যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসরত প্রবাসী সাংবাদিক শাহাব উদ্দিন সাগরের প্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ‘সাগর ফাউন্ডেশন’ কর্তৃক কক্সবাজারের নবগঠিত মাতামুহুরী উপজেলায় ‘সাগর ফাউন্ডেশন মেধা বৃত্তি-২০২৬’ পুরস্কার পেয়েছে ৯০ শিক্ষার্থী।
শনিবার (২১ নভেম্বর) ঢেমুশিয়া ইউনিয়নের ছয়টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে উত্তর-পূর্ব ঢেমুশিয়া জামাল উদ্দিন আহমদ চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই বৃত্তির আয়োজন করা হয় এবং একইদিন ফলাফল প্রকাশ শেষে বৃত্তি পরীক্ষায় কৃতীসহ অংশ নেওয়া সকল শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
পরীক্ষায় অংশ নেয় তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণীর ৯০ শিক্ষার্থী। তাদের সকলকেই সনদপত্র এবং সাগর ফাউন্ডেশনের পক্ষ থেকে স্কুল ব্যাগ প্রদান করা হয়। এছাড়াও বৃত্তিপ্রাপ্ত ৩০ শিক্ষার্থী উপহার হিসেবে পায় আর্থিক অনুদান, মেডেল, সনদপত্র এবং স্কুল ব্যাগ। বেস্ট স্টুডেন্টকে দেওয়া হয়েছে ক্রেস্ট। অংশগ্রহণকারী স্কুলগুলোকেও দেওয়া হয়েছে সম্মাননা ক্রেস্ট।
এতে প্রধান অতিথি ছিলেন চকরিয়া ও মাতামুহুরী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন মুহাম্মদ আলমগীর। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বৃত্তি পরিচালনা কমিটির সভাপতি মো. আমান উল্লাহ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ও রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এরফানুল কবির, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল জব্বার, ভেওলা মানিকচর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলী আহমদ, ঢেমুশিয়া মোহছেনিয়া দাখিল মাদরাসার সুপার আবদুল মোমেন হেলালী, বেতুয়ারকূল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুল মন্নান, সিনিয়র সাংবাদিক চকরিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি এম আর মাহমুদ প্রমূখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিক শাহাব উদ্দিন সাগর একযুগ ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করলেও ভুলতে পারেননি নিজ জন্মস্থানকে। গ্রামীণ জনপদের কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে তার এই উদ্যোগ বেশ প্রসংশনীয়। শিক্ষার্থীদের মেধার বিকাশে আগামীতে পুরো উপজেলাজুড়ে এই উদ্যোগ ছড়িয়ে পড়ুক।
পুরস্কার বিতরণী অনুষ্ঠান চলাকালে ভার্চুয়ালি বক্তব্য দেন সাংবাদিক শাহাব উদ্দিন সাগর। এ সময় সাগরের পেশাগত কর্মজীবন, দেশের গণ্ডি পেরিয়ে সুদূর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে তার সামাজিক কর্মকাণ্ড, পেশাগত জীবনসহ তার কর্মস্পৃহা নিয়ে একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।
এ সময় সাগর ফাউন্ডেশন মেধা বৃত্তি পরীক্ষার পৃষ্ঠপোষক চকরিয়া প্রেসক্লাবের আজীবন সদস্য ও আমেরিকা থেকে প্রকাশিত বাংলা সংবাদপত্র সাপ্তাহিক নবযুগ সম্পাদক শাহাব উদ্দিন সাগর বলেন, ‘একযুগের বেশি সময় ধরে প্রবাস জীবনে রয়েছি, বিদেশ বিভুইয়ে থাকলেও কিন্তু নাড়ির সম্পর্কটা রয়েছে জন্মস্থান ঘিরে। সেই মনোবাসনা থেকে ঢেমুশিয়ার মতো একটি গ্রামীণ জনপদে মেধাবী শিক্ষার্থীদের প্রতিভা অন্বেষণের মাধ্যমে আলোকিত মানুষগড়ার অভিপ্রায়ে সাগর ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষার আনুষ্ঠানিকতা যাত্রা শুরু করেছে।’
তিনি বলেন, প্রথমবারের মতো অনুষ্ঠিত এই বৃত্তি পরীক্ষা ইউনিয়ন পর্যায়ে সীমাবদ্ধ থাকলেও আগামীতে পুরো উপজেলায় ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে। আমি চাই, সাগর ফাউন্ডেশন সব ভালো কাজের সঙ্গে জন্মভূমিতে মানুষের পাশে থাকুক, মানবিক কাজের সারথি হোক।