গ্রামীণ ব্যাংক পরিদর্শনে ইউসিটিসির বিবিএ শিক্ষার্থীরা

আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ০৯:১৪ পিএম

ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চিটাগাং (UCTC)-এর ব্যবসায় প্রশাসন বিভাগের উদ্যোগে বিবিএ প্রোগ্রামের ১২তম ব্যাচের (বর্তমানে ৬ষ্ঠ সেমিস্টার) শিক্ষার্থীদের নিয়ে গ্রামীণ ব্যাংকের চট্টগ্রামের খুলশী জোনাল অফিসে একটি শিল্প পরিদর্শন আয়োজন করা হয়।

Microfinance কোর্সের অংশ হিসেবে আয়োজিত এ পরিদর্শনের উদ্দেশ্য ছিল শ্রেণিকক্ষের তাত্ত্বিক জ্ঞান ও মাঠপর্যায়ের অভিজ্ঞতার সঙ্গে বাস্তব ক্ষুদ্রঋণ কার্যক্রমের সমন্বয় ঘটানো।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয় থেকে যাত্রার আগে ইউসিটিসির সম্মানিত উপাচার্য অধ্যাপক ড. জাহেদ হাসান শরীফ, রেজিস্ট্রার অধ্যাপক সালাহ উদ্দিন আহমেদ, ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান ড. আবু জাহিদ এবং মানবসম্পদ বিভাগের প্রধান ও ক্যাম্পাস সমন্বয়ক জনাব গিয়াস উদ্দিন এ উদ্যোগকে স্বাগত জানান এবং সফলতার জন্য শুভকামনা জানান।

কোর্স শিক্ষক প্রভাষক ওছমান মাছউদের নেতৃত্বে প্রভাষক উম্মে সালমা, প্রভাষক নুসরাত বিনতে কামাল এবং শিক্ষার্থীরা সকাল ১১টায় গ্রামীণ ব্যাংকের জোনাল অফিসে পৌঁছে আনুষ্ঠানিক কার্যক্রমে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. মো. মনজুরুল কবিরিয়া, উপাচার্য, বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এবং গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য। অনুষ্ঠানে শিক্ষার্থীদের স্বাগত জানান ও দিকনির্দেশনা প্রদান করেন গ্রামীণ ব্যাংক, চট্টগ্রামের AGM ও জোনাল ম্যানেজার মো. নজরুল ইসলাম সরকার।

এ সময় শিক্ষার্থীরা গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্রঋণ কার্যক্রম, দলভিত্তিক ঋণ প্রদান পদ্ধতি, ঋণ বিতরণ ও কিস্তি পরিশোধ প্রক্রিয়া এবং আর্থিক অন্তর্ভুক্তিতে ব্যাংকটির ভূমিকা সম্পর্কে বাস্তব ধারণা লাভ করেন। প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর পান, যা তাদের তাত্ত্বিক জ্ঞানকে বাস্তব অভিজ্ঞতার সঙ্গে সংযুক্ত করে।

প্রায় দুই ঘণ্টার এ কর্মসূচির সমাপনীতে ইউসিটিসি পরিবারের পক্ষ থেকে ড. মো. মনজুরুল কবিরিয়াকে একটি সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

শিক্ষার্থীদের বাস্তবভিত্তিক শিক্ষা ও পেশাগত দক্ষতা উন্নয়নে এ উদ্যোগ ইউসিটিসির একাডেমিক অঙ্গীকারের প্রতিফলন। বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জনাব মো. ওসমানের সহযোগিতা ও অনুপ্রেরণায় এ ধরনের শিক্ষামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত