বিনোদন ইতিহাসের সব রেকর্ড ভাঙল ‘জিটিএ ৬’

আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ০৬:০৩ পিএম

বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাজারে এসেছে জনপ্রিয় ভিডিও গেম সিরিজ ‘গ্র্যান্ড থেফট অটো ৬’ (জিটিএ ৬)। মুক্তির প্রথম দিনেই বিক্রি ও আগাম অর্ডার মিলিয়ে ২ কোটি ৪৫ লাখের বেশি কপি বিক্রি হয়েছে গেমটির। এতে আয় হয়েছে প্রায় ২৩৬ কোটি ডলার। এর মধ্য দিয়ে বিনোদন জগতের ইতিহাসে সবচেয়ে বড় বাণিজ্যিক সাফল্যের নতুন রেকর্ড গড়তে যাচ্ছে গেমটি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বাজারে আসা গেমটি নিয়ে এমন তথ্য জানিয়েছে বাজার বিশ্লেষণকারী প্রতিষ্ঠান সেন্সর টাওয়ার। প্রতিষ্ঠানটির হিসাব অনুযায়ী, বিনোদন জগতের ইতিহাসে অন্যতম বড় ব্যবসায়িক সাফল্য হতে পারে জিটিএ ৬।

তুলনামূলকভাবে দেখা যায়, চলতি বছর এখন পর্যন্ত সর্বোচ্চ আয় করা সিনেমা ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ পুরো প্রদর্শনকাল মিলিয়ে প্রায় ২৫০ কোটি ডলার আয় করেছে।

গেমটির নির্মাতা প্রতিষ্ঠান রকস্টার এবং এর মূল প্রতিষ্ঠান টেক-টু ইন্টারঅ্যাকটিভ এখনো বিক্রির বিস্তারিত পরিসংখ্যান প্রকাশ করেনি। তবে গেমটির চাহিদাকে ‘নজিরবিহীন’ বলে উল্লেখ করেছে তারা।

প্রায় তিন দশক ধরে চলা রকস্টারের অপরাধভিত্তিক গেম সিরিজের সর্বশেষ সংস্করণ জিটিএ ৬। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্য থেকে অনুপ্রাণিত কাল্পনিক অঙ্গরাজ্য লিওনিডাকে কেন্দ্র করে তৈরি হয়েছে গেমটি। এতে নতুন দুই চরিত্র লুসিয়া ও তার সঙ্গী জেসনের গল্প তুলে ধরা হয়েছে। তারা দুজনই ছোটখাটো অপরাধের সঙ্গে জড়িত।

গেমটি তৈরিতে এক বিলিয়ন ডলারের বেশি ব্যয় হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সেন্সর টাওয়ারের পূর্বাভাস অনুযায়ী, জিটিএ ৬-এর জনপ্রিয়তার কারণে অন্যান্য সিঙ্গেল-প্লেয়ার গেমে খেলোয়াড়দের সময় কাটানোর হার ১০ শতাংশ পর্যন্ত কমতে পারে।

প্রতিষ্ঠানটির হিসাব বলছে, গেমটির মোট বিক্রির প্রায় ৭৫ শতাংশ হয়েছে প্লেস্টেশন ৫-এ। বাকি অংশ বিক্রি হয়েছে এক্সবক্সে।

অন্যদিকে, গেমবাজার গবেষণা প্রতিষ্ঠান নিকো পার্টনার্সের ধারণা, চলতি বছর বিশ্বজুড়ে জিটিএ ৬-এর বিক্রি তিন বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে। তবে মূল্যস্ফীতি সমন্বয়ের পর প্রায় ৪৫০ কোটি ডলার আয় করা ১৯৩৯ সালের সিনেমা ‘গন উইথ দ্য উইন্ড’-এর তুলনায় এ আয় কম থাকবে।

আগামী বছরগুলোতেও গেমটি থেকে রকস্টারের আয় বাড়ার সম্ভাবনা রয়েছে। কারণ, এখনো পিসি সংস্করণ প্রকাশের তারিখ জানায়নি প্রতিষ্ঠানটি। একই সঙ্গে অনলাইনে অন্য খেলোয়াড়দের সঙ্গে যুক্ত হয়ে বিভিন্ন মিশন সম্পন্ন করার সুযোগ থাকা মাল্টিপ্লেয়ার সংস্করণ নিয়েও কোনো ঘোষণা আসেনি।

২০১৩ সালে মুক্তি পাওয়া জিটিএ ৫-এর অভিজ্ঞতা বলছে, মাল্টিপ্লেয়ার সংস্করণ চালু হলে গেমটির জনপ্রিয়তা, খেলার সময় এবং আয়—সবই বাড়তে পারে।

বিভিন্ন সময়ে মুক্তির তারিখ পিছিয়ে যাওয়ায় জিটিএ ৬ নিয়ে খেলোয়াড়দের আগ্রহ আরও বেড়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় মধ্যরাতে বিভিন্ন অঞ্চলে গেমটি উন্মুক্ত হওয়ার পর অনেকেই রাত জেগে খেলেছেন। কেউ কেউ গেমটি খেলার জন্য পরদিন ছুটিও নিয়েছেন।

গেমটির ২১২ গিগাবাইটের ফাইল ডাউনলোড করতে গিয়ে খেলোয়াড়দের ব্যাপক উপস্থিতিতে ভার্জিন মিডিয়া ওটু সন্ধ্যার ইন্টারনেট ট্রাফিকের রেকর্ড ভেঙেছে।

তবে গেমটির সহিংস গ্রাফিক নিয়ে কিছু দেশে বিধিনিষেধ রয়েছে। জাপানে এর কয়েকটি অংশ সেন্সর করা হয়েছে। আর আগের সংস্করণগুলোর মতো জিটিএ ৬-ও চীনের মূল ভূখণ্ডে বিক্রির অনুমোদন পায়নি।

সর্বশেষ সর্বাধিক পঠিত