, র‍্যাম এবং জেডর‍্যাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। র‍্যামের জায়গা পূর্ণ হয়ে গেলে ফোন সক্রিয় প্রক্রিয়াগুলো সংকুচিত করে জেডর‍্যামে সংরক্ষণ করে। সেখানেও জায়গা শেষ হলে বারবার তথ্য স্থানান্তর ও সংকোচনের প্রক্রিয়া চলতে থাকে। এতে ফোন ধীর হয়ে যায় এবং প্রসেসরের ওপর চাপ বাড়ায়। ফলে ফোন অতিরিক্ত গরমও হতে পারে।

এ সমস্যা এড়াতে নিয়মিত ফোন রিস্টার্ট করা ভালো। ভারী গেম বা বড় কোনো অ্যাপ ব্যবহারের পর প্রয়োজন হলে অ্যাপ সুইচার থেকে সেটি বন্ধ করে দিতে হবে। তবে প্রতিবার সব অ্যাপ বন্ধ করার প্রয়োজন নেই। দীর্ঘদিন ব্যবহার না করা অ্যাপ আনইনস্টল করাও জরুরি। কারণ, কোনো কোনো অ্যাপ সরাসরি ব্যবহার না করলেও পেছনে চালু থেকে র‍্যাম ব্যবহার করতে পারে।

এ ছাড়া ফোনের স্টোরেজে পর্যাপ্ত খালি জায়গা রাখা উচিত। স্টোরেজ পুরোপুরি ভরে গেলে অস্থায়ী ফাইল ও প্রয়োজনীয় তথ্য সংরক্ষণে সমস্যা হতে পারে।

৩. অবিশ্বস্ত উৎস থেকে অ্যাপ ইনস্টল করা
গুগল প্লে স্টোরের বাইরে থেকে অ্যাপ ইনস্টল করলে ফোনের নিরাপত্তা ঝুঁকি বাড়তে পারে। অসাধু চক্র অনেক সময় ক্ষতিকর অ্যাপের মাধ্যমে ফোনের বিভিন্ন নিয়ন্ত্রণব্যবস্থার সুযোগ নেয়। বিশেষ করে অ্যাক্সেসিবিলিটি সুবিধার অপব্যবহার করে এসব অ্যাপ ফোনের পর্দার তথ্য দেখতে, অন্য অ্যাপ পরিচালনা করতে কিংবা পেছনে বিভিন্ন কার্যক্রম চালাতে পারে।

গুগলের নিরাপত্তা ব্লগের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে গুগল প্লে প্রোটেক্ট প্লে স্টোরের বাইরে থাকা ১ কোটি ৩০ লাখের বেশি ক্ষতিকর অ্যাপ শনাক্ত করেছে। তবে শনাক্ত হওয়া অ্যাপের সংখ্যাই এ ধরনের ঝুঁকির সম্পূর্ণ চিত্র নয়।

তাই অপরিচিত ওয়েবসাইট, অনলাইন ফোরাম কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমের লিংক থেকে অ্যাপ ডাউনলোড করা উচিত নয়। একান্ত প্রয়োজন হলে অ্যাপের উৎস ও নির্মাতার বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করতে হবে।

৪. ফোনের নিরাপত্তাব্যবস্থা বন্ধ করে দেওয়া
অ্যান্ড্রয়েড ফোনের নিরাপত্তায় গুগল প্লে প্রোটেক্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কোনো অ্যাপ ইনস্টল করার সময় এটি ঝুঁকির সতর্কবার্তা দিলে তা উপেক্ষা করা উচিত নয়।

প্রতারক চক্র অনেক সময় ব্যাংক বা পরিচিত প্রতিষ্ঠানের পরিচয় ব্যবহার করে ভুয়া অ্যাপ ডাউনলোড করতে বলে। ব্যবহারকারী অ্যাপটি ইনস্টল করতে গেলে প্লে প্রোটেক্ট সতর্কবার্তা দেখাতে পারে। তখন প্রতারকেরা সেই সতর্কতা উপেক্ষা করতে প্ররোচিত করে। এমন পরিস্থিতিতে সতর্ক থাকা জরুরি।

প্লে প্রোটেক্ট কখনোই বন্ধ করা উচিত নয়। তবে শুধু এই নিরাপত্তাব্যবস্থার ওপর নির্ভর করাও ঠিক নয়। কারণ, নিরাপত্তা গবেষকদের দাবি অনুযায়ী, গুগল প্লে স্টোরে থাকা কিছু অ্যাপেও ঝুঁকি থাকতে পারে। তাই অ্যাপ ইনস্টলের আগে নিজেকেও যাচাই করতে হবে।

৫. প্রয়োজন ছাড়া ফোন রুট করা
অ্যান্ড্রয়েডের শুরুর দিকে ফোন রুট করার কিছু সুবিধা ছিল। এর মাধ্যমে ফোনের সীমাবদ্ধতা দূর করা, অপারেটরের দেওয়া অপ্রয়োজনীয় অ্যাপ সরানো কিংবা বিকল্প অপারেটিং সিস্টেম ব্যবহার করা যেত। তবে বর্তমানে এসব সুবিধার অনেকগুলোই ফোন নির্মাতারা স্বাভাবিকভাবেই দিয়ে থাকে।

ফোন রুট করলে গুগলের প্লে ইন্টিগ্রিটি এপিআইয়ের নিরাপত্তা যাচাইয়ে সমস্যা দেখা দিতে পারে। এর ফলে ব্যাংকিং, আর্থিক লেনদেনসহ ফোনের উচ্চ নিরাপত্তা নিশ্চিত হওয়ার ওপর নির্ভরশীল কিছু অ্যাপ কাজ নাও করতে পারে। পাশাপাশি রুট করা ফোনে ব্যবহারকারীর ভুল কিংবা ক্ষতিকর অ্যাপের কারণে বড় ধরনের নিরাপত্তা ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেকনোলজিও (এনআইএসটি) মোবাইল নিরাপত্তার ঝুঁকি হিসেবে ফোন রুট ও জেলব্রেক করার বিষয়টি উল্লেখ করেছে।

তাই সফটওয়্যার উন্নয়নের মতো বিশেষ প্রয়োজন না থাকলে নিজের নিয়মিত ব্যবহারের ফোন রুট না করাই ভালো। তবে পুরোনো কোনো ফোনে আর আপডেট না এলে বিকল্প রম ব্যবহারের বিষয়টি বিবেচনা করা যেতে পারে। সে ক্ষেত্রেও নিরাপত্তার ঝুঁকি সম্পর্কে সচেতন থাকতে হবে।

৬. না বুঝে উন্নত সেটিংস ব্যবহার করা
অ্যান্ড্রয়েড ফোনে এমন অনেক উন্নত সেটিংস রয়েছে, যেগুলোর ব্যবহার সম্পর্কে স্পষ্ট ধারণা না থাকলে বিপদ হতে পারে। উদাহরণ হিসেবে ইউএসবি ডিবাগিংয়ের কথা বলা যায়। কম্পিউটারের মাধ্যমে ফোনের বিভিন্ন ফাইল পরিচালনা করতে এ সুবিধা কাজে লাগে।

তবে কাজ শেষে ইউএসবি ডিবাগিং বন্ধ না করলে ফোন কম্পিউটারভিত্তিক হামলার ঝুঁকিতে পড়তে পারে। নতুন কোনো কম্পিউটারের সঙ্গে ফোন যুক্ত করলে সাধারণত অনুমতি চাওয়া হয়। কিন্তু ব্যবহারকারী অসতর্ক থাকলে বা প্রতারণার শিকার হলে অননুমোদিত প্রবেশের সুযোগ তৈরি হতে পারে।

তাই ডেভেলপার মোড বা উন্নত কোনো সেটিংস ব্যবহারের আগে এর কাজ সম্পর্কে জেনে নেওয়া জরুরি। কাজ শেষ হলে ইউএসবি ডিবাগিংসহ চালু করা অতিরিক্ত সুবিধাগুলো বন্ধ করে দিতে হবে।

৭. গুরুত্বপূর্ণ কাজে পাবলিক ওয়াই-ফাই ব্যবহার করা
ক্যাফে, বিমানবন্দর কিংবা অন্যান্য জনসমাগমস্থলের উন্মুক্ত ওয়াই-ফাই নেটওয়ার্ক ব্যবহারে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে। এসব নেটওয়ার্কে যুক্ত অন্য কেউ বিশেষ সফটওয়্যারের সাহায্যে ব্যবহারকারীর অনলাইন কার্যক্রম সম্পর্কে কিছু তথ্য জানতে পারে। অধিকাংশ আধুনিক ওয়েবসাইটে এইচটিটিপিএস ব্যবহারের কারণে লগইন তথ্যের মতো সংবেদনশীল উপাত্ত এনক্রিপ্টেড থাকে। তবে কোন ওয়েবসাইটে প্রবেশ করা হচ্ছে, সে তথ্য দেখা সম্ভব হতে পারে।

আবার কোনো ক্যাফের ওয়াই-ফাইয়ের নামে একই নাম ও পাসওয়ার্ড ব্যবহার করে ভুয়া নেটওয়ার্ক তৈরি করতে পারে দুর্বৃত্তরা। ফলে ব্যবহারকারী আসল নেটওয়ার্ক মনে করে প্রতারণামূলক নেটওয়ার্কে যুক্ত হতে পারেন।

এ ধরনের ঝুঁকি কমাতে অপরিচিত ওয়াই-ফাই ব্যবহারের সময় ভিপিএন ব্যবহার করা যেতে পারে। ভিপিএন না থাকলে ব্যাংকিং বা গুরুত্বপূর্ণ ব্যক্তিগত তথ্যসংক্রান্ত কাজ এড়িয়ে চলাই ভালো।

৮. অপরিচিত ইউএসবি পোর্টে ফোন যুক্ত করা
বিমানবন্দর, বাস টার্মিনাল কিংবা জনসমাগমস্থলে থাকা অপরিচিত ইউএসবি পোর্টে ফোন চার্জ দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। কারণ, ইউএসবি সংযোগের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহের পাশাপাশি তথ্য আদান-প্রদানের সুযোগও থাকে।

অপরিচিত কোনো ডিভাইসের সঙ্গে ফোন যুক্ত করলে তথ্য আদান-প্রদানের অনুমতি চাওয়া হতে পারে। অসতর্কভাবে অনুমতি দিলে ব্যক্তিগত ছবি চুরি, ক্ষতিকর সফটওয়্যার প্রবেশ কিংবা যোগাযোগের তথ্য হাতিয়ে নেওয়ার ঝুঁকি তৈরি হতে পারে।

এ ধরনের কৌশলকে ‘জুস জ্যাকিং’ বলা হয়। যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশনস কমিশন (এফসিসি) অপরিচিত ইউএসবি পোর্ট ব্যবহারের বিষয়ে সতর্ক করেছে। 

তাই জনসমাগমস্থলে ফোন চার্জ দিতে সম্ভব হলে সরাসরি বৈদ্যুতিক সকেট বা নিজের বহন করা পাওয়ার ব্যাংক ব্যবহার করা উচিত। অপরিচিত ইউএসবি পোর্টে ফোন যুক্ত করলে কোনো পপ-আপ অনুমতি চাইলে তা গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে।

৯. অ্যাপের অনুমতি যাচাই না করা
অনেক অ্যাপ প্রয়োজনের তুলনায় বেশি অনুমতি চায়। যেমন, একটি ক্যালকুলেটর অ্যাপের ছবি দেখার অনুমতি কিংবা টর্চলাইট অ্যাপের মাইক্রোফোন ব্যবহারের প্রয়োজন নেই। তাই কোনো অ্যাপ অপ্রয়োজনীয় অনুমতি চাইলে সতর্ক হওয়া উচিত।

বিশেষ করে অ্যাক্সেসিবিলিটি অনুমতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সুবিধার মাধ্যমে কোনো অ্যাপ ব্যবহারকারীর পর্দায় কী ঘটছে তা পর্যবেক্ষণ, এসএমএসের তথ্য দেখা কিংবা অন্য অ্যাপ নিয়ন্ত্রণ করতে পারে। ফলে ক্ষতিকর কোনো অ্যাপ এ ধরনের অনুমতি পেলে ব্যাংকিং অ্যাপের তথ্যসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিগত উপাত্ত ঝুঁকিতে পড়তে পারে।

এ ছাড়া ‘ডিসপ্লে ওভার আদার অ্যাপস’ অনুমতির ক্ষেত্রেও সতর্ক থাকা প্রয়োজন। এর মাধ্যমে একটি অ্যাপ অন্য অ্যাপের ওপর ভেসে থাকা উইন্ডো দেখাতে পারে। প্রতারক অ্যাপ এ সুবিধা ব্যবহার করে ভুয়া বাটন দেখিয়ে ব্যবহারকারীকে বিভ্রান্ত করতে পারে।

তাই অ্যাপ ইনস্টলের সময় কী কী অনুমতি চাওয়া হচ্ছে, তা ভালোভাবে যাচাই করতে হবে। নিয়মিত ফোনের সেটিংস থেকে অ্যাপের অনুমতিগুলো পর্যালোচনা করে অপ্রয়োজনীয় অনুমতি বন্ধ করা উচিত।

১০. ব্যাটারির যত্ন না নেওয়া
স্মার্টফোনের ব্যাটারি ভালো রাখতে চার্জ দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন। লিথিয়াম ব্যাটারি অতিরিক্ত চার্জ বা তাপের মতো পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত হতে পারে। দীর্ঘ সময় ১০০ শতাংশ চার্জে রাখলে ব্যাটারির অভ্যন্তরীণ উপাদানের ক্ষয় বাড়তে পারে এবং সময়ের সঙ্গে চার্জ ধরে রাখার সক্ষমতা কমে যেতে পারে।

এ কারণে আধুনিক অ্যান্ড্রয়েড ও আইওএসে ব্যাটারি ব্যবস্থাপনার বিভিন্ন সুবিধা রয়েছে। এসব সুবিধার মাধ্যমে রাতভর চার্জে রাখলেও ব্যাটারি প্রায় ৮০ শতাংশে ধরে রাখা যায় এবং ঘুম থেকে ওঠার আগে ১০০ শতাংশ পর্যন্ত চার্জ সম্পন্ন করা হয়।

এ ছাড়া নিম্নমানের ও অপরিচিত ব্র্যান্ডের ইউএসবি কেবল ব্যবহার করাও ঝুঁকিপূর্ণ। ভালো মানের কেবলে বিদ্যুৎ সরবরাহ নিয়ন্ত্রণের ব্যবস্থা থাকে। কিন্তু নিম্নমানের কেবলে তা না থাকলে অতিরিক্ত তাপ তৈরি হতে পারে। এতে ব্যাটারির কার্যক্ষমতা কমে যাওয়ার পাশাপাশি ফোনের বৈদ্যুতিক উপাদানও ক্ষতিগ্রস্ত হতে পারে।

তাই ফোন নির্মাতার পরামর্শ অনুযায়ী চার্জ দেওয়ার নিয়ম অনুসরণ করা উচিত। সম্ভব হলে ব্যাটারি সুরক্ষার জন্য ফোনের নির্ধারিত চার্জিং সীমা ব্যবহার করতে হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত