তথ্য কমিশনকে কার্যকর করতে তথ্য অধিকার ফোরামের আহ্বান

আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ পিএম

তথ্য অধিকার আইনের যথাযথ বাস্তবায়ন এবং তথ্য কমিশনকে স্বাধীন, গতিশীল ও কার্যকর করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে তথ্য অধিকার ফোরাম। কমিশনারদের পদমর্যাদা, সুযোগ-সুবিধা, পর্যাপ্ত জনবল ও বাজেট নিশ্চিত করার পাশাপাশি একজন পূর্ণ সচিব নিয়োগেরও দাবি জানিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) নতুন তথ্য কমিশনের সঙ্গে সাক্ষাৎ করে এসব আহ্বান জানায় তথ্য অধিকার ফোরামের একটি প্রতিনিধি দল।

ফোরামের মতে, নাগরিকের তথ্যপ্রাপ্তি নিশ্চিত করার সর্বোচ্চ প্রতিষ্ঠান হিসেবে তথ্য কমিশনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আইনে প্রদত্ত ক্ষমতাবলে কমিশন দেওয়ানি আদালতের মতো ক্ষমতা প্রয়োগ করে অভিযোগ অনুসন্ধান ও নিষ্পত্তি করতে পারে। প্রয়োজনে জরিমানা আরোপ এবং বিভাগীয় শাস্তির সুপারিশও করতে পারে।

ফোরাম জানায়, তথ্য কমিশনারদের অপসারণের কারণ ও পদ্ধতি সুপ্রিম কোর্টের বিচারকদের অপসারণের কারণ ও পদ্ধতির অনুরূপ। এ কারণে প্রধান তথ্য কমিশনার ও কমিশনারদের পদমর্যাদা, পারিশ্রমিক, ভাতা এবং অন্যান্য সুযোগ-সুবিধা যথাক্রমে আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারকদের সমপর্যায়ে নির্ধারণ করা প্রয়োজন। বিভিন্ন সময়ে তাঁদের পদমর্যাদায় ভিন্নতা থাকলে অভিযোগকারী ও তথ্য সরবরাহকারীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়। পাশাপাশি অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সহযোগিতা নিশ্চিত করতেও এ পদমর্যাদা বাস্তবায়ন জরুরি।

তথ্য কমিশন পেশাদারত্বের সঙ্গে পরিচালনা, জনসচেতনতা সৃষ্টি এবং বিশেষ করে বিচারিক কার্যক্রম পরিচালনার জন্য পর্যাপ্ত জনবল ও বার্ষিক বাজেট বরাদ্দের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেছে ফোরাম। একই সঙ্গে কমিশনের সাচিবিক দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য তথ্য অধিকার আইন সম্পর্কে অভিজ্ঞ ও আইনটির প্রতি সংবেদনশীল একজন পূর্ণ সচিব নিয়োগের আহ্বান জানিয়েছে সংগঠনটি।

নতুন তথ্য কমিশনকে স্বাগত জানিয়ে ফোরাম বলেছে, কমিশনকে স্বাধীন ও কার্যকরভাবে পরিচালনার ক্ষেত্রে প্রয়োজনীয় কারিগরি সহযোগিতা দিতে তারা প্রস্তুত।

তথ্য অধিকার ফোরামের পক্ষ থেকে আরও যারা একমত পোষণ করেছেন, তারা হলেন—সুশাসনের জন্য নাগরিকের (সুজন) প্রতিষ্ঠাতা সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, কোস্ট ট্রাস্টের নির্বাহী পরিচালক রেজাউল করিম চৌধুরী, বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ, বিএনএনআরসির প্রধান নির্বাহী কর্মকর্তা এইচ এম বজলুর রহমান, নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন, আইসোশ্যালের নির্বাহী চেয়ারপারসন ড. অনন্য রায়হান, ব্লাস্টের অবৈতনিক নির্বাহী পরিচালক ব্যারিস্টার সারা হোসেন, রূপান্তরের নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম খোকন, মিডিয়া রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভের (এমআরডিআই) নির্বাহী পরিচালক হাসিবুর রহমান, রিসার্চ ইনিশিয়েটিভ বাংলাদেশের (রিইব) সদস্য ও উপপরিচালক রুহী নাজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যুরো অব ইকোনমিক রিসার্চের টোব্যাকো ট্যাক্স প্রকল্পের পরিচালক হামিদুল ইসলাম হিল্লোল।

সর্বশেষ সর্বাধিক পঠিত