ইতালিতে সম্প্রতি নারী নির্যাতন ক্রমেই বাড়ছে। একের পর এক হত্যার শিকার হচ্ছেন নারীরা। এবার হত্যার শিকার হয়েছেন ২২ বছর বয়সী জুলিয়া সেচেটিন।সাবেক ছেলেবন্ধুর হাতে হত্যার শিকার হয়েছেন দেশটির বিশ্ববিদ্যালয় পড়ুয়া এই তরুণী। আর এই এ ঘটনা ইতালির নারীদের মনে জমা ক্ষোভ উগড়ে দিচ্ছে। ‘ফেমিসাইড’ বা নারী হত্যার এই অন্ধকার অধ্যায়ের অবসান দাবি করে মোমবাতি হাতে রাস্তায় নামছেন নারীরা।
নারী নির্যাতনের শোক-সমালোচনায় উত্তাল হচ্ছে ইতালি। এক বিক্ষোভকারী বলেন, ‘এই দানবরা আমাদের পুরুষতান্ত্রিক সমাজ ও ধর্ষণ সংস্কৃতির হৃষ্টপুষ্ট শিশু।’
এমনকি ইতালির প্রথম নারী প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিও তার দেশে সাবেক সঙ্গীদের হাতে নারী হত্যার ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন।
চলমান পরিস্থিতিতে নারী নির্যাতনের শাস্তি আরও কঠোর করতে গত বুধবার একটি আইন পাস করেছে সরকার। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানেও নারীর প্রতি সহিংসতা বন্ধে সচেতনা বৃদ্ধির পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে মেলোনি সরকার। যদিও সমালোচক ও নারীবাদীদের দাবি, ইতালি সরকার নারী নির্যাতনের বিরুদ্ধে যেসব পদক্ষেপ নিচ্ছে সেসব যথেষ্ট নয়।
